দুই বন্ধুর লড়াইয়ে আমিনুলের হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২-০, ২-৩, ৩-৩, ৩-৪!ক্ষণে ক্ষণে রং বদলে ম্যাচটা শেষ পর্যন্ত রোমাঞ্চকর এক স্কোরলাইনই দেখল। অনেকটা ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচের মতো! ২ গোলে এগিয়ে গিয়েছিল বিজেএমসি। কিন্তু ম্যাচ শেষে জয়ী দলটির নাম শেখ রাসেল!বঙ্গবন্ধু স্টেডিয়ামে এরপর আবাহনী-আরামবাগ ম্যাচটা হলো অনেকটা একতরফা। পলের জোড়া গোলে আবাহনী তুলে নিয়েছে প্রত্যাশিত জয় (২-০)। দিনটা ভালো কেটেছে ব্রাদার্সেরও। গোপালগঞ্জে মুক্তিযোদ্ধার বিপক্ষে পিছিয়ে পড়েও তারা ড্র করেছে ১-১ গোলে। রোমাঞ্চ আর উত্তেজনার সব উপাদানই ছিল রাসেল-বিজেএমসি লড়াইয়ে। ২ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে ৯ মিনিটের মধ্যে রাসেল করল ৩ গোল। হঠাৎই ভোজবাজির মতো পাল্টাতে থাকল ম্যাচের চালচিত্র।একটা সময় মনে হচ্ছিল ম্যাচটা হতে যাচ্ছে দুই গোলরক্ষকের। আমিনুল বনাম বিপ্লব। দুই বন্ধুর পুরোনো দ্বৈরথ অনেক দিন পর দর্শক মনোযোগের কেন্দ্রে চলে এল এদিন। আমিনুল বিজেএমসিতে, বিপ্লব শেখ রাসেলে। দারুণ আস্থা নিয়ে শুরু করা আমিনুল শেষ পর্যন্ত হারলেন দলের রক্ষণের ভুলে। বিপ্লব শুরুতে ভুল করলেও সতীর্থদের কল্যাণে সেটি ঢাকা পড়ে গেছে। ৭ গোলের ম্যাচের শুরুটা বিপ্লবের বাজে গোল খাওয়া দিয়ে। পেতরিচের করা ব্যাকপাস পেয়ে বিপ্লব অসতর্কভাবে বল মারলেন প্রতিপক্ষ খেলোয়াড়ের পায়ে। তা থেকেই এলিটা কিংসলের শট রাসেলের জালে। ১৬ মিনিটে কিংসলের ক্রসে তকলিছের আলতো টোকায় ২-০। যদিও তকলিছ অফসাইডে ছিলেন বলে দাবি ছিল শেখ রাসেলের। ততক্ষণে শিরোপার অন্যতম দাবিদার শেখ রাসেলের রক্ষণ ভেঙে পড়েছে।২ গোলে দল এগিয়ে, তা দেখেই সম্ভবত উজ্জীবিত হয়ে উঠলেন আমিনুল। বিজেএমসির গোলরক্ষক বেশ কয়েকটা দারুণ সেভ করেছেন এরপর। কিন্তু দলের অতি-আক্রমণাত্মক মানসিকতা এবং রক্ষণদুর্বলতায় পোস্ট আর অক্ষত রাখতে পারেননি। আস্তে আস্তে জ্বলে ওঠে রাসেল, নির্দিষ্ট করে বললে রাসেলের ত্রাণকর্তা হাইতির প্লে-মেকার সনি নর্দে, যিনি ২ গোল করে ম্যাচের সেরা। জাহিদ-এমিলিরাও ভালো খেলেছেন। ৫৫ মিনিটে ২-১ করেন নর্দে। মিনিট তিনেক পর নর্দেরই তৈরি করা সুযোগ কাজে লাগান জাহিদ (২-২)। ৬৪ মিনেটে নর্দের দারুণ শটে এগিয়ে যায় রাসেল (৩-২)। ম্যাচটা হঠাৎই ভোজবাজির মতো পাল্টে গেল পুরোপুরি! ৭৩ মিনিটে ইসমাইল বাঙ্গুরা হেডে ৩-৩ করলেও বিজেএমসির শেষ রক্ষা হয়নি। ৮৫ মিনিটে হঠাৎ বজ্রপাত বিজেএমসির মাথায়। বক্সে জাহিদকে আটকাতে ফাউল করে বসেন আমিনুল। পেনাল্টি থেকে ৪-৩ করেন রাসেলের তারিক। পয়েন্ট পেতে পেতেও শূন্য হাত। বিজেএমসি কোচ জাকারিয়া বাবুর কাঠগড়ায় রেফারি মিজানুর রহমান, ‘রেফারি আমাদের দুটি পেনাল্টি দেননি। তিনিই আসলে আমাদের হারিয়ে দিয়েছেন।’ওদিকে আবাহনীর জয়ের নায়ক নাইজেরিয়ান স্ট্রাইকার পল চোট সারিয়ে কালই নামেন লিগের দ্বিতীয় ম্যাচে। ফিরেই ৩৮ ও ৫৫ মিনিটে গোল করে বোঝালেন দলে তাঁর অপরিহার্যতা।গোপালগঞ্জে ব্রাদার্সের বিপক্ষে ২২ মিনিটে মুক্তিযোদ্ধাকে এগিয়ে নেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার টাইসন। কিন্তু ৮০ মিনিটে ইবায়েদ হোসেনের (কমল) গোল জিততে দেয়নি নিজের মাঠে অপরাজেয় মুক্তিযোদ্ধাকে। ম্যাচের পর রেফারিকে গালি দিয়ে লাল কার্ডের শাস্তি পেয়েছেন মুক্তিযোদ্ধার ইউসুফ।দিন শেষে ১০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আবাহনীই। ৯ ম্যাচে শেখ রাসেল ২২। ১০ ম্যাচে বিজেএমসি ১২, মুক্তিযোদ্ধা ১৫, ব্রাদার্স ৮, আরামবাগ ৬।