দুই দলেরই নতুন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়ানডে সিরিজ শুরুর আগে ট্রফি হাতে কাল দুই অধিনায়কের মুখেই দেখা গেল একই অভিব্যক্তি। সিরিজ শেষে কে এটি হাতে নিয়ে দাঁড়াবেন ক্যামেরার সামনে? অ্যাঞ্জেলো ম্যাথুস, না এবি ডি ভিলিয়ার্স?   রয়টার্স
ওয়ানডে সিরিজ শুরুর আগে ট্রফি হাতে কাল দুই অধিনায়কের মুখেই দেখা গেল একই অভিব্যক্তি। সিরিজ শেষে কে এটি হাতে নিয়ে দাঁড়াবেন ক্যামেরার সামনে? অ্যাঞ্জেলো ম্যাথুস, না এবি ডি ভিলিয়ার্স? রয়টার্স

শুরুটা এভাবে হোক, এটা নিশ্চয়ই চাননি রাসেল ডোমিঙ্গো। গ্যারি কারস্টেন সরে দাঁড়ানোর পর দক্ষিণ আফ্রিকার নতুন কোচ হিসেবে তাঁর প্রথম পরীক্ষা। কিন্তু সহকারী থেকে প্রধান কোচ হওয়া ডমিঙ্গোর কপালে ভাঁজ পরীক্ষা শুরুর আগেই! চোটের কারণে দলের এমন বেহাল দশা যে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে আজ সিরিজের প্রথম ওয়ানডেতে খেলানোর মতো পেসারই পাচ্ছেন না!ডেল স্টেইন নেই অনেক দিন ধরে। প্রস্তুতি ম্যাচে চোট পেয়ে বাইরে চলে যাওয়া মরনে মরকেলের খেলা অনিশ্চিত। নিশ্চিত লনওয়াবো সতসোবের না থাকাটাও। একই কারণে বাইরে ব্যাটসম্যান গ্রায়েম স্মিথ। জ্যাক ক্যালিস স্বেচ্ছাবিরতিতে। তার ওপর চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল থেকে বিদায়। দায়িত্ব ছেড়ে যাওয়ার আগে খোদ কারস্টেন স্বীকার করে গেছেন ‘চোকার’ অপবাদটা সত্যি তাদের জন্য। এত কিছু কি আর একসঙ্গে সামাল দেওয়া যায়?আজকের ম্যাচেই হয়তো সব হবে না। তবে ধীরে ধীরে এসব সমস্যা কাটিয়ে ওঠার আশাবাদ দক্ষিণ আফ্রিকান অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের কণ্ঠে, ‘প্রতিবার মাঠে নেমে আমাদের আরও ভালো করার এবং আরও ধারাবাহিক হওয়ার চেষ্টা করতে হবে। মৌলিক জায়গাগুলোতে উন্নতি করতে হবে। দল হিসেবে ছন্দ খুঁজে পাওয়াটাই আসল ব্যাপার।’ একেবারে সমস্যাহীন নয় শ্রীলঙ্কাও। চোটের কারণে তারাও সিরিজ শুরুর আগেই হারিয়েছে পেসার নুয়ান কুলাসেকারাকে। আইসিসির দেওয়া দুই ম্যাচের নিষেধাজ্ঞা কাটাচ্ছেন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। পেছনে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল ও ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ভারতের কাছে হারের তিক্ত স্মৃতি। কনিষ্ঠতম শ্রীলঙ্কান অধিনায়ক হিসেবে অভিষেক হতে যাওয়া দিনেশ চান্ডিমালের সামনেও ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। আশার কথা হচ্ছে, ব্যাট হাতে ফর্মে আছেন উপুল থারাঙ্গা, মাহেলা জয়াবর্ধনে আর কুমার সাঙ্গাকারারা। সেই সঙ্গে নিজেদের মাঠ আর পরিচিত কন্ডিশন বলেই হয়তো প্রতিপক্ষের চেয়ে কিছুটা এগিয়ে থেকে শুরু করবে শ্রীলঙ্কা। আবার কন্ডিশনের কারণেই হয়তো পেসারদের চোটের সমস্যার পরও এ-যাত্রা বেঁচে যেতে পারে দক্ষিণ আফ্রিকা। প্রেমাদাসার উইকেট স্পিনবান্ধব। দক্ষিণ আফ্রিকার একাদশে আজ তাই দেখা যেতে পারে দুই বিশেষজ্ঞ স্পিনার রবিন পিটারসন আর অ্যারন ফাঙ্গিসো। কাজ চালানোর মতো স্পিন করতে পারেন জেপি ডুমিনিও। এঁদের সঙ্গে পেস সহযোগী হিসেবে থাকবেন কিছুটা অনভিজ্ঞ লরি ক্লেইনভেল্ট, ক্রিস মরিস আর রায়ান ম্যাকলারেন। তবে এঁরা আর যা-ই হোক স্টেইন-মরকেলের বিকল্প তো নন। ক্রিকইনফো।