দুই বছর পর ব্রাজিল দলে নেই সিজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের আগে যেন চোটের মিছিল শুরু হয়েছে। একে একে অনেক সেরা তারকারই চোটের কারণে বিশ্বকাপ স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। চোট নিয়ে আতঙ্কে রয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলও। গেল সপ্তাহে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলতে গিয়ে আঘাত পেয়েছিলেন গোলরক্ষক হুলিও সিজার। পাছে বিশ্বকাপে তাঁকে হারাতে হয়, সেই ভয়ে তাঞ্জানিয়ার বিপক্ষে আজকের প্রীতি ম্যাচে সিজারকে বসিয়ে রাখছেন কোচ দুঙ্গা।ইতিমধ্যেই ব্রাজিলের অপরিহার্য খেলোয়াড় হিসেবে অলিখিত স্বীকৃতি পেয়ে গেছেন হুলিও সিজার। টানা দুই বছর ব্রাজিলের হয়ে প্রতিটি আন্তর্জাতিক ম্যাচেই খেলেছেন হুলিও সিজার। বিশ্বকাপে ব্রাজিলের গোলবার রক্ষার গুরুদায়িত্ব তাঁকেই দিয়ে রেখেছেন কার্লোস দুঙ্গা। দুই বছর পর সিজারের দলের বাইরে থাকার বিষয়টি নিশ্চিত করে গতকাল রোববার ব্রাজিল ফুটবল কনফেডারেশন রয়টার্সকে জানিয়েছে, তাঞ্জানিয়ায় দলের সঙ্গে যাচ্ছেন না সিজার। দক্ষিণ আফ্রিকায় ব্রাজিল দলের ফিজিওর অধীনে আঘাত সামলে ওঠার কার্যক্রম চালিয়ে যাবেন তিনি।ইন্টার মিলানের গোলরক্ষক হুলিও সিজারকে বিশ্বের অন্যতম সেরা হিসেবে বিবেচনা করা হয়। ২০০৮ সালে ভেনেজুয়েলার বিপক্ষে তাঁর অনুপস্থিতিতে ব্রাজিল হেরে যায় ২-০ গোলে। এরপর থেকে টানা ২৬টি আন্তর্জাতিক ম্যাচে ব্রাজিলের গোলবার প্রহরার দায়িত্বে ছিলেন তিনি।