দুই প্রধানের দুই রকম হতাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিমিয়ার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে দুই রকম হতাশার মুখোমুখি হলো আবাহনী-মোহামেডান। বিকেএসপিতে কাল বিকেএসপির বিপক্ষে ১১৯ রানের বড় ব্যবধানে জিতলেও হাঁটুর ইনজুরিতে পড়ায় আবাহনী এ ম্যাচেই হারিয়েছে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে। আর রাজশাহীতে নবাগত প্রাইম দোলেশ্বরের সঙ্গে তো টাই ম্যাচে পয়েন্টই খোয়াল মোহামেডান! দোলেশ্বরের ২৫৯ রানের জবাবে মোহামেডানও ইনিংসের শেষ বল পর্যন্ত খেলে ৯ উইকেটে করেছে ২৫৯-ই। বগুড়ায় অনুষ্ঠিত কালকের অন্য ম্যাচে সূর্যতরুণকে ৮ উইকেটে হারিয়ে জয়ের ধারায় আছে বিমান।৫৩ রানে ৪ উইকেট হারানো প্রাইম দোলেশ্বরকে টেনে তুলেছিল মিডল অর্ডার। পঞ্চম উইকেটে জাহিদ-নাদিফের ৯৮ রানের জুটির পর ষষ্ঠ উইকেটে নাদিফ-নাজিমউদ্দিনের ৫৫ রানের অংশীদারিতে তাদের ২৫৯ রানটাই অনতিক্রম্য হয়ে দাঁড়ায় মোহামেডানের জন্য। অথচ তামিম-মঈন আলীর ৯০ রানের ওপেনিং জুটিতে কী চমৎকার শুরুটাই না হয়েছিল! মাত্র ৪৯ বলে ৭০ রান করে তামিম নিজের রূপ দেখালেন এ ম্যাচে, ইংলিশ মঈন করেছেন ৯৪ বলে ৫৯। এমন শুরুর পরও শেষ দিকে মোহামেডান এতটাই এলোমেলো যে মাত্র ২৩ রানে পড়েছে শেষ ৫ উইকেট! দলীয় ২৩৬ রানে সাকিব-ফয়সালের ৫৯ রানের পঞ্চম উইকেটে জুটিটা ভাঙার সঙ্গে সঙ্গে মোহামেডানের লেজটাও ভেঙে পড়ে হুড়মুড়িয়ে। ৮ ওভার বাকি থাকতে হাতে ৫ উইকেট রেখেও জয়ের জন্য প্রয়োজনীয় ২৪টি রান তুলতে ব্যর্থ শেষ দিকের ব্যাটসম্যানরা। প্রাইম দোলেশ্বরের নিজামউদ্দিন ৫২ রানে ৪ ও রিয়াজুল ৩৮ রানে ৩ উইকেট নিয়েছেন।আবাহনীর ৯ উইকেটে করা ২৩২ রানের জবাবে নিজেদের মাঠে ৪১.৩ ওভারে ১১৩ রানেই অলআউট বিকেএসপি। দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান ওপেনার আশিকুল আলমের। এর আগে দুই বিদেশি ব্যর্থ হলেও আবাহনীকে জেতার মতো স্কোর এনে দিয়েছে ওপেনার রনি তালুকদারের ফিফটি (৬৯) ও ফরহাদ হোসেনের অপরাজিত ৪৫ রান। তবে ম্যাচ জিতেও ফরহাদ বা আবাহনী পুরোপুরি তৃপ্ত হতে পারছে কি না, কে জানে! রান নিতে গিয়ে নন-স্ট্রাইকিং এন্ডে থাকা ওই ফরহাদের ‘না’ শুনেই তো হাঁটুর ইনজুরিতে পড়লেন মাশরাফি!আবাহনী-মোহামেডানের দুই রকম হতাশার দিনেও বগুড়ায় বিমান ঠিকই উড়েছে। একে তো সূর্যতরুণ মাত্র ১৫৪ রানে অলআউট, তার ওপর সেটার জবাব দিতে গিয়ে বিমানের মুশফিকুর রহিম একাই করলেন অপরাজিত ৭৭ রান! জাতীয় দলের খেলোয়াড়দের মধ্যে এখন পর্যন্ত এই উইকেটকিপার-ব্যাটসম্যানই সবচেয়ে ধারাবাহিক। প্রাইম দোলেশ্বরের বিপক্ষে জেতা প্রথম ম্যাচেও ৮৭ রান করে অপরাজিত ছিলেন মুশফিকুর। ব্যাট হাতে মুশফিকুর, ৩৬ রানে ৫ উইকেট নিয়ে বল হাতে ম্যাচের সেরা পারফরমার বিমানের ইলিয়াস সানি।