দুই প্রান্তে ভারত-পাকিস্তান
ম্যাচটির ওজন বোঝাতে গিয়ে মিসবাহ-উল-হক বলেছিলেন, ‘ফাইনাল ম্যাচ।’ ক্রিকেট-বিশ্বে সেটা হয়ে গেল মৃদু হাসির খোরাক। ‘ফাইনাল’ তো বটেই, ভারতের বিপক্ষে ম্যাচটি টুর্নামেন্টে পাকিস্তানের ফাইনাল ম্যাচই ছিল। বিদায় নিশ্চিত তো আগেই!
সেই ‘ফাইনালে’ একটি গর্বের রেকর্ড খুইয়ে বসল মিসবাহরা। আইসিসি টুর্নামেন্টগুলোর মধ্যে একমাত্র চ্যাম্পিয়নস ট্রফিতেই ভারতের কাছে অপরাজেয় ছিল পাকিস্তান। ওয়ানডে আর টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি সব লড়াইয়েই হেরেছে চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে। কিন্তু চ্যাম্পিয়নস ট্রফিতে জিতেছিল আগের দুই ম্যাচেই। শেষ আসরের শেষ ম্যাচে সেই রেকর্ডটাও শেষ। ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করে দেশে ফিরছে পাকিস্তান।
আর অব্যাহত ভারতের অপ্রতিরোধ্য যাত্রা। প্রতি ম্যাচেই যেন আরও শাণিত হচ্ছে মহেন্দ্র সিং ধোনির দল। তিন বিভাগেই দুর্দান্ত পারফরম্যান্সে পরশু পাকিস্তানকে উড়িয়ে দিল ৮ উইকেটে। গ্রুপ পর্বে পূর্ণ পয়েন্ট পাওয়া একমাত্র দলও ভারত। ব্যাটিংটা ভারতের বরাবরই ভালো, বোলিং ভালো-মন্দ মিশিয়ে, কিন্তু ফিল্ডিংটা কখনোই খুব ভালো ছিল না। এই টুর্নামেন্টে তরুণ ভারতীয় দলের ফিল্ডিংটাও হচ্ছে দুর্দান্ত। তৃপ্ত ধোনি তো নিজেদের বিশ্বসেরাই দাবি করলেন, ‘প্রতিটি বিভাগেই দলকে ভালো করতে দেখাটা তৃপ্তিদায়ক। এ মুহূর্তে আমরাই বিশ্বের সেরা ফিল্ডিং দল। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতেও একই একাগ্রতা ধরে রাখতে হবে আমাদের।’
ভারতীয় সমর্থকদের চি ৎ কার, উল্লাসধ্বনির মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ধোনির কথা ঠিকমতো শোনাই ছিল দায়। আর মিসবাহকে শুনতে হলো সমর্থকদের দুয়ো। মিসবাহর কথাগুলোও আগের মতোই, কণ্ঠে ব্যাটিং-ব্যর্থতার আক্ষেপ। সঙ্গে বারকবার বাদ সাধা বৃষ্টিকেও খানিকটা দায় দিলেন, ‘ব্যাটিং পারফরম্যান্স আবারও হতাশাজনক। এমন ব্যাটিং করলে জেতা মুশকিল। বৃষ্টিরও খানিকটা ভূমিকা আছে এতে।’
ব্যর্থতায় পাকিস্তান ক্রিকেট মহলে শুরু হয়েছে পালাবদলের ডাক। দলের খোলনলচে পাল্টে ফেলার পক্ষে সাবেকেরা, বিশেষ করে ব্যাটিংয়ে।
টুর্নামেন্টের এক ম্যাচেও পুরো ওভার খেলতে পারেনি দল, সর্বোচ্চ স্কোর ১৭০! শোয়েব মালিকের গড় ৮.৩৩, কামরান আকমলের ৭.৬৬, মোহাম্মদ হাফিজের ১২.৬৬ ও ইমরান ফারহাতের ২! সাবেকেরা তাই চান ব্যাটিংয়ে নতুন রক্ত। তবে কোচ ডেভ হোয়াটমোর খুব বেশি পরিবর্তনের পক্ষে নন, ‘ব্যর্থতার কারণ বুঝতে আইনস্টাইন হওয়ার দরকার নেই, আমরা খুব বেশি রান করতে পারিনি। কিন্তু প্রায় একই দল নিয়ে আমরা ভারতে ভারতকে হারিয়েছি। দল তো খারাপ নয়। একটা সিরিজেই কোনো দল খারাপ হয়ে যায় না।’
পাকিস্তান ভারতে সিরিজ জিতলেও পরে হেরেছে দক্ষিণ আফ্রিকায়, আগে হেরেছে ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে। দলে বড়সড় পরিবর্তন তো আসছেই, হোয়াটমোরের পদটাও কিন্তু নিরাপদ নয়! ওয়েবসাইট।