দুই দলের ‘স্পেশাল ওয়ান’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘স্পেশাল ওয়ান’ শব্দ দুটিকে ইংল্যান্ডের ফুটবলে উপহার দিয়েছিলেন হোসে মরিনহো। পর্তুগিজ এই কোচ ইংল্যান্ডের ফুটবলে আর নেই। তবু শব্দ দুটি ঘুরেফিরে মাঝেমধ্যেই আসে। আজ আবার যেমন চলে আসছে। ইংল্যান্ডের ফুটবলে মরিনহোর একসময়কার প্রবল প্রতিপক্ষ অ্যালেক্স ফার্গুসনই শব্দ দুটি আজ আবার মনে করিয়ে দিলেন। ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের আজকের ম্যাচটিকে তিনি অ্যাখ্যা দিয়েছেন ‘স্পেশাল ওয়ান’ বলে।ইংল্যান্ডের সর্বোচ্চ লিগে একসময় একচ্ছত্র আধিপত্য ছিল লিভারপুলের। সবচেয়ে বেশি শিরোপাজয়ী দলও ছিল ‘অল রেড’রা। তাদের এই কৃতিত্বে ভাগ বসিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। দুটি দলই ইংল্যান্ডের সর্বোচ্চ লিগ জিতেছে ১৮ বার করে। কিন্তু লিভারপুল আর সেই লিভারপুল নেই। গত মৌসুমে হাড্ডাহাড্ডি লড়াই করে ম্যানইউ যখন দ্বিতীয় স্থানে থেকে লিগ শেষ করেছে, লিভারপুল হয়েছে সপ্তম। তবে ম্যানইউ কোচ ফার্গুসন এখনো লিভারপুলকে বড় প্রতিপক্ষেরই সম্মান দেন, ‘এখনো লিভারপুল বড় দলই আছে। প্রতিপক্ষ হিসেবেও তারা অনেক কঠিন।’আসলে ইতিহাস আর পুরোনো প্রতিদ্বন্দ্বিতা ভুলতে পারছেন না ফার্গুসন। প্রায় দুই যুগ আগে ফার্গুসন যখন ম্যানইউর দায়িত্ব নেন, তখন থেকেই তিনি স্বপ্ন দেখতেন একদিন লিভারপুলকে ছাড়িয়ে যাবে তাঁর দল। লিভারপুলের বিপক্ষে যেকোনো ম্যাচই তাই তাঁর কাছে ছিল বাড়তি প্রেরণা। আজও সেটা ভুলতে পারেন না ফার্গুসন। আজকের ম্যাচের আগেও তাই ফার্গুসনের চোখে আর অনুভূতিতে ইতিহাস খেলা করে, ‘ইতিহাস বিবেচনায় লিভারপুলের বিপক্ষে ম্যাচ আমাদের জন্য সব সময়ই বড় ম্যাচ। এটা আমি সব সময়ই বলি।’ইতিহাসের ব্যাপারটি তো আছেই। মাঠের লড়াইয়ের দিক থেকেও ইংল্যান্ডের ফুটবলে এটি বড় ম্যাচ। তবে এই বড় ম্যাচের আগে আজ স্পষ্টভাবে এগিয়ে রাখা যায় না কোনো দলকেই। ম্যানইউ যেমন নিজেদের মাঠে খেলার সুবিধাটা পাবে, লিভারপুলের তেমনি ভালো কিছু করার প্রেরণা দুই দিন আগেই ইউরোপা লিগে স্টুয়া বুখারেস্টের বিপক্ষে ৪-১ গোলের জয়টি।ম্যানইউ-লিভারপুল ম্যাচ ছাড়া ইউরোপের ফুটবলে আজ তেমন কোনো বড় ম্যাচ নেই। ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসি নিজেদের মাঠে খেলবে নবাগত ব্ল্যাকপুলের বিপক্ষে। আর স্প্যানিশ লিগে বার্সেলোনা যাচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদের চ্যালেঞ্জ জিততে। আগের ম্যাচে নবাগত হারকিউলিসের কাছে ঘরের মাঠে হারের জ্বালা জুড়াতে জয়টা কাজ করবে টনিকের মতো। কিন্তু লিগের শীর্ষে থাকা ফোরলান-আগুয়েরোর অ্যাটলেটিকোর বিপক্ষে মোটেই সহজ কাজ নয় সেটা।অ্যাটলেটিকোর মাঠে এই ম্যাচটি বার্সেলোনার কাছে অন্য এক দিক দিয়েও অর্থবহ। গত পরশু বার্সেলোনায় লিওনেল মেসির এক দশক পূর্ণ হয়েছে। মেসির দশকপূর্তিটা রঙিন করতে তাঁর সতীর্থরা নিশ্চয়ই চাইবেন তাঁকে একটা জয় উপহার দিতে। এএফপি।