দুই পরীক্ষার্থীর সফল মিশন
‘পরীক্ষা-টরীক্ষা বুঝি না, আমি আমার মতো বোলিং করে যাব। এক উইকেটও নাও পেতে পারি, আবার দেখা যাবে হয়তো ৫-৭ উইকেট পেয়ে গেলাম।’ ‘পাঁচ উইকেট হয়ে গেলে তো ভালো লাগতই। তবে আমি হতাশ না। ভালো বোলিং করলে আর ভাগ্যে থাকলে হয়তো কালকেই ৫ উইকেট হয়ে যেতে পারে।’প্রথম কথাটি সাকিব আল হাসানের, প্রশ্ন ছিল ভারতের স্পিন মাস্টার ব্যাটসম্যানদের বিপক্ষে এটা তাঁর পরীক্ষা কি না। পরেরটি শাহাদাত হোসেনের, প্রসঙ্গ প্রথম দিনের বোলিং। সাকিব বলেছিলেন চট্টগ্রাম টেস্ট শুরুর আগের দিন, আর শাহাদাত প্রথম দিন শেষে। দুজনের কথার মূল সুরটা একই রকম, একটু ভাগ্যনির্ভরতা। ক্রিকেটে ভাগ্য একটা বড়সড় ব্যাপার সন্দেহ নেই। তবে জীবনের আর প্রতিটি ক্ষেত্রের মতো ক্রিকেটেও নিজের ভাগ্যটা নিজেকেই গড়তে হয়। সাকিব-শাহাদতও তাই করেছেন, ক্রিকেট বিধাতাও হতাশ করেননি তাঁদের। দুজনের সৌজন্যে তাই এমন এক কীর্তি গড়ল বাংলাদেশ, ১৩৩ বছরের ইতিহাসে যে কীর্তি এর আগে মাত্র ৫১ বার দেখেছে টেস্ট ক্রিকেট। আর বাংলাদেশের ইতিহাসে তো এটাই প্রথম। এক ইনিংসে দুই বোলারের পাঁচ উইকেট।প্রথম দিনে দুজন উইকেট নিয়েছেন পাল্লা দিয়ে। একবার সাকিব এগিয়ে যান তো পরমুহূর্তেই শাহাদাত তাঁকে ধরে ফেলেন। দুজনই দিন শেষ করলেন সমতায়, দুজনেরই ৪ উইকেট। কাল নিজের তৃতীয় ওভারেই ইশান্ত শর্মাকে আউট করে শাহাদাত পেয়ে গেলেন কাঙ্ক্ষিত পাঁচ উইকেট। সব মিলিয়ে তৃতীয়বারের মতো ভারতের বিপক্ষে প্রথম। আর শুরুর মতো ভারতের ইনিংসের শেষটাও হয়েছে সাকিবের হাতে, শ্রীশান্তকে আউট করে। টেস্টে তাঁর ষষ্ঠ পাঁচ উইকেট, টানা দ্বিতীয়। ছয় মাস আগের ঘটনা বলে অনেকেই ভুলে যেতে পারেন, ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশের ইতিহাস রচনাকারী সিরিজের শেষ টেস্টের শেষ ইনিংসেও পাঁচ উইকেট পেয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক।শাহাদাত স্বীকার করেছেন, সাকিব করেননি। তবে স্বীকার করুন আর নাই করুন, ‘প্রমাণ করা’ জাতীয় একটা ব্যাপার দুজনেরই ছিল। সাকিব এখন দেশের সেরা স্পিনার, জেমি সিডন্সের মতে বিশ্বেরই সেরা বাঁহাতি স্পিনার। দাবিটা যে ভিত্তিহীন নয়, গত দেড় বছরে সাকিবের পারফরম্যান্সেই সেটি প্রতিষ্ঠিত। কোচের একটি কথার পর ‘ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংটাও খারাপ করেন না’ এমন একজন ক্রিকেটার কীভাবে বিশ্বসেরা স্পিনারদের একজন হয়ে গেলেন, এটা নিয়ে অনেক কথা হয়েছে। প্রথম ৬ টেস্টে সাকল্যে যাঁর ৩ উইকেট, ১৫তম টেস্টেই সেই বোলার পেয়ে গেলেন উইকেটের হাফ সেঞ্চুরি। পরের সাড়ে ৮ টেস্টে (৮ টেস্ট আর এই টেস্টের ১ ইনিংস) তাঁর উইকেট ৫০টি! ৭ উইকেট নিয়েছেন নিউজিল্যান্ডের বিপক্ষে, দক্ষিণ আফ্রিকার মাটিতে টানা দুই টেস্টে ৬ ও ৫ উইকেট, ৫ উইকেট আছে শ্রীলঙ্কার বিপক্ষেও। তারপরও ভারত বলে কথা, স্পিন খেলা যাদের কাছে স্রেফ ডাল-ভাত। শেন ওয়ার্নের জাদু যাদের কাছে কোনো রহস্যই না (তাঁর ৩৭ পাঁচ উইকেটের কেবল একটি ভারতের বিপক্ষে), মুত্তিয়া মুরালিধরনও যাদের সামনে অন্য গ্রহের কেউ নন। যেকোনো স্পিনারের চূড়ান্ত পরীক্ষার নামই তো তাই ভারত। নিজেকে প্রমাণের চ্যালেঞ্জ তাই সাকিবের না থেকে পারেই না। শাহাদাতের চ্যালেঞ্জটা আবার ছিল অন্যরকম। টেস্টে তিনি বরাবরই প্রথম পছন্দের পেসার। কিন্তু ওয়ানডেতে এখন আর সুযোগ মিলছে না বলে সবাই যেন ধরেই নিয়েছিলেন তিনি দলের বাইরে। অনেকেই ভুলে গিয়েছিলেন বাংলাদেশের খেলা সর্বশেষ টেস্টেও ছিলেন শাহাদাত। তবে হ্যাঁ, ফর্মটা ভালো যাচ্ছিল না মোটেও, গত ৮ টেস্টে উইকেট মাত্রই ১১টি। ২০০৮ সালের ফেব্রুয়ারিতে ঢাকায় দক্ষিণ আফ্রিকাকে ধ্বংস করার (৬/২৭) পর আর ইনিংসে ৫ উইকেট পাননি। তারপরও আগ্রাসী মনোভাব ও গতির জন্য টেস্ট দলে জায়গা নিয়ে প্রশ্ন ওঠেনি। কিন্তু শুধু ভাবমূর্তি দিয়ে আর কত দিন! পারফর্ম করাটা তাই তাঁর জন্যও ছিল আরও জরুরি। করলেনও সময়মতোই।ও হ্যাঁ, দুজনের মনেই আলাদা একটা জায়গা থাকবে এই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেরও। এই মাঠেই তো নিউজিল্যান্ডের বিপক্ষে ৭ উইকেট নিয়ে সাকিবের ক্যারিয়ারের নতুন অধ্যায়ের সূচনা। আর এর আগে ভারতের বিপক্ষে একটি টেস্ট খেলে দুই ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন শাহাদাত, সেটাও তো এই মাঠেই!