দুই দলের মুখেই মালিঙ্গার নাম
হঠাৎই অবসরে যাওয়া শহীদ আফ্রিদি আবার পাকিস্তান দলে ফিরেছেন। আজ দুবাইতে শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নতুন অধ্যায় শুরু করছেন। আফ্রিদির সঙ্গে দলে ফিরেছেন আবদুল রাজ্জাকও।তবে এই দুজন নন, দুই দলের অধিনায়কের দৃষ্টিতেই ওয়ানডে সিরিজের বড় চরিত্রের নাম লাসিথ মালিঙ্গা। শ্রীলঙ্কার অধিনায়ক তিলকরত্নে দিলশানের সঙ্গে পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল-হকও একমত, মালিঙ্গাই প্রথম ওয়ানডেতে দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দেবেন।‘মালিঙ্গা দুর্দান্ত এক বোলার। সে পার্থক্য গড়ে দিতে পারে। আমরা অতীতে তার বিপক্ষে খুবই ভালো খেলেছি। কিন্তু তাকে দলে পেয়ে তারা (শ্রীলঙ্কা) এগিয়ে আছে’—বলেছেন মিসবাহ।দিলশানের চোখে মালিঙ্গা তাঁর দলের এক সম্পদ, ‘লাসিথ শ্রীলঙ্কার অন্যতম সম্পদ। ও বিশ্বের অন্যতম গ্রেট বোলার। সিরিজে ওর ফেরাটা দলের জন্য সুসংবাদ।’ মালিঙ্গা ছাড়াও শ্রীলঙ্কাকে আত্মবিশ্বাস জোগাচ্ছে শেষ টেস্ট, যাতে চালকের আসনে থেকে তারা ড্র করেছে। টেস্ট সিরিজ জয়ী পাকিস্তানের আত্মবিশ্বাস স্বাভাবিকভাবেই একটু বেশি থাকার কথা। পাকিস্তান অধিনায়ক এটাও বলছেন, আফ্রিদি আর রাজ্জাক ফেরায় তাঁর দলেরও শক্তি বেড়েছে, ‘আফ্রিদি, রাজ্জাক দুজনই দলকে শক্তিশালী করেছে। আমরা জানি, শ্রীলঙ্কা ভালো দল। কিন্তু আমরাও প্রস্তুত।’ওয়ানডেতে আইসিসির নতুন নিয়ম আলোর মুখ দেখেছে কদিন আগেই শেষ হওয়া বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে। এই সিরিজ দিয়ে পাকিস্তান-শ্রীলঙ্কাও পরিচিত হচ্ছে নতুন নিয়মের সঙ্গে। তবে নতুন নিয়মের সঙ্গে মানিয়ে খেলতে সমস্যা হবে না বলেই মনে করছে দুই দল ।দুই দলকে সিরিজ জয়ের তাড়না দিচ্ছে র্যাঙ্কিংও। পাঁচ ম্যাচ সিরিজটি ৪-১ কিংবা আরও বড় ব্যবধানে জিতলেই শুধু নিজেদের দুই নম্বর আসনটি ধরে রাখতে পারবে শ্রীলঙ্কা। পাকিস্তান ৪-১ ব্যবধানে জিতলে ষষ্ঠ স্থান থেকে উঠে যাবে পঞ্চমে। আর ৫-০ করতে পারলে দুই সিঁড়ি ডিঙিয়ে মিসবাহর দলের জায়গা হবে চারে।সিরিজের পরের চারটি ওয়ানডে ১৪, ১৮, ২০ ও ২৩ নভেম্বর। একমাত্র টি-টোয়েন্টিটি ২৫ নভেম্বর। ওয়েবসাইট।