দুই বছরের জন্য বার্সায় মার্টিনো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বার্সেলোনার ওয়েবসাইটে আনুষ্ঠানিক ঘোষণাটা এল গতকাল। যদিও জেরার্ডো মার্টিনো ন্যু ক্যাম্পের দায়িত্ব নিচ্ছেন, এটা নিশ্চিত হয়ে গিয়েছিল আগের দিনই। আর্জেন্টাইন এই কোচের সঙ্গে চুক্তির বিস্তারিত কিছু এখনো জানায়নি বার্সেলোনা। শুধু নিশ্চিত করেছে, দুই বছরের জন্য টিটো ভিলানোভার উত্তরসূরি হয়েছেন মার্টিনো। আনুষ্ঠানিকভাবে তাঁকে পরিচয় করিয়ে দেওয়ার পর জানানো হবে চুক্তির বাকি বিষয়গুলো। নিওয়েলস ওল্ড বয়েজের সাবেক এই মিডফিল্ডার ও কোচ সর্বশেষ কোপা আমেরিকায় ফাইনালে তুলেছিলেন প্যারাগুয়েকে। বার্সেলোনার ইতিহাসে চতুর্থ আর্জেন্টাইন কোচ হিসেবে ক্লাবের দায়িত্ব নিতে যাওয়া জেরার্ডো মার্টিনো কাল আর্জেন্টিনায় মুখোমুখি হয়েছিলেন সাংবাদিকদের। তাঁর অপ্রত্যাশিত নিয়োগের পেছনে লিওনেল মেসির হাত রয়েছে বলে নিজের বিশ্বাসের কথা জানিয়েছেন তিনি। এএফপি।