প্রথম দুই ম্যাচেই জিতেছে সিলেট রয়্যালস। খুলনা রয়েল বেঙ্গলসের ক্ষেত্রে ব্যাপারটা উল্টো। হেরেছে প্রথম দুই ম্যাচেই। কাল নিজেদের মাঠেও ভাগ্য বদলাতে পারল না দলটা। সিলেট রয়্যালসকে টানা তৃতীয় জয় উপহার দিয়ে খুলনা হেরেছে ৬ উইকেটে।বিপিএলের দুর্ভাগ্য, খুলনার মাঠে খুলনা রয়েল বেঙ্গলসও পারেনি গ্যালারিতে দর্শক টানতে। ‘স্বাগতিক’ দলের খেলা দেখতে কাল মাঠে আসা দর্শকের সংখ্যাটা হাজার দেড়েকের বেশি হওয়ার কথা নয়। তাদেরও হতাশ হয়ে বাড়ি ফিরতে হলো। ওপেনার লু ভিনসেন্ট আর রিকি ওয়েসেলসের অবদানে খুলনা করেছিল ৭ উইকেটে ১৪৫। যে স্কোর হেসেখেলে পেরিয়ে গেল সিলেট। দুই ওপেনার হ্যামিল্টন মাসাকাদজা-পল স্টার্লিং মিলেই অর্ধেকটা পথ পাড়ি দিয়ে ফেললেন।চার ছক্কা ও তিন বাউন্ডারিতে স্টার্লিংয়ের ১৪ বলে ৩৮ রানের ঝোড়ো ইনিংসের পর মমিনুলকে নিয়ে এক শ পেরিয়ে যান মাসাকাদজা। ৩০ বলে ৫২ রান করেছেন, তবে ম্যাচ জিতিয়ে ফিরতে পারেননি। অধিনায়ক মুশফিকুর রহিমকেই করতে হয়েছে সেটা। সিলেটের ১১০ রানের সময় পেসার শাপুর জাদরান উপড়ে ফেলেন মাসাকাদজার স্টাম্প। নবীও ফিরে যান ১২৭ রানে। চিগুম্বুরাকে নিয়ে বাকি আনুষ্ঠানিকতাটুকু সেরেছেন অধিনায়ক।সিলেট রয়্যালস ছাড়া এবারের বিপিএলে টানা তিন ম্যাচে জিতেছে আর একটি দলই—গতবারের চ্যাম্পিয়ন ঢাকা গ্ল্যাডিয়েটরস। সংক্ষিপ্ত স্কোরখুলনা রয়েল বেঙ্গলস: ২০ ওভারে ১৪৫/৭ (ভিনসেন্ট ২৯, নাফীস ৬, বার্ট ১০, হ্যারিস ১৫, ওয়েসেলস ৬৩*, মিঠুন ৩, আসিফ ২, ফরহাদ ৪, সানজামুল ২*; ন্যানেস ২/২০, সোহাগ ২/২০, বিশ্বনাথ ০/২৫, নবী ১/২১, সোহরাওয়ার্দী ১/২২, চিগুম্বুরা ১/৩৩)। সিলেট রয়্যালস: ১৬.২ ওভারে ১৪৬/৪ (মাসাকাদজা ৫২, স্টার্লিং ৩৮, মমিনুল ১৪, মুশফিকুর ১৯*, নবী ১১, চিগুম্বুরা ৯*; ফরহাদ ০/২৩, জাদরান ১/৪২, নাবিল ২/২৩, সানজামুল ১/৩৮, হ্যারিস ০/১৪, আসিফ ০/৪)। ফল: সিলেট রয়্যালস ৬ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: হ্যামিল্টন মাসাকাদজা।