দুই দিনেই টিকিট শেষ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হয়েছে গত পরশু। প্রতিটি বুথ থেকে এই এক দিনে টিকিট কিনতে পেরেছেন মাত্র ৫০ জন করে ক্রেতা। তার পরও কাল দ্বিতীয় দিনের শুরুতেই ফুরিয়ে গেল গুরুত্বপূর্ণ সব ম্যাচের টিকিট! টিকিট শেষ হয়ে যাওয়ার ঘোষণাটা আজ ব্যাংকের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবেই জানিয়ে দেওয়ার কথা।
এনসিসি ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান মনিরুজ্জামান কাল বলেছেন, ‘আজ (গতকাল) আমাদের অধিকাংশ শাখায় টিকিট বিক্রির সার্ভারে লগইন করতে গেলে বেশির ভাগ টিকিট সোল্ড আউট দেখিয়েছে। কোনো শাখাতেই ৫-৭ জনের বেশি ক্রেতার কাছে টিকিট বিক্রি করা যায়নি। টিকিট যে আর নেই, সেটা কাল (আজ) আমরা ঘোষণা দিয়ে জানিয়ে দেব।’ একই কথা অগ্রণী ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা কবীর আহমেদেরও, ‘ব্যাংক থেকে কোনো টিকিট দেওয়া যাচ্ছে না। সব টিকিট অনলাইনে বিক্রি হয়ে গেছে।’ প্রিন্টারের সমস্যার কারণে এনসিসি ব্যাংকের দিনাজপুর শাখা থেকে কালও কোনো টিকিট বিক্রি হয়নি।
এনসিসি ও অগ্রণী ব্যাংক ছাড়া টিকিট বিক্রি হচ্ছে অনলাইনেও। শুরুতে অনলাইনে ৩০ শতাংশ টিকিট বিক্রির কথা থাকলেও পরে উন্মুক্ত করে দেওয়া হয়েছে সেটি। ব্যাংক থেকে টিকিট কেনার প্রক্রিয়া ধীর বলে টিকিট বিক্রির দায়িত্ব পাওয়া ভারতীয় প্রতিষ্ঠান ‘বুক মাই শো’ ক্রেতাদের অনলাইনের মাধ্যমে টিকিট কেনাটাকেই বেশি উৎসাহিত করছে। অনেক ক্রেতা ঘরে বসে টিকিট কেনার সে সুযোগটাই নিয়েছেন। আর ব্যাংকে টিকিট কিনতে গিয়ে ভগ্ন হূদয়ে ফিরেছেন বেশির ভাগ মানুষ।
এনসিসি ও অগ্রণী দুই ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, ভারত-পাকিস্তান ম্যাচ এবং সেমিফাইনাল ও ফাইনালের সব টিকিট শেষ। থাকলেও আছে ছোটখাটো কিছু ম্যাচের টিকিট। ব্যাংকের দেওয়া তথ্যের সঙ্গে মিলে যাচ্ছে বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামের কথা, ‘গুরুত্বপূর্ণ ম্যাচের সব টিকিট শেষ। অন্যান্য ম্যাচের অল্প কিছু টিকিট এখনো আছে। তবে সেসব চট্টগ্রাম আর সিলেট ভেন্যুর ম্যাচের টিকিট। ঢাকায় অনুষ্ঠেয় ম্যাচগুলোর সব টিকিট বিক্রি হয়ে গেছে।’