দুই নতুন জেতালেন পাকিস্তানকে
বল করে পাকিস্তানকে জেতানোর জন্যই দলে নেওয়া হয়েছিল আনোয়ার আলী ও বিলওয়াল ভাট্টিকে। কাল কেপটাউনে প্রথম ওয়ানডেতে দুই অভিষিক্ত বোলার মিলে ৫ উইকেট নিয়ে করেছেনও সেটা। তবে তারা যে ব্যাট হাতেও অবদান রাখবেন পাকিস্তানের জয়ে, সেটা কেই-বা ভেবেছিল। প্রথমে ব্যাট করে ১৩১ রানে ৭ উইকেট হারিয়ে ফেলা পাকিস্তান যে ২০০ পেরোল এই দুজনের কারণেই। অষ্টম উইকেটে দুজনের ৭৪ রানের জুটিতেই পাকিস্তান ৫০ ওভারে শেষ পর্যন্ত করেছিল ৯ উইকেটে ২১৮ রান। এরপর ৪৯.১ ওভারেই স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ১৯৫ রানে অলআউট করে মিসবাহর দল জিতেছে ২৩ রানে।
ব্যাট হাতে ৩৯ রান করা ভাট্টি পেস বোলিংয়ে ৩৭ রানে নিয়েছেন ৩ উইকেট। তবে ম্যাচসেরার পুরস্কার উঠেছে আনোয়ার আলীর হাতে। নয় নম্বরে নেমে ইনিংস-সর্বোচ্চ অপরাজিত ৪৩ রান করার পর ২৪ রানে ২ উইকেট নিয়েছেন এই ডানহাতি পেসার। প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেছেন এক বছর নয় মাস পর ওয়ানডে দলে ফেরা জ্যাক ক্যালিস। জেপি ডুমিনি করেছেন ৪৯ রান। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টি পরশু পোর্ট এলিজাবেথে। ক্রিকইনফো।