
সিডনি টেস্ট শেষ হওয়ার অনেকক্ষণ পরের একটি ছবি। দিনের আলো ফুরিয়ে গেছে। এসসিজিতে জ্বলে উঠছে কৃত্রিম আলো। তখনো চলছে অস্ট্রেলিয়ানদের উল্লাস, উদ্যাপন। হঠাৎ দেখা গেল মানিকজোড়ের মতো গলাগলি করে ঘুরে বেড়াচ্ছেন মাইকেল ক্লার্ক ও ড্যারেন লেম্যান!
এমনিতে খুব অস্বাভাবিক কোনো দৃশ্য নয়। কোচ-অধিনায়কের এমন দোস্তি থাকতেই পারে। কিন্তু কয়েক মাস আগের কথা ভাবুন। মিকি আর্থার ও ক্লার্কের এমন ছবি তো কারও সুদূরতম কল্পনাতেও ধরা পড়বে না। ক্লার্ক-লেম্যানের ছবিটাকে বলতে পারেন অস্ট্রেলিয়ার অ্যাশেজ সাফল্যের প্রতীকী। জনসন-হাডিনরা যদি হন মাঠের নায়ক, লেম্যান তবে নেপথ্য নায়ক। আর মাঠ ও ড্রেসিংরুমের যোগসূত্র যেন ক্লার্ক!
অস্ট্রেলিয়ার কোচ-অধিনায়ক যখন ভাসছেন প্রশংসা ও স্তুতিবন্যায়, উল্টো প্রান্তে ইংল্যান্ডের কোচ-অধিনায়ক। অ্যালিস্টার কুককে তো শূলে চড়ানো হচ্ছেই। সমালোচনার তোপ সবচেয়ে বেশি সামলাচ্ছেন অ্যান্ডি ফ্লাওয়ার। মাত্রই চার মাস আগে যাঁকে বলা হচ্ছিল ইংল্যান্ডের সর্বকালের সেরা কোচ, যাঁর কোচিংয়ে টানা তিনটি অ্যাশেজ জিতেছে ইংল্যান্ড, পেয়েছে প্রথম বিশ্ব শিরোপার স্বাদ (২০১০ ওয়ার্ল্ড টি-টোয়েন্টি), র্যাঙ্কিং শীর্ষে উঠেছে তিন সংস্করণেই, সেই কোচকেই এখন বিদায় করে দেওয়ার ডাক। ফ্লাওয়ার অবশ্য দৃঢ়কণ্ঠেই বলছেন, থেকে যেতে চান দায়িত্বে, শুরু করতে চান নতুনভাবে।
গত জুলাই-আগস্টে ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজের দুই সপ্তাহ আগে এমন বিধ্বস্ত অস্ট্রেলিয়ারই দায়িত্ব নিয়েছিলেন লেম্যান। ভারতে ধবলধোলাই হয়ে এসেছিল ক্লার্কের দল, ড্রেসিংরুমের অবস্থা ছিল যাচ্ছেতাই। ‘হোমওয়ার্ক’ না করায় চার ক্রিকেটারকে বহিষ্কার করেছিলেন আর্থার, বিশ্বের কাছে অস্ট্রেলিয়া হয়ে দাঁড়িয়েছিল হাস্যকর। লেম্যানের কোচিংয়ে চার মাস আগে ইংল্যান্ডে ৩-০-তে হেরে আসা দল প্রায় সেই একই দল নিয়ে জিতল ৫-০ ব্যবধানে। আর্থার ছিলেন যেন ছাত্রদের মনে কাঁপন ধরিয়ে দেওয়া রাগী হেডমাস্টার। লেম্যান সেখানে ছাত্রদের সুযোগ করে দেন আপন ভুবনে ভেসে বেড়ানোর, শিক্ষক হয়েও বিশ্বাসী কাছের বন্ধু।
আর্থারের সময়ে সবচেয়ে ভুক্তভোগী ছিলেন শেন ওয়াটসন। সেই সময়টাকে মনে করেই এখন একটু বেশি তৃপ্তি পাচ্ছেন সিরিজে পঞ্চম সর্বোচ্চ রান করা (৩৪৫) ব্যাটসম্যান, ‘ব্যক্তিগতভাবে এই সাফল্যকে আমার কাছে মনে হচ্ছে একটু বেশিই মধুর। আমার জীবনের সেরা মুহূর্ত এটি, সত্যিই। ড্যারেন লেম্যান দায়িত্ব নেওয়ার পর এক দিনের মধ্যে দলের আবহ বদলে দিয়েছিলেন। অস্ট্রেলিয়ার হয়ে খেলাটাকে আবার আনন্দময় করে তুলেছেন ড্যারেন। আমি নিশ্চিত, এটি সবারই মনের কথা।’
এটি যে সবারই মনের কথা, সেটি বলেছেন ক্লার্ক-হাডিনরাও। অ্যান্ডি ফ্লাওয়ারকে সেখানে শোনাতে হচ্ছে নতুন দিনের গান, ‘তেতো ওষুধের মতোই এই হার হজম করা কঠিন। তবে আমরা বাজেভাবে হেরেছি, এখন বাস্তবতার মুখোমুখি হতে হবে। আবার নতুন করে শুরু করতে হবে, সেটাই হওয়া উচিত। আবার সাফল্যের মুখ দেখার আগে হয়তো আমাদের আরও যন্ত্রণা সইতে হবে।’
ইংল্যান্ড দল ও কোচকে তুলাধোনা করছেন সাবেকেরা। ডেইলি টেলিগ্রাফ-এ জিওফ বয়কট লিখেছেন, ‘এমন একটি অস্ট্রেলিয়া দলের কাছে কুকরা নাস্তানাবুদ হয়েছে, যারা ভালো কিন্তু গ্রেট নয়। আগেরবার হোয়াইটওয়াশ করা দলে ছিলেন ওয়ার্ন-ম্যাকগ্রা-গিলক্রিস্টের মতো গ্রেটরা, যাদের কাছে ৫-০-তে হারায় লজ্জা নেই। কিন্তু এই দলের কাছে এমন হারে আমাদের লজ্জিত ও বিব্রত হওয়া উচিত।’ ওয়েবসাইট।