দুই বাজে শটেই পেছালেন সিদ্দিকুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুটি বাজে শট! অস্ট্রেলিয়ার রয়্যাল মেলবোর্ন গলফ ক্লাবে কাল শুরু হওয়া গলফ বিশ্বকাপের প্রথম দিনে ওই দুই শটের মাশুলই গুনেছেন সিদ্দিকুর রহমান। প্রথম রাউন্ড শেষে পারের চেয়ে ২ শট বেশি খেলা সিদ্দিকুর আছেন আরও পাঁচজনের সঙ্গে যৌথভাবে ৩২ নম্বরে। ৬০ জনের প্রতিযোগিতায় মাত্র ১২ জনই কাল পারের চেয়ে কম শটে দিন শেষ করেছেন। ৭১ পারের খেলায় ৬৬ শট খেলে প্রথম দিনে যৌথভাবে শীর্ষে যুক্তরাষ্ট্রের কেভিন স্ট্রিলম্যান ও ডেনমার্কের টমাস বিয়র্ন।
কাল চারটি বার্ডি করা সিদ্দিকুর পিছিয়েছেন ১২ ও ১৩ নম্বর হোলে ট্রিপল ও ডাবল বগি করে। দুই হোলেই ৫ শট বেশি খেলেও বিশ্বকাপে বাংলাদেশের প্রথম গলফার অবশ্য ফিরেছেন দারুণভাবেই। ১৪তম ও ১৮তম হোলে বার্ডি করেছেন। ইঞ্চি ছয়েকের জন্য শেষ হোলটায় ইগল হয়নি। রয়্যাল মেলবোর্নের দ্রুতগতির সারফেসে মানিয়ে নিতেও সমস্যা হয়েছে কাল সিদ্দিকুরের। তথ্যসূত্র: পিজিএ ও এশিয়ান ট্যুর।