দুই প্রান্তে দুই অধিনায়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোমাঞ্চটা বোঝা যাচ্ছিল তাঁর চোখমুখ দেখেই। উত্তাপটা উঠে এল কণ্ঠেও। শ্বেতশুভ্র পোশাকের ওপর দেশের ব্লেজার চাপিয়ে টস করতে নামবেন—যেকোনো ক্রিকেটারেরই স্বপ্নের প্রায় শেষবিন্দু এটা। আজ সেই স্বপ্নপূরণ হচ্ছে মুশফিকুর রহিমের, রোমাঞ্চিত হওয়ারই সময়!রোমাঞ্চের সঙ্গে ড্যারেন স্যামির দেখা নেই অনেক দিন। আজ তিনি ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক যতটা যোগ্যতাবলে, তার চেয়ে অনেক বেশি পরিস্থিতির কারণে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের আজ কতটা দুর্দিন, তা বোঝাতে অনেকের প্রিয় উদাহরণ, ‘স্যামির মানের একজন দলের অধিনায়ক!’ দলেই যাঁর জায়গা হয় না তিনি কীভাবে অধিনায়ক—এই প্রশ্ন শুনে আসছেন অধিনায়কত্ব পাওয়ার পর থেকেই। পারফরম্যান্স দিয়ে এর জবাব দেবেন কী, উল্টো আরও জোরালো হয়েছে সেই প্রশ্ন। ওয়ানডেতে তবুও ‘মিনি অলরাউন্ডার’ বলে চালিয়ে যাওয়া যায়, টেস্ট এলে আরও জোরেশোরে উঠতে শুরু করে এই প্রশ্ন। আজই যেমন স্যামির জন্য বাইরে থাকতে হবে কেমার রোচকে বা ওয়েস্ট ইন্ডিজ খেলাতে পারবে না দুজন বিশেষজ্ঞ স্পিনার। প্রতিটি টেস্টেই তাই একটা অস্বস্তি নিশ্চয়ই সঙ্গী হয় স্যামির!কাল সংবাদ সম্মেলনে অবশ্য সেই অস্বস্তিটা লুকিয়ে রাখলেন স্যামি। টেস্ট সিরিজের ট্রফি উন্মোচনের সময় স্বভাবসুলভ মজাও করলেন। তবে নিজের উচ্ছ্বাসটা লুকাননি মুশফিক, ‘অনেক বড় গর্বের মুহূর্ত। সব খেলোয়াড়ের স্বপ্ন থাকে জাতীয় দলে খেলা। এরপর টেস্ট দলকে নেতৃত্ব দেওয়া। যে কারও জন্যই এটা অনেক সম্মানের।’ মুশফিকের রোমাঞ্চটা আরও বেশি টেস্ট অধিনায়কত্বের অভিষেকটা প্রিয় মাঠে হচ্ছে বলে। ক্যারিয়ারের একমাত্র টেস্ট সেঞ্চুরি এই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেই, ৬ ফিফটির অর্ধেকই এখানে। ৫১.৩০ গড়ে এই মাঠে রান ৫৩০, বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে এক মাঠে এর চেয়ে বেশি রান আছে আর কেবল হাবিবুল বাশারের (চট্টগ্রামেরই এমএ আজিজ স্টেডিয়ামে, ৬০২)। প্রিয় মাঠে আত্মবিশ্বাসটাও বেশি থাকবে, জানালেন মুশফিক।তবে ব্যক্তিগত রোমাঞ্চ বা হতাশা নিয়ে ভাবার সুযোগ দুজনেরই কারও খুব একটা নেই। অধিনায়কের কাছে সবকিছুর আগে তো দল! এখানে আবার দুজনই প্রায় একই জায়গায় দাঁড়িয়ে। টেস্ট মানেই বাংলাদেশের কাছে বরাবরই অস্বস্তি। আর স্যামির অস্বস্তি হয়ে থাকবে দুই দিন আগের স্মৃতি—এই মাঠেই ৬১-তে অলআউট!ওই ম্যাচের কারণেই টেস্ট শুরুর আগে সবচেয়ে বেশি আগ্রহ উইকেট নিয়ে। বাংলাদেশের জন্য আশার খবর, টেস্টের উইকেটকে তৃতীয় ওয়ানডের মতোই মনে হয়েছে স্যামির। তবে মনে যা-ই থাকুক, মুখে অন্তত উইকেটের প্রশংসাই করলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক, ‘সেদিন এমন উইকেটেই অনেক পেস পেয়েছিল রোচ, বাংলাদেশের স্পিনাররা পেয়েছিল টার্ন ও বাউন্স। আশা করি, টেস্টের জন্য খুব ভালো উইকেটই হবে, সবার স্কিলের দারুণ পরীক্ষা নেবে উইকেট।’ আর উইকেটের সাহায্যের পাশাপাশি নিজেদের কর্তব্যটাও মনে করিয়ে দিয়েছেন মুশফিকুর, ‘উইকেট নিয়ে আমাদের চেয়ে ওরাই বেশি টেনশনে থাকবে। তবে উইকেটে যতই সাহায্য করুক, ভালো জায়গায় বল করতে না পারলে, সুবিধাটা কাজে লাগাতে না পারলে উইকেট নিয়ে আলোচনা করে লাভ নেই। শেষ ওয়ানডেতে আমাদের বোলাররা খুব স্মার্ট জায়গায় বোলিং করেছে, আশা করি, টেস্টেও তারা তেমনটা পারবে।’৬১-র আত্মবিশ্বাস, ছন্দ—সবই বাংলাদেশের পক্ষে থাকবে। তবে বিপক্ষেও থাকবে আরেকটি ব্যাপার, এই বছরে মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নামছে বাংলাদেশ, দেশের মাটিতে দেড় বছর পর টেস্ট! মুশফিক অবশ্য দুটির একটিকেও খুব বেশি গুরুত্ব দিতে নারাজ, ‘শেষ ওয়ানডের কারণে আত্মবিশ্বাস অবশ্যই আগের থেকে ভালো। তবে টেস্ট ও ওয়ানডে পুরোপুরি আলাদা। আমরা সেভাবেই প্রস্তুতি নিয়েছি। আর দেশের মাটিতে অনেক দিন পর খেলা হলেও হোম কন্ডিশন তো আমাদের চেনাই। আমরা যদি এই সুবিধাটা নিতে পারি, তাহলে ফলাফল ভালো হবে বলেই বিশ্বাস।’অনেক আগে থেকেই এই সিরিজের স্লোগান—ওয়েস্ট ইন্ডিজের পেস বনাম বাংলাদেশের স্পিন। তবে মুশফিকের ধারণা, ব্যাটিংটাই হবে বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশ অধিনায়কের ধারণাই হয়তো সত্যি হবে, ব্যাটিংটা দুই দলেরই দুর্বল জায়গা। ব্যাটিংয়ে ভালো করাটাই তাই গড়ে দিতে পারে ব্যবধান!