দুই দিন ঘুমাননি আকরাম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরশু করাচিতে এক অনুষ্ঠানে ওয়াসিম আকরাম । এএফপি
পরশু করাচিতে এক অনুষ্ঠানে ওয়াসিম আকরাম । এএফপি

খেলোয়াড়ি জীবনে কত কষ্টকর পরাজয়েরই তো সাক্ষী ছিলেন। শেষ মুহূর্তের চোটে খেলতে পারলেন না ১৯৯৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, ড্রেসিংরুমে বসে দেখলেন দলের হার। ১৯৯৯ বিশ্বকাপেও ছিলেন দলের অধিনায়ক, অস্ট্রেলিয়ার কাছে পাকিস্তান উড়ে গেল ফাইনালে। ২০০৩ বিশ্বকাপে তাঁর বলেই শচীন টেন্ডুলকারের ক্যাচ মিস হলো, সেই টেন্ডুলকারের ব্যাটের তোড়ে ভেসে গেল পাকিস্তান। হূদয় ভেঙে দেওয়া হার আছে আরও কত কত। নির্ঘুম রাতও নিশ্চয়ই কেটেছে অনেক। ক্রিকেট ছাড়ার এক যুগ পর আবার তাঁকে নির্ঘুম রাত উপহার দিলেন উত্তরসূরিরা। এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানের হারের পর নাকি দুই দিন ঘুমাতে পারেননি ওয়াসিম আকরাম!
যদিও বাড়াবাড়ি মনে হতে পারে এটিকে। তবে মঙ্গলবার করাচিতে এক অনুষ্ঠানে দাবিটা যখন নিজেই করেছেন, আমলে নিতেই হবে! শুধু দলের হার নয়, আকরামের মনোবেদনার কারণ হারের ধরন। মিসবাহ-উল-হকের অধিনায়কত্বে বিরক্ত সাবেক পাকিস্তান অধিনায়ক, ‘ফাইনালের পর দুই দিন ঘুমাতে পারিনি আমি। আমাদের বোলারদের ব্যবহার করার ধরনটাই বুঝে উঠতে পারিনি। প্রথমত, টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্তই ঠিক ছিল না, কারণ ভারত ও বাংলাদেশের বিপক্ষে আমরা রান তাড়া করেছিলাম দারুণভাবে। এরপর ২৬০ রানের পুঁজি নিয়ে জেতার জন্য বোলারদের যেভাবে কাজে লাগানো উচিত, সেটাও আমরা পারিনি।’
এশিয়া কাপ ফাইনালে হতাশ হলেও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে কিন্তু আকরামের বাজি নিজ দেশের পক্ষেই, ‘আমার মতে এবার ফেবারিট পাকিস্তান, ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। এই তিন দলই এই সংস্করণটা খুব ভালো খেলে এবং অনেক অভিজ্ঞতা আছে তাদের ভাঁড়ারে। পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড খুব ভালো ও ব্যালান্সড। তবে আমাদের শক্তির জায়গাটার প্রকাশ থাকতে হবে মাঠে, সেটা হলো আগ্রাসী খেলা এবং ইতিবাচক থাকা।’ এএফপি, ওয়েবসাইট।
তবে সাফল্যের শর্তে আবারও মিসবাহকে টেনে এনেছেন আকরাম, ‘তার ব্যাটিং নিয়ে কোনো সমস্যা নেই, তবে অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন আছে। ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে আমাদের সাহসী ও আগ্রাসী হতে হবে। ভালো করতে হলে ইতিবাচক ক্রিকেটের কোনো বিকল্প নেই।’
পাকিস্তানের ওয়ার্ল্ড টি-টোয়েন্টি অভিযান শুরু হবে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। ২১ মার্চ মিরপুরে ২০০৭ ও ২০০৯ সালের চ্যাম্পিয়নদের লড়াই দিয়ে শুরু হবে টুর্নামেন্টের মূল পর্বও। ভারত-পাকিস্তান লড়াইকে আকরাম বলেন ‘সব ম্যাচের বাপ’, দুই চিরপ্রতিদ্বন্দ্বীর আরেকটি লড়াই নিয়েও তাই রোমাঞ্চিত তিনি, ‘এর চেয়ে আদর্শ উদ্বোধনী ম্যাচ আর কী হতে পারে! ভারত-পাকিস্তান মাঠে নামলেই কোটি কোটি দর্শকের চোখ থাকে টিভিতে। এই ম্যাচে কেউ কখনো ফেবারিট থাকে না।’