দুই পেনাল্টিতে কাটাকাটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ বাঁশি বাজতে মিনিট দুয়েক বাকি। ১-০-তে এগিয়ে থাকা রহমতগঞ্জ শিবিরে চাপা উল্লাস। প্রস্তুতি চলছে জয় উদ্যাপনের। হঠাৎই আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো পেনাল্টি পেয়ে গেল শেখ রাসেল। মরো মোহাম্মদের ব্যাকভলি থেকে আমিনুলের হেড, গোললাইনে দাঁড়ানো রহমতগঞ্জের স্টপার মাইকেল দুম্বা হাত দিয়ে ঠেকিয়ে দিলেন। পেনাল্টিতে গোল শোধ করলেন বুকোলা। হাঁফ ছেড়ে বাঁচলেন কোচ মারুফুল হক।বিতর্কিত এই পেনাল্টি নিয়ে রেফারি তৈয়ব হাসানের সঙ্গে কয়েক মিনিট বচসা চলেছে রহমতগঞ্জ খেলোয়াড়দের। পেনাল্টি হলে কেন ওই ফুটবলার কার্ড দেখবেন না! রেফারি শেখ রাসেলের পক্ষে পেনাল্টি দিলেও কোনো শাস্তি দেননি দুম্বাকে! শেখ রাসেলের কোচ মারুফুল অবশ্য এই পেনাল্টি নিয়ে কোনো মন্তব্য করতে চাইলেন না। বললেন, ‘আমার সামনে সহকারী রেফারি ছিলেন বলে ঘটনাটা দেখতে পাইনি। তবে যদি কেউ হাত দিয়ে বল ঠেকিয়েই থাকে তাহলে অবশ্যই লাল কার্ড তার প্রাপ্য।’নিষ্প্রাণ এই ম্যাচে উত্তেজনা ছড়িয়েছে শেষের কয়েক মিনিটই। ম্যাচ শেষে রেফারিকে ঘিরে ধরেন শেখ রাসেল খেলোয়াড়েরা। পাঁচ মিনিট ‘ইনজুরি টাইম’ দেওয়া হলেও পুরোটা খেলানো হয়নি বলে অভিযোগ তাঁদের। গত লিগে তৃতীয় হওয়া দলটি এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে হোঁচট খেয়েছে প্রথম ম্যাচেই। ফেনী সকারের সঙ্গে গত ম্যাচে পিছিয়ে থেকে পেনাল্টিতে গোল শোধ করেছে। কালও সেই পেনাল্টিই তাদের একটি পয়েন্ট দিল।পুরো ম্যাচে শেখ রাসেলের ছিল হাতেগোনা কয়েকটি গোলমুখী শট। সারাক্ষণ বল ঘুরেছে মাঝমাঠে। সেই তুলনায় রহমতগঞ্জের আক্রমণ ছিল বেশি। ৩৭ মিনিটে বক্সের মধ্যে এগিয়ে যাওয়া রহমতগঞ্জের লাকি ডিভাইনের জার্সি পেছন থেকে টেনে ধরেন শেখ রাসেলের ডিফেন্ডার আমিনুল। অবধারিত পেনাল্টি থেকে রহমতগঞ্জকে এগিয়ে নেন ফ্রান্সিস। ৬৫ মিনিটে ব্যবধান ২-০ হতে পারত, কিন্তু গোলরক্ষক বিপ্লবকে একা পেয়েও ডিভাইন বল পাঠান বাইরে। শেষ ১০ মিনিট সর্বাত্মক আক্রমণ করেছে শেখ রাসেল। ৮১ মিনিটে বুকোলার শট গোলরক্ষক সুজনের গায়ে লেগে ফিরে আসে। সাত মিনিট পর আমিনুলের ওই হেড, যেটি হাত দিয়ে ঠেকান দুম্বা।নিশ্চিত জয় হাতছাড়া হওয়ায় ক্ষুব্ধ রহমতগঞ্জের কোচ মাহমুদুল হক ম্যাচ শেষে রেফারিকেই কাঠগড়ায় তুলেছেন, ‘আমার একটাই প্রশ্ন, মাইকেল যদি গোলের ভেতর থেকে বল বের করে দেয় তাহলে কেন তাকে লাল কার্ড দেওয়া হবে না? এভাবে রেফারির রোষানলে পড়লে খেলব কীভাবে?’ টানা দুই ম্যাচে ড্র করায় দারুণ হতাশ মারুফুল, ‘স্ট্রাইকাররা গোলমুখ খুলতেই পারছে না। ওদের পারফরম্যান্সে মোটেও সন্তুষ্ট নই আমি।’