দুই প্রান্তে তাঁরা দুজন
বিশ্বের সেরা গোলরক্ষক হিসেবে তাঁর নামটা উচ্চারিত হচ্ছে অনেক দিন থেকেই। সেখানে লড়াইটা মূলত স্পেনের ইকার ক্যাসিয়াসের সঙ্গে। এই দুজনের পর কে? যে দুটি নাম আসে তাদের একজন জো হার্টকে কোয়ার্টার ফাইনালে হারিয়েছেন জিয়ানলুইজি বুফন। ইতালি-ইংল্যান্ড ম্যাচটি তো শেষ পর্যন্ত পরিণত হয়েছিল দুই গোলরক্ষকের সরাসরি লড়াইয়েই। টাইব্রেকারে অ্যাশলি কোলের শট ঠেকিয়ে তাতে জয়ীর হাসি হেসেছেন বুফন। বিশ্বসেরা গোলরক্ষকের মুকুটের আরেক চ্যালেঞ্জার আজ দাঁড়াচ্ছেন বুফনের উল্টো দিকের গোলপোস্টে। জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারও অনেক দিনই নির্ভরতার অন্য নাম। জার্মানির গোলকিপিং কোচ আন্দ্রেস কোপকে তো এবারের ইউরোকে দেখছেন বিশ্বসেরা গোলরক্ষক নিয়ে তর্কের মীমাংসা হিসেবে। এতেই নাকি প্রমাণিত হবে বুফন-ক্যাসিয়াস-নয়্যারের মধ্যে কে সেরা। শুধু গোলরক্ষকই নন, বুফন ইতালির অধিনায়কও। ইউরোতে তাঁর বড় একটা অর্জনের হাতছানিও আছে। ২০০৬ বিশ্বকাপ জিতেছেন, ইউরোটাও জিততে পারলে কিংবদন্তি ইতালিয়ান গোলরক্ষক দিনো জফের ‘ডাবল’ জয়ের কীর্তির সমকক্ষতা অর্জন করবেন তিনিও। সে জন্য আজ হারাতে হবে নয়্যারকে। ম্যাচেও দুজনের একটা প্রচ্ছন্ন লড়াই আছে। আর ম্যাচ টাইব্রেকারে গেলে তো সেটি হয়ে যাবে দ্বৈরথই।