দুই দলের দুই রকম ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের উন্মুক্ত মিডিয়া সেশন রূপ নিল সংবাদ সম্মেলনের। খুব একটা খোশমেজাজে ছিলেন না রোহিত, অশ্বিন, রাহানে ও কোহলি  প্রথম আলো
ভারতের উন্মুক্ত মিডিয়া সেশন রূপ নিল সংবাদ সম্মেলনের। খুব একটা খোশমেজাজে ছিলেন না রোহিত, অশ্বিন, রাহানে ও কোহলি প্রথম আলো

আইসিসিকে অনেকেই ব্যঙ্গ করে ‘ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল’ বলে ডাকেন। বিশ্ব ক্রিকেট কাঠামোর খোলনলচে পাল্টে দেওয়া সাম্প্রতিক প্রস্তাব কৌতুকটিকে অলিখিতভাবে একরকম প্রতিষ্ঠাই দিয়েছে। বিসিসিআইয়ের প্রভাব নানা জায়গায় ফুটে ওঠে। দাপট দেখা গেল এমনকি উন্মুক্ত মিডিয়া সেশনেও!
আইসিসি টুর্নামেন্টগুলোয় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের বাইরেও উন্মুক্ত মিডিয়া সেশন বলে একটা বিষয় থাকে। কয়েকটি টেবিলে ভাগাভাগি হয়ে বসেন সংবাদকর্মীরা। আর প্রতি দলের তিন-চারজন ক্রিকেটার একজন একজন করে পর্যায়ক্রমে কথা বলেন প্রতি টেবিল ঘুরে ঘুরে। কিন্তু ভারতীয় দলের জন্য আলাদা ব্যবস্থা। টেবিল থেকে টেবিলে ঘোরাফেরার ব্যাপারটি মনে হয় পছন্দ হয়নি তাঁদের। বিরাট কোহলি, রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিন ও অজিঙ্কা রাহানে—চারজন একসঙ্গে এসে বসলেন পাশাপাশি। উন্মুক্ত মিডিয়া সেশনের বদলে সেটা হয়ে গেল আরেকটি সংবাদ সম্মেলন!
উন্মুক্ত মিডিয়া সেশনের মতো আলাদাভাবে প্রশ্ন করার সুযোগ যেহেতু নেই, বেশির ভাগ প্রশ্ন হলো দলকেন্দ্রিক। আরও নির্দিষ্ট করে বললে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে। সহ-অধিনায়ক হিসেবে বেশির ভাগ উত্তরই দিলেন কোহলি। কোহলিদের আধঘণ্টা আগেই সংবাদ সম্মেলন করে গেছেন পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ হাফিজ। সেটিরও একটি বড় অংশজুড়ে ছিল ভারত-পাকিস্তান ম্যাচ। ২১ মার্চের ওই ম্যাচের আগে টুর্নামেন্ট শেষ হয়ে যাবে ছয়টি দলের। বাংলাদেশের বিশ্বকাপ আজ শুরু হয়ে শেষও হয়ে যেতে পারে। কিন্তু বাকি ক্রিকেট-বিশ্ব আপাতত যেন ওই ভারত-পাকিস্তান ম্যাচেই বুঁদ। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দিয়েই শুরু হবে মূলপর্ব।
তবে মাঠের বৈরিতার মতো এই ম্যাচ নিয়ে দুই দলের ভাবনাও আপাতত দুই প্রান্তে। হাফিজের কাছে এর চেয়ে বড় ম্যাচ আর নেই। কোহলি এটিকে খুব বড় ম্যাচ ভাবতেই নারাজ। সবচেয়ে চাপের ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু হচ্ছে বলে খুশি হাফিজ। কোহলি এই ম্যাচকে আলাদা করেই ভাবতে চান না! তবে কোহলি মুখের কথাটা মনের কথা কি না সেই নিশ্চয়তাও তো নেই! হয়তো চাপটাকে চেপে বসতে না দিতেই এসব বলছেন।
এক হাতে এক দলা কাপড়, আরেক হাতে পানীয় নিয়ে, সদ্য বিছানা ছেড়ে উঠে আসা চোখে কোহলি বললেন, ‘বিশ্বকাপে আমরা কখনো পাকিস্তানের কাছে হারিনি। তবে আমরা কখনোই রেকর্ড দেখি না। এই ম্যাচকে আলাদা কিছু বা খুব বড় করেও দেখতে চাই না। হাইপটা তোলে আসলে মিডিয়া, আমজনতা।’
অথচ নিরুত্তাপ কণ্ঠের ‘আমজনতার হাইপ’ তত্ত্বের খানিক আগে রোমাঞ্চের কথা শুনিয়ে গেছেন হাফিজ, ‘ভারত-পাকিস্তান ম্যাচ সব সময়ই ভীষণ চাপের। আর সেটার দারুণ মজাও আছে। আগেও বলেছি, প্রথম ম্যাচে ভারতকে পেয়ে আমি ভীষণ খুশি। এমন চাপের ম্যাচ জিতে শুরু করতে পারলে পরের পথচলাটা সহজ হয়ে যায়। ভারতের বিপক্ষে খেলা সব সময়ই দারুণ প্রেরণার। সব সময়ই উপভোগ করি, আমরা সবাই রোমাঞ্চিত।’
হাফিজ যেখানে রোমাঞ্চিত, সেখানেই নির্লিপ্ত কোহলি, ‘প্রতিপক্ষ যে দলই হোক, আমাদের প্রস্তুতি, মানসিকতা একই থাকে। অন্য সব ম্যাচের মতো এখানেও জিততে হলে রান করতে হয়, উইকেট নিতে হয়। পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপ রেকর্ড অক্ষত রাখতে মাঠে নামব না আমরা। নামব জয়ের জন্য, আর সব ম্যাচের মতোই।’
উল্টো দিকে হাফিজের ভেতরে বারুদের উত্তেজনা, ‘২০১২ সালে আমরা যখন ভারতে গেলাম, মনে আছে বেঙ্গালুরুতে প্রথম ম্যাচে আমরা চার-ছয় মারলেই গ্যালারিতে পিনপতন নীরবতা নামত। এসব আমাদের আরও তাতিয়ে দিয়েছিল। পুরো গ্যালারিকে চুপ করিয়ে দেওয়া অনেক বড় একটা প্রেরণা। এটি একটি উদাহরণ। ক্রিকেটার হিসেবে আমরা এই ম্যাচকে সব সময়ই উপভোগ করি।’
আপাতত হাফিজের কথাকেই মনে হচ্ছে সত্যকথন। বাস্তবতার নিক্তিতে মাপা যাচ্ছে না কোহলির কথা। ক্রিকেট-বিশ্বের যেকোনো প্রান্তেই ভারত-পাকিস্তান লড়াই অনেক সময় ফাইনালের চেয়েও বড় ‘ব্লকবাস্টার’!