এক শনিবার থেকে আরেক শনিবার। সপ্তাহের ব্যবধানে ম্যানচেস্টারের দুই দল ঠিক উল্টো শিরোনাম। আগের সপ্তাহে ইউনাইটেড ও সিটি হেরেছিল দুই দলই। কাল দুই দলই করল জয়োৎসব। সিটি ৩-১ গোলে হারিয়েছে এভারটনকে। সান্ডারল্যান্ডের মাঠে গিয়ে ইউনাইটেড জিতেছে ২-১ গোলে। দুই প্রতিবেশীর সঙ্গে তাল মিলিয়েছে লিভারপুলও। অলরেডরা ৩-১ গোলে হারিয়েছে ক্রিস্টাল প্যালেসকে। এ জয়ে শীর্ষে উঠে গেছে লিভারপুল। সিটি তিনে, বর্তমান চ্যাম্পিয়ন ইউনাইটেড এখনো অবশ্য পড়ে রয়েছে ৯ নম্বরে!
ইতিহাস ছিল এভারটনের পক্ষে। ম্যানচেস্টার সিটির সঙ্গে সর্বশেষ ১২টি ম্যাচের নয়টিতেই জিতেছিল তারা। সিটি জিতেছিল দুটিতে। তা ছাড়া লিগের প্রথম ছয় ম্যাচে এভারটনই ছিল একমাত্র অপরাজিত দল! কিন্তু ইতিহাস-ফর্ম দুটিকেই উল্টে দিল সিটি।
বায়ার্নের কাছে ঘরের মাঠে বিধ্বস্ত হওয়ার দুঃস্মৃতিটা যেন আরও বেশি করে চেপে ধরেছিল সিটিকে। ১৬ মিনিটে এভারটনকে এগিয়ে দেন রোমেলু লুকাকু। চেলসি থেকে ধারে খেলতে আসা লুকাকুর এটা চতুর্থ গোল।
গোলটা খেয়েই যেন জেগে ওঠে সিটি। দুই মিনিটের মধ্যেই সিটিকে সমতায় ফেরান আলভারো নেগ্রেদো। ৪৫ মিনিটে ব্যবধান বাড়ান সার্জিও আগুয়েরো (২-১)। ৬৯ মিনিটে আত্মঘাতী গোলে ম্যাচটা পকেটে পুরে নেয় সিটি (৩-১)। আগুয়েরোর পেনাল্টি ঠেকিয়ে দিয়েছিলেন এভারটন গোলরক্ষক হাওয়ার্ড, কিন্তু ফিরতি বলটা তাঁর মাথায় লেগে ঢুকে যায় জালে।
ইউনাইটেডও গোল খেয়ে বসে প্রথমে। পঞ্চম মিনিটেই পাওয়া লিড সান্ডারল্যান্ড ৫০ মিনিট ধরেও রেখেছিল। কিন্তু ৫৫ ও ৬১—ছয় মিনিটে দুই গোল করে কোচ ডেভিড ময়েসের মুখে স্বস্তির হাসি ফুটিয়েছেন বেলজিয়ামের ১৮ বছর বয়সী মিডফিল্ডার আদনান জানুরাজ।
অ্যানফিল্ডে লুইস সুয়ারেজ, ড্যানিয়েল স্টারিজ ও অধিনায়ক স্টিভেন জেরার্ডের গোলে লিভারপুল প্রথমার্ধেই এগিয়ে যায় ৩-০ গোলে। পেনাল্টি থেকে করা গোলটি জেরার্ডের ৯৯তম লিগ গোল। দ্বিতীয়ার্ধে একটা গোল শোধাতে পেরেছে ক্রিস্টাল। এএফপি।