দুই প্রধানের নিষ্প্রাণ ড্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবাহনী-মোহামেডান ম্যাচ দেখতে মৌলভীবাজার থেকে ঢাকা এসেছেন কাজল। খেলা শেষে সবাই যখন বাড়ির পথ ধরছে, গ্যালারিতে বসা যুবক শূন্য দৃষ্টিতে তাকিয়ে মাঠের দিকে। খেলা কেমন দেখলেন? জিজ্ঞাসা করতেই উত্তর, ‘ঢাকায় আসাটাই মাটি হলো।’ গোলশূন্য এমন নিষ্প্রাণ ম্যাচ দেখে কারই বা ভালো লাগে? বঙ্গবন্ধু স্টেডিয়ামের ভিআইপি বক্সে বসে খেলা দেখেছেন জাতীয় দলের নতুন কোচ নিকোলা ইলিয়েভস্কিও। খেলাটা যে তাঁরও খুব ভালো লেগেছে, শরীর ভাষা সেটা বোঝাল না। শিরোপা জয়ের ইঁদুর দৌড় নেই। আনুষ্ঠানিকতার ম্যাচ, তাতেও কি হাজার খানেক দর্শকের সামনে প্রত্যাশার চাপ অনুভব করলেন খেলোয়াড়েরা? দুই দলের খেলা দেখে মনে হচ্ছিল, কোনো রকমে সময়টা কাটিয়ে দিতে পারলেই হলো। গোল-ক্ষুধা ছিল না কারোর মধ্যে। অথচ এই ম্যাচে জিতলে আবাহনী উঠতে পারত তৃতীয় স্থানে, জিতলে মোহামেডান পঞ্চম হতো। কিন্তু ২১ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে সেই চতুর্থ স্থানেই রইল আবাহনী। মোহামেডানেরও স্থান বদলায়নি। ২২ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে সাদা কালোরা ষষ্ঠ।শুরু থেকে মোহামেডানই বেশি আক্রমণাত্মক খেলেছে। ১০ মিনিটেই সুযোগ পেয়েছিলেন সানডে। গোলরক্ষক জিয়াকে একা পেয়েও বল পাঠান মাঠের বাইরে। ২১ মিনিটে আবাহনীও পেয়েছিল এগিয়ে যাওয়ার সুযোগ, উজ্জ্বলের দারুণ শট দ্বিতীয় প্রচেষ্টায় ধরেন মোহামেডানের গোলরক্ষক আল হাসান। টুকরো টুকরো আক্রমণ আরও হয়েছে ঠিকই, কিন্তু সবই কেমন অগোছালো, পরিকল্পনাহীন। দ্বিতীয়ার্ধে আবাহনী আক্রমণাত্মক খেললেও মোহামেডান ঢুকে যায় রক্ষণাত্মক খোলসে। ফ্রাঙ্ক ও ইব্রাহিমেরা গোলের মুখ খুলতে পারেননি। ম্যাচ শেষে বিরক্ত আবাহনীর কোচ অমলেশ সেন বললেন, ‘এই ম্যাচ জেতার কোনো ইচ্ছাই যেন খেলোয়াড়দের মধ্যে ছিল না।’ জয় দিয়ে শুরু, ড্র দিয়ে শেষ। দীর্ঘ পথচলাটা কেমন হলো মোহামেডানের? কোচ শফিকুল ইসলাম বললেন, ‘যেমন খেলোয়াড় নিয়ে আমরা এবার দল গড়েছি, তাতে এই পারফরম্যান্সে হতাশ নই। ছেলেরা ভালোই খেলেছে। তবে সানডের কাছ থেকে গত দুই ম্যাচে আশানুরূপ পারফরম্যান্স পাইনি।’শেখ রাসেল ও ফেনী সকারের জয়: কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে রুশ স্ট্রাইকার এডওয়ার্ডের হ্যাটট্রিকে শেখ রাসেল কাল ৫-০ গোলে বিধ্বস্ত করেছে চট্টগ্রাম আবাহনীকে। ৪টি গোল করে এডওয়ার্ড নিজের গোলসংখ্যা বাড়িয়ে নিলেন ১০-এ। লিগের ১১তম হ্যাটট্রিক এটি। শেখ রাসেলের বাকি গোলটি ইউসুফের। ফেনীতে স্থানীয় দল ফেনী সকারের কাছে ২-১ গোলে হেরেছে ফরাশগঞ্জ। ফেনীর পক্ষে গোল করেছেন ফ্রান্সিস ও সোহেল। ফরাশগঞ্জের গোলটি জুয়েলের। ২২ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়ে লিগ শেষ করল শেখ রাসেল। সমান ম্যাচে ৫ পয়েন্ট পাওয়া চট্টগ্রাম আবাহনী তলানিতেই। ২২ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দশে থাকা ফরাশগঞ্জের মাথায় এখনো অবনমনের খাঁড়া। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শেষ পর্যন্ত অবনমন এড়িয়েছে ফেনী সকার।