দুই দিন পেছাল বাফুফের নির্বাচন
দুই দিন পিছিয়ে ২৮ এপ্রিলের পরিবর্তে ৩০ এপ্রিল হবে বাফুফের নির্বাচন। এই সিদ্ধান্ত নেওয়ার জন্য কাল বাফুফের নির্বাহী কমিটির জরুরি সভা ডাকা হয়েছিল। বাফুফের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদী সভার পর জানিয়েছেন, ‘ভোটার তালিকা চূড়ান্ত করতে আরও দুই দিন সময় প্রয়োজন। তাই নির্বাচন পিছিয়েছে।’ জানা গেছে, নির্বাচন পেছানোর অন্য একটি কারণও আছে। সেটি হলো, মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা জয়ের পুরস্কার হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২৮ এপ্রিল সংবর্ধনা দেবে নাগরিক কমিটি। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত সেই সংবর্ধনায় ফুটবল অঙ্গনের অনেকেই সক্রিয় থাকছেন। ২৮ তারিখ নির্বাচন হলে তাঁরা সেখানে উপস্থিত থাকতে পারবেন না।বাফুফের এই নির্বাচন ২২ দিন দূরে থাকলেও গতকাল পর্যন্ত তফসিল ঘোষণা করা হয়নি। শুধু জানানো হয়েছে, খসড়া ভোটার তালিকা প্রকাশ ১০ এপ্রিল। আপত্তি জমা ১১ এপ্রিল। পরদিন শুনানি। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৪ এপ্রিল।