দুই দলের মিউজিক্যাল চেয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে মিউজিক্যাল চেয়ার খেলছে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা। চেয়ারে এই দক্ষিণ আফ্রিকা বসে তো তাদের সরিয়ে আবার চেয়ার দখল করে ইংল্যান্ড। পরশু চেয়ারটাতে বসেছে ইংল্যান্ড। তবে আজকের ম্যাচে দক্ষিণ আফ্রিকা জিতলে ইংল্যান্ডকে উঠে যেতে হবে চেয়ার থেকে।পরশু ওভালে হওয়া তৃতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ৪ উইকেটে হারিয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ফিরে পেয়েছে ইংল্যান্ড। কিন্তু এটা হতে পারে খুবই ক্ষণস্থায়ী। আজ দক্ষিণ আফ্রিকা জিতলে আবার শীর্ষে উঠবে তারাই। এরপর ইংল্যান্ড জিতলে আবারও ইংল্যান্ড।ইংল্যান্ডের পরশুর জয় সিরিজে সমতাও এনেছে ১-১-এ। দক্ষিণ আফ্রিকার ২১১ রানের জবাবে ৬ উইকেট হারিয়ে ২ ওভার বাকি থাকতে ম্যাচ জিতেছে স্বাগতিক দল। ম্যাচ শেষে ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুকের মুখে ছিল দলীয় সংহতির জয়গান, ‘বোলিংটা খুবই ভালো হয়েছে। জেড ভালো করল, উইকেট নিতে পারে এমন একজন বোলার দরকার ছিল আমাদের। সে সেটা করেছে। আর ব্যাটসম্যানদের জন্য এই উইকেটে খুব বেশি কিছু করার ছিল না। তার পরও এউইন (মরগান) এবং জোনাথন (ট্রট) দুটো ভালো ইনিংস খেলেছে।’ ৬৪ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পরও ইংল্যান্ডকে জয়ের পথ দেখিয়েছে চতুর্থ উইকেটে জোনাথন ট্রট (৭১) আর এউইন মরগানের (৭৩) ১০৮ রানের জুটি।অন্যদিকে ম্যাচ শেষে ৩০-৪০ রান কম হয়ে যাওয়ার আক্ষেপ দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের কণ্ঠে। কাঠগড়ায় দাঁড় করালেন নিজেকেও, ‘আশা ছিল, ২৫০ রান করব আমরা। কিন্তু আমিসহ বেশির ভাগ সিনিয়র খেলোয়াড়ই গেল আর ফিরে এল। আমি তো খুবই বাজে একটা শট খেলেছি।’ এএফপি, ওয়েবসাইট।