দুই দলের দুই সমস্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবার আগে নেটে আইজাজ চিমা। এরপর সাঈদ আজমল, উমর গুল। পাকিস্তানের কালকের নেট সেশন যেন ১৯৩৬-৩৭ অ্যাশেজের মেলবোর্ন টেস্ট! বৃষ্টিভেজা উইকেট থেকে সেরা ব্যাটসম্যানদের আড়াল করতে সেবার দারুণ এক চাল চেলেছিলেন ডন ব্র্যাডম্যান। অস্ট্রেলিয়ান অধিনায়ক দ্বিতীয় ইনিংসে উল্টে দিয়েছিলেন ব্যাটিং-অর্ডার! প্রথম ইনিংসের ৯, ১০ ও ১১ নম্বর ব্যাটসম্যান বিল ও’রিলি, চাক ফ্লিটউড-স্মিথ ও ফ্রাঙ্ক ওয়ার্ড ব্যাট করেছিলেন শুরুতে! শেষ পর্যন্ত এটাই প্রমাণিত হয়েছিল মোক্ষম চাল। ৯৭ রানে ৫ উইকেট হারিয়েছিল অস্ট্রেলিয়া, কিন্তু ততক্ষণে উইকেট শুকিয়ে গিয়েছিল। সেরা দুই ব্যাটসম্যান জ্যাক ফিঙ্গলটন আর ডন ব্র্যাডম্যান ৬ ও ৭ নম্বরে নেমে গড়েছিলেন ৩৪৬ রানের জুটি!মিসবাহ-উল-হকের ভাবনাটা জানা যায়নি। তবে হতে পারে, ওপরের ব্যাটসম্যানদের দুর্দশা দেখে তৈরি রাখছেন ব্যাটিংয়ের লেজকে! দুই ম্যাচই জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলের জন্য কঠোর বাস্তবতাও তো এই যে, তাদের ব্যাটিং বড্ড নাজুক। ঠিক উল্টো সমস্যা ভারতের। মাঠে নামার আগে থেকেই ভারতের বোলিং আক্রমণ নিয়ে ছিল নানা সংশয় ও প্রশ্ন। দুই ম্যাচ শেষে সেই সংশয় অনেকটাই হাহাকারে রূপান্তরিত!এমন নয় যে সমস্যাটা হুট করে দেখা দিয়েছে, দুই দলেরই এটা চিরায়ত সমস্যা। তবে ঐতিহ্যগতভাবেই বোলিং দিয়ে ব্যাটিং ঘাটতি ঢেকে দিতে পেরেছে পাকিস্তান, দুর্দান্ত ব্যাটিং দিয়ে বোলিং-দুর্বলতা আড়াল করে আসছে ভারত। দূর অতীতে না তাকিয়ে নজর দেওয়া যাক সাম্প্রতিক অতীতে। বোলিং-দুর্বলতা নিয়েই বিশ্বকাপ জিতে ফেলেছে ভারত, ব্যাটিং-দুর্বলতা নিয়েই গেল বছরটা জয়-হারের হিসাবে ওয়ানডেতে পাকিস্তানের ইতিহাস-সেরা।প্রথম দুই ম্যাচে পাকিস্তানের ব্যাটিং খুব যে খারাপ ছিল, তা নয়। তবে ভঙ্গুরতা ফুটে উঠেছে স্পষ্টই। বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে উদ্বোধনী জুটিতে মোহাম্মদ হাফিজ ও নাসির জামশেদের ১৩৫ রানের পর ধসে পড়ে মিডল-অর্ডার। ৩৮ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে পথ হারানো দল ২৬২ তুলতে পেরেছিল লোয়ার-অর্ডারের দৃঢ়তায়। পরের ম্যাচে ধস শুরুতেই। ৩৩ রানে ৩ উইকেট নেই! এবার উদ্ধার মিডল-অর্ডারে মিসবাহ-আকমলের ১৫২ রানের জুটিতে। অলরাউন্ডার হাফিজ অবশ্য এর মাঝেও খুঁজে পেলেন ইতিবাচক দিক, ‘কখনো টপ-অর্ডার, কখনো মিডল-অর্ডার রান পাচ্ছে, এটা তো একদিক থেকে দলের জন্য ভালোই। বোঝা যাচ্ছে, অনেকেই রানের মধ্যে আছে।’ ভারতের বোলিংয়ের মূল সমস্যা বৈচিত্র্যের অভাব। দুই ম্যাচে যে চার পেসার খেলেছেন, সবাই প্রায় একই রকম। চারজনের কেউই ঠিক বহু অস্ত্রে সুসজ্জিত নন। একজনও গতিময় নন, সুইয়েংই নির্ভরতা। এই উইকেটে সুইংয়ের দেখা মিলবে কীভাবে! শুরুতে উইকেটের দেখা না পেলে বা প্রতিপক্ষ মোটামুটি ভালো অবস্থানে চলে গেলে অসহায় হয়ে যান এঁরা সবাই। ডানহাতি-বাঁহাতি হলেও দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার ধরন একই। কেউই খুব বেশি স্পিন করাতে পারেন না, নির্ভরতা গতিবৈচিত্র্যে। এ ধরনের স্পিনারের একটা সমস্যা, ধারাবাহিকতার নিশ্চয়তা নেই। অশ্বিন যেমন প্রথম ম্যাচে ৩ উইকেট নিয়ে খেলার মোড় ঘুরিয়ে দিয়েছিলেন, কিন্তু বাংলাদেশের বিপক্ষে হয়েছেন নাস্তানাবুদ। খণ্ডকালীন দুই বোলার সুরেশ রায়না ও রোহিত শর্মা মিলে তাই দুই ম্যাচে বোলিং করেছেন ৮ ও ৯ ওভার।অবশ্য অস্ত্র যখন এই, হা-হুতাশ করেই বা কী লাভ! যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে এ নিয়েই। ভারতীয় ব্যাটিংয়ের সঙ্গে পাকিস্তানি বোলিংয়ের জোর লড়াই হবে। তবে দুর্বলতার জায়গাটায় উন্নতির ছাপ বেশি রাখতে পারবে যে দল, শেষ হাসি হাসবে হয়তো তারাই!