দুই প্রতিবেশীর কঠিন পরীক্ষা
আরেকটি দুঃস্বপ্নের রাতই কি অপেক্ষা করছে ম্যানচেস্টারবাসীর জন্য? প্রথম লেগে ম্যানচেস্টারের দুই দলই হেরে বসায় সেই আশঙ্কাই উঁকি দিচ্ছে। ভাগ্য বদলাতে হলে ইউরোপা লিগের শেষ ষোলোর ফিরতি লেগে আজ ম্যানচেস্টার ইউনাইটেড এবং ম্যানচেস্টার সিটি দুই দলকেই করতে হবে অসাধারণ কিছু।সেই আশায় ম্যানইউ যাচ্ছে অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠে। আর সিটি ঘরের মাঠে দাঁড়াবে স্পোর্টিং লিসবনের সামনে। লিগ শিরোপার লড়াইটা মূলত দুই প্রতিবেশীর মধ্যে থাকলেও ম্যানইউ-ম্যান সিটি দুই দলই বিদায় নিয়েছে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে। ইউরোপা লিগেও শেষ ষোলো থেকেই বিদায় নিলে সেটা হবে আরও বড় লজ্জার।ম্যানইউর জন্যই কাজটা বেশি কঠিন। প্রথম লেগে ম্যানইউ নিজেদের মাঠে হেরেছে ৩-২ গোলে। কোয়ার্টার ফাইনালে যেতে হলে ম্যানইউকে জিততে হবে অন্তত ২-০ গোলে। সেটাও প্রতিপক্ষের মাঠে।অতিরিক্ত সময় কিংবা টাইব্রেকারের ঝামেলা এড়িয়ে সরাসরি কোয়ার্টার ফাইনালে যেতে হলে ম্যান সিটিরও চাই ২-০ গোলে জয়। তবে মানচিনির দলের জন্য স্বস্তি, ফিরতি ম্যাচটি তারা খেলবে নিজেদের মাঠে। প্রথম লেগে লিসবনের মাঠ থেকে তারা ফিরেছিল ১-০ গোলে হেরে। ঘরের মাঠে খেলাটা স্বস্তির হলে মানচিনির দলের জন্য বড় অস্বস্তি, ওই হারের পর লিগেও গত ম্যাচে সোয়ানসি সিটির কাছে হেরে শীর্ষ স্থান খুইয়েছে সিটি। এখানেই ম্যানইউর থাকছে আলাদা প্রেরণা। বিলবাওয়ের কাছে হারের পর রোববার লিগে ওয়েস্টব্রমকে ২-০ গোলে হারিয়ে ফার্গুসনের দল উঠে গেছে শীর্ষেও। ওদিকে অ্যাথলেটিকও লা লিগায় হেরেছে ওসাসুনার বিপক্ষে। এএফপি।ফার্গুসনও তাই আত্মবিশ্বাসী, ‘প্রশ্ন হলো আমরা ম্যাচ জিততে পারব কি না? আমি মনে করি, আমরা ওখানে জিততে পারব।’