দুই দলের দুই রকম চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক দলের লক্ষ্য শিরোপা পুনরুদ্ধার। আরেক দল চায় শিরোপা ধরে রাখতে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ শুরু জাতীয় লিগের পাঁচ দিনের ফাইনালটা তাই খুলনা আর রাজশাহীর জন্য দুই রকমের চ্যালেঞ্জ।জাতীয় লিগে এখন পর্যন্ত দুবারের চ্যাম্পিয়ন খুলনা (২০০২-০৩ ও ২০০৭-০৮)। তিন মৌসুম পর আবার তাদের চোখে শিরোপা-স্বপ্ন। কিন্তু সামনে যে প্রবল প্রতিপক্ষ রাজশাহী। ঢাকার সঙ্গে জাতীয় লিগে এখন পর্যন্ত সবচেয়ে বেশি চারবারের চ্যাম্পিয়ন তারা। এর সঙ্গে যদি যোগ করেন গত তিন মৌসুমের ফল, দেশের একমাত্র প্রথম শ্রেণীর ক্রিকেটে রাজশাহীর একচ্ছত্র আধিপত্যই দেখবেন। গতবার হ্যাটট্রিক শিরোপা জেতা রাজশাহীর সামনে এবার টানা চতুর্থ শিরোপার হাতছানি।রাজশাহীর অধিনায়ক ফরহাদ রেজার আত্মবিশ্বাসের কমতি নেই। সর্বশেষ ম্যাচে সিলেটের বিপক্ষে জয় সেটা আরও বাড়িয়ে থাকবে। প্রথম ও দ্বিতীয় পর্বের ১০ ম্যাচে সবচেয়ে বেশি সাতটি জয় পেয়েছে তার দলই। রাজশাহীর এই সাফল্য একটু অবাক করাই, কারণ রংপুর বিভাগ নতুন দল হিসেবে আত্মপ্রকাশ করায় পুরোনো অনেক খেলোয়াড়ই তারা হারিয়েছে। তার পরও দলটার আগের চেহারা ধরে রাখার রহস্য ব্যাখ্যা করলেন ফরহাদ, ‘রংপুর শুধু না, মাঝখানে “এ” দলে খেলতেও আমিসহ অনেকে চলে গিয়েছিলাম। রাজশাহী তখনো ভালো খেলেছে। পুরোনো অনেক খেলোয়াড় না থাকলেও আমাদের ভালো ব্যাকআপ খেলোয়াড় ছিল। আগে যারা সুযোগ পায়নি তারা এখন সুযোগ পেয়ে ভালো খেলছে।’ফাইনালের প্রতিপক্ষ খুলনাকে তার পরও হালকাভাবে নিচ্ছেন না রাজশাহী অধিনায়ক। বিশেষ করে সর্বশেষ ম্যাচে খুলনার ব্যাটসম্যানদের সাফল্য ভাবনায় ফেলে দিয়েছে ফরহাদকে, ‘খুলনার ব্যাটিং অনেক শক্তিশালী। আমাদের বোলারদের জন্য এটাই বড় চ্যালেঞ্জ। তা ছাড়া এবার জাতীয় লিগের উইকেটগুলোও বেশ ব্যাটিং-সহায়ক।’খুলনার মূল শক্তি যদি হয় ব্যাটিং, রাজশাহীর দলীয় চেতনা। প্রতিপক্ষ অধিনায়ক হিসেবে এই মূল্যায়নটা খুলনার তুষার ইমরানের, ‘রাজশাহী খুবই ভালো দল। প্রথম পর্ব থেকে চতুর্থ দল হিসেবে দ্বিতীয় পর্বে উঠলেও এখন ফাইনালে। দলটা এবার ভাঙলেও ভালো ব্যাকআপ খেলোয়াড় আছে তাদের। টিম স্পিরিটও দারুণ। সবাই সর্বস্ব দিয়ে খেলে।’ তবে ফাইনালের আগে একটা জায়গায় তুষার এগিয়ে রাখছেন নিজেদেরই। প্রথম ও দ্বিতীয় পর্বে দুবার মুখোমুখি হয়ে দুবারই জিতেছে খুলনা। সঙ্গে যোগ হয়েছে গত ম্যাচ থেকে পাওয়া আত্মবিশ্বাস, ‘সবাই রানের মধ্যে আছে—এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। ওয়ানডে, টি-টোয়েন্টি মিলে মাঝখানে সবাই সাদা বলেই খেলেছে বেশি। অনেক দিন পর লাল বলের খেলায় ফিরেও সবাই ভালো ব্যাটিং করছে। এটা আমাদের জন্য ইতিবাচক।’ তবে একটা অতৃপ্তিও আছে খুলনা অধিনায়কের। লিগ পর্বে সবার ওপরে থেকেও কেন তাদের ফাইনাল খেলতে হচ্ছে, সেটাই বুঝতে পারছেন না তুষার, ‘অদ্ভুত নিয়ম। পয়েন্টের খেলায় আবার ফাইনাল কী? এর আগে রাজশাহীকেও এই সমস্যায় পড়তে হয়েছিল। আমার মতে লিগ পর্বে যাদের পয়েন্ট বেশি হবে তাদেরই চ্যাম্পিয়ন ঘোষণা করা উচিত।’প্রথম ও দ্বিতীয় পর্বের ম্যাচগুলো চার দিনের হলেও ফাইনাল পাঁচ দিনের। বিটিভি ওয়ার্ল্ডের মাধ্যমে ম্যাচটি সরাসরি দেখা যাবে বিশ্বের ১৩৫টি দেশ থেকে। চ্যাম্পিয়ন দল পাবে ২০ লাখ টাকা ও রানার্সআপ ১০ লাখ টাকা। ফাইনালের সেরা খেলোয়াড়ের পুরস্কার ২০ হাজার টাকা, টুর্নামেন্টের ১ লাখ। পুরস্কারগুলো ফাইনালের পর ঘোষণা হলেও সর্বোচ্চ রান-উইকেটের হিসাবে যোগ হবে না ফাইনালের পারফরম্যান্স। জাতীয় লিগে এবার সর্বোচ্চ ৮০১ রান করেছেন ঢাকা মহানগরের আসিফ আহমেদ। সবচেয়ে বেশি ৫৯টি উইকেট পেয়েছেন সিলেটের বাঁহাতি স্পিনার এনামুল হক। দুজনই পাবেন ৫০ হাজার টাকা করে পুরস্কার।