দুই দলেরই নতুন যুগের সূচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমার সাঙ্গাকারার আজ কেমন লাগবে? পেসারদের প্রথম স্পেল শেষ হওয়ার পর চারদিকে তাকিয়ে একটু কি শূন্যতা অনুভব করবেন না শ্রীলঙ্কান অধিনায়ক? বলটা একটু পুরোনো হয়ে গেলেই নিশ্চিন্তে যাঁর হাতে বল তুলে দিতেন, ম্যাচ জয়ের জন্য তাকিয়ে থাকতেন যাঁর দিকে, সেই লোকটিকে যে আর মাঠে পাবেন না! মুত্তিয়া মুরালিধরন অবসর নেওয়ার পর আজই প্রথম টেস্ট ক্রিকেটে নামছে শ্রীলঙ্কা।নতুন যুগের সূচনা তাদের প্রতিপক্ষ দলেরও। গেইল-ব্রাভোকে সরিয়ে দেওয়ার পর আজ আনুষ্ঠানিকভাবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে শুরু হচ্ছে স্যামি-ন্যাশ যুগ। কেন্দ্রীয় চুক্তিতে সই না করায় ক্রিস গেইলকে সরিয়ে নতুন অধিনায়ক করা হয়েছে ড্যারেন স্যামিকে, ডোয়াইন ব্রাভোর জায়গায় ব্রেন্ডন ন্যাশ হয়েছেন সহ-অধিনায়ক। এমন একটা জায়গা থেকে শুরু হচ্ছে তাদের অভিযান, যেখানে এর আগে কোনো টেস্টই জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। শ্রীলঙ্কায় খেলা ছয় টেস্টের পাঁচটিতেই হেরেছে তারা, বাকিটি ড্র।এবারও সফরের শুরুটা আশা জাগানোর মতো কিছু হয়নি। শ্রীলঙ্কা ক্রিকেট সভাপতি একাদশের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত তিন দিনের প্রস্তুতি ম্যাচে ১৭৬ রানেই গুটিয়ে গিয়েছিল তারা। বাজে ফর্মের কারণে দলে রাখা হয়নি অভিজ্ঞ রামনরেশ সারওয়ানকে। টেস্ট সিরিজে ভালো কিছু করতে হলে তাই নিজেদের উজাড় করে দিতে হবে গেইল, চন্দরপলের মতো অভিজ্ঞদের। ব্যাটিংয়ে তবু অভিজ্ঞ কিছু নাম আছে, বোলিং আক্রমণ রীতিমতো ‘নবিশ’। সাত টেস্ট খেলা কেমার রোচ দলের মূল পেসার, সঙ্গে থাকবেন স্যামি-পাসকালের মতো অনভিজ্ঞরা।বিস্ময় আছে শ্রীলঙ্কা দলেও। মুরালি-উত্তর যুগে তাদের সেরা ম্যাচ উইনার লাসিথ মালিঙ্গাকে দলে না রাখায় বিস্মিত অনেকেই। তবে কারণটা ব্যাখ্যা করেছেন মাহেলা জয়াবর্ধনে, ‘যে চোটের কারণে লাসিথ দীর্ঘদিন মাঠের বাইরে ছিল, সেটার ধরন এমন যে ফিরে আসতে পারে যেকোনো মুহূর্তে। আমাদের মনে হয়েছে, বিশ্বকাপের আগে টেস্টে ওকে খেলানোটা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে হয়তো খেলানো হতে পারে ওকে।’ শ্রীলঙ্কান সহ-অধিনায়কের ধারণা, ফার্নান্দো-প্রসাদ-রণদিভরা মিলে ঠিকই পুষিয়ে দিতে পারবেন মুরালি-মালিঙ্গার অভাব। ওয়েবসাইট।