বিশ্বকাপ খেলার সৌভাগ্য সব খেলোয়াড়ের হয় না। তাহলে যাঁরা দুটি দেশের হয়ে বিশ্বকাপ খেলেছেন, কী বলবেন তাঁদের? মহাসৌভাগ্যবান? এই দলে আছেন মাত্র পাঁচজন। প্রথম ‘কীর্তি’ গড়া লুই মন্টি ১৯৩০ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে খেলার পর ১৯৩৪ বিশ্বকাপে খেলেন ইতালির হয়ে। প্রথমবার রানার্সআপ, দ্বিতীয়বার চ্যাম্পিয়ন। সেদিক দিয়ে কপাল খারাপ ফেরেঙ্ক পুসকাসের। সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার ১৯৫৪ বিশ্বকাপে হাঙ্গেরির হয়ে ফাইনালে হেরেছেন, স্পেনের হয়ে ’৬২ বিশ্বকাপে গিয়ে ফাইনালও খেলতে পারেননি। হোসে সান্তামারিয়া ’৫৪-তে উরুগুয়ে আর ’৬২-তে খেলেছেন স্পেনের হয়ে। মাজোলা দেশ না পাল্টালে টানা দুবার বিশ্বকাপ জেতা দলে থাকতেন। ’৫৮-এর শিরোপাজয়ী ব্রাজিল দলে ছিলেন। কিন্তু পরেরবার খেলেন ইতালির হয়ে। রবার্ট প্রসিনেস্কি এবং রবার্ট জারনির কারণটা অবশ্য রাজনৈতিক। ’৯০ বিশ্বকাপে খেলেছেন যুগোস্লাভিয়ার হয়ে। দেশ ভাগ হয়ে গেলে ’৯৮ বিশ্বকাপে খেলেন ক্রোয়েশিয়ার জার্সি গায়ে।