দুই বছরের মধ্যেই গিয়া হবেন সেরা!
দুই বছর পর বিশ্বের সেরা গোলরক্ষক হবেন কে? হাভিয়ের হার্নান্দেজ ভবিষ্যতের উত্তরটা দিয়ে দিচ্ছেন এখনই! ম্যানচেস্টার ইউনাইটেডের মেক্সিকান উইঙ্গারের ভবিষ্যদ্বাণী, ‘আগামী দুই বছরের মধ্যে বিশ্বের সেরা গোলরক্ষক হবেন ডেভিড ডি গিয়া।’নিজের জাতটা চেনাতে একটি ম্যাচই যথেষ্ট। গত বুধবার চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে তেমনই একটা ম্যাচ গেছে গিয়ার। ইউনাইটেডের গোলপোস্টের নিচে গিয়া ছিলেন দুর্দান্ত। অসাধারণ কিছু সেভ করে দলকে পরাজয়ের হাত থেকে বাঁচিয়েছেন, যা দেখে সতীর্থরাই শুধু নন, প্রশংসা করছেন সমালোচকেরাও। ২০১১ সালে অবসর নেন এডউইন ফন ডার সার। এই ডাচ কিংবদন্তির উত্তরসূরি হিসেবে অ্যালেক্স ফার্গুসন অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে নিয়ে আসেন স্প্যানিশ গোলরক্ষককে। ফার্গির সিদ্ধান্ত সব মহলে প্রশংসিত হয়নি। গিয়া ইউনাইটেডের মতো ক্লাবের যোগ্য গোলরক্ষক নন বলেও কথা উঠেছে। একের পর এক ভুল করে গিয়াও সমালোচকদের রসদ জোগাচ্ছিলেন। এখনো বক্সের দিকে ধেয়ে আসা বলে গিয়াকে নড়বড়ে লাগে। সেই গিয়াই রিয়ালের বিপক্ষে খেললেন অসাধারণ এক ম্যাচ। অনেকেই মনে করে ইউনাইটেডে এটিই গিয়ার সেরা ম্যাচ।ম্যানচেস্টার ইউনাইটেড টিভিকে দেওয়া সাক্ষাৎকারে সতীর্থের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন হাভিয়ের হার্নান্দেজ, ‘এমন অনেক মানুষ আছে, যারা ফুটবলটা বোঝে, তারা জানে ডেভিড শীর্ষ মানের গোলরক্ষক। আর এ কারণেই ম্যানচেস্টার ইউনাইটেড তাকে কিনেছে।’ সতীর্থের হয়ে নিন্দুকদের সমালোচনার জবাবও দিয়েছেন মেক্সিকান স্ট্রাইকার, ‘সে যদি এই ক্লাবে খেলার জন্য সঠিক মানের না হতো, তাহলে এখানে সে আসতে পারত না। আমার চোখে সে পরিপূর্ণ গোলরক্ষক। আপনি দেখে থাকবেন বুধবার সে দারুণ সব সেভ করেছে। আমি মনে করি, আগামী বছর দুয়েকের মধ্যে সে-ই হবে বিশ্বের সেরা।’ এএফপি।