
গুরু হোসে মরিনহো আর শিষ্য আন্দ্রে ভিলাস-বোয়াসের কারণে আলোচনায় ছিল টটেনহাম-চেলসির ম্যাচটি। কিন্তু দিন শেষে লন্ডন ডার্বিকে এক পাশে সরিয়ে রেখে বড় আলোচনার জন্ম দিল ওয়েস্ট ব্রম ও অ্যাস্টন ভিলা। দুই ‘পুঁচকে’ কাল একসঙ্গে ঘটিয়েছে অঘটন। হারিয়ে দিয়েছে ম্যানচেস্টারের দুই প্রতিবেশী ইউনাইটেড ও সিটিকে।
গত সপ্তাহে সিটির কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছিল ইউনাইটেড। ডেভিড ময়েসের দলের সেই হতাশা কাল আরও গাঢ় করেছে ওয়েস্ট ব্রম। ইউনাইটেডের মাঠে এসেই ইউনাইটেডকে হারিয়েছে ২-১ গোলে। দু-দুবার এগিয়ে গিয়েও অ্যাস্টন ভিলার মাঠ থেকে সিটিকে ফিরতে হয়েছে ৩-২ গোলের হার নিয়ে। এ হারে ইউনাইটেডের ৬ ম্যাচে পয়েন্ট মাত্র ৭। পয়েন্ট তালিকায় বর্তমান চ্যাম্পিয়নদের ঠাঁই হয়েছে ১৩ নম্বরে! ইংলিশ প্রিমিয়ার লিগে ইউনাইটেডের সবচেয়ে বাজে শুরু! ৫৪ মিনিটে পিছিয়ে পড়ার পর ফ্রি কিক থেকে রুনির গোল তিন মিনিট পরই সমতায় ফিরিয়েছিল ইউনাইটেডকে। বিপদ আঁচ করতে পেরে কোচ ময়েস মাঠে নামিয়ে দেন রবিন ফন পার্সিকেও। তাতেও কাজ হয়নি। উল্টো ৬৭ মিনিটে ২০ বছর বয়সী মিডফিল্ডার সাইদো বেরাহিনোর গোল ইউনাইটেডকে কাঁদিয়েছে।
ইউনাইটেড-সিটির হতাশার দিনেও জয়ের ধারা অব্যাহত রেখেছে আর্সেনাল। আর্সেন ওয়েঙ্গারের দল সোয়ানসি সিটির মাঠ থেকে ফিরেছে ২-১ গোলের জয় নিয়ে। হার দিয়ে মৌসুম শুরু করা আর্সেনালের এটা টানা পঞ্চম জয়। ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকাতেও আর্সেনাল শীর্ষে। মরিনহো-ভিলাস-বোয়াসের লড়াইয়ে হারে কেউ। টটেনহাম-চেলসির ম্যাচটি শেষ হয়েছে ১-১ গোলে। অবশ্য ড্রয়ের মধ্যেও চেলসির হতাশা, লালকার্ড পেয়েছেন ফার্নান্দো তোরেস।
স্প্যানিশ লা লিগায় বার্সেলোনা গড়েছে রেকর্ড। কাল আলমেরিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ের মধ্য দিয়ে বার্সা জিতল মৌসুমের সাত ম্যাচেই। সাত ম্যাচে ২১ পয়েন্ট—ক্লাব ইতিহাসেই বার্সেলোনার সবচেয়ে ভালো শুরু। দুর্বল আলমেরিয়ার বিপক্ষে জয়টির জন্য বার্সাকে বড় একটা মূল্যও দিতে হয়েছে। ঊরুতে চোট পেয়ে ২৯ মিনিটে মাঠ ছেড়েছেন লিওনেল মেসি। অবশ্য মাঠ ছাড়ার ৮ মিনিট আগেই বার্সাকে এগিয়ে দেন মেসি। বার্সার অন্য গোলটি আদ্রিয়ানোর।
জার্মান বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ ১-০ গোলে ভলফসবুর্গকে এবং বরুসিয়া ডর্টমুন্ড ৫-০ গোলে হারিয়েছে ফ্রেইবুর্গকে। এএফপি ও ওয়েবসাইট।