
আভিজাত্যের গরিমাই যা একটু এই ম্যাচের গায়ে লেগে আছে। এ ছাড়া বঙ্গবন্ধু স্টেডিয়ামে আজ প্রিমিয়ার ফুটবল লিগে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর প্রথম ম্যাচটি নিয়ে তেমন উন্মাদনা নেই।
আবাহনী প্রথম ও তৃতীয় ম্যাচে জয় তুলেছে ব্রাদার্স-মুক্তিযোদ্ধার বিপক্ষে। দ্বিতীয় ম্যাচে হোঁচট খেয়েছে ফেনী সকারের সঙ্গে (০-০)। মুক্তিযোদ্ধা ও উত্তর বারিধারার সঙ্গে প্রথম দুই ম্যাচে ড্রয়ের পর তৃতীয় ম্যাচে বিজেএমসির বিপক্ষে জয় দেখেছে মোহামেডান। আজ চতুর্থ ম্যাচেই একে অন্যের মুখোমুখি আবাহনী ও মোহামেডান।
বিদেশিরাই দীর্ঘদিন ধরে ঘরোয়া ফুটবলে নিয়ন্ত্রকের ভূমিকায়। আজও হয়তো ব্যতিক্রম হবে না। বিদেশি খেলোয়াড় সংগ্রহে মোহামেডানের চেয়ে একটু এগিয়ে আবাহনী। তবে দুই দলের অতীত লড়াই জানাচ্ছে, এমন স্নায়ুচাপের ম্যাচে জয়-পরাজয় নির্ভর করে সুযোগ কাজে লাগানোর ওপর। এবার কাগজে-কলমে সমানে সমান দুই প্রতিপক্ষ তাই সুযোগের ব্যবহার করে জয় তোলারই ছক কষছে।
আবাহনীর কোচ আলী আকবর পোরমুসলিমি ও মোহামেডান পর্তুগিজ কোচ রুই ক্যাপেলার লড়াইও এই ম্যাচ। যদিও পোরমুসলিমি এটিকে লড়াই মনে করেন না, ‘তিনি (ক্যাপেলা) তো আমার সহকর্মী। আমাদের দুই কোচের লড়াই মনে করছি না এই ম্যাচকে।’ ক্যাপেলার ভাঙা ভাঙা ইংরেজির মর্মার্থ, ‘লড়াই হবে দুই দলের। আমরা দুই কোচ মাঠের বাইরে বসে শুধু পরিকল্পনাই দিতে পারি।’
দুই কোচের রণকৌশল কী হবে সেটি পরের কথা। তবে আবাহনীতে আগে দুই মৌসুম কাজ করার সুবাদে এই ম্যাচটার উত্তাপটা চেনে। মোহামেডানের কোচ এই প্রথম পাচ্ছেন আবাহনী-মোহামেডান ম্যাচের স্বাদ।
বিকেল সাড়ে চারটায় শুরু ম্যাচে ক্যাপেলা চান আবাহনীকে সুস্বাদু খাবারে পরিণত করতে, ‘আবাহনী-মোহামেডান ম্যাচের কথা শুনেছি। অনেক বড় ম্যাচ। আবাহনীর দুটি ম্যাচ দেখেছি। ওরা ভালো দল। তবে আমি আবাহনীকে হারিয়ে রাতে ভালো ডিনার করতে চাই।’
পোরমুসলিমি ক্যাপেলার মতো আক্রমণাত্মক ৪-৩-৩ ছকই পছন্দ করেন। আজ হয়তো দুই কোচেরই মাথায় থাকবে এই ছক। আবাহনী লিগের প্রথম দুটি ম্যাচে একটু ছন্দহীন থাকলেও তৃতীয় ম্যাচে ছন্দ ফিরে পেয়ে মুক্তিযোদ্ধাকে হারিয়েছে ৩-১ গোলে। ঘানাইয়ান প্লে-মেকার ইব্রাহিম ২ গোল করেছেন ওদিন স্ট্রাইকার হিসেবে খেলে। তাঁর স্বদেশি স্ট্রাইকার মরিসন এবং উইঙ্গার তৌহিদও স্ট্রাইকারের ভূমিকায় চোখ কেড়েছেন। কাল ক্লাব মাঠে অনুশীলনের ফাঁকে আবাহনীর ইরানি কোচ বলছিলেন, ‘দ্রুত আক্রমণ এবং দ্রুত রক্ষণের ওপরই আমি বেশি জোর দিচ্ছি।’
মোহামেডানের আক্রমণে এমিলি, জাহিদ, ওয়াহেদ। সঙ্গে মোস্তফাও যোগ দিচ্ছেন। এই খেলোয়াড়েরা জ্বলে উঠতে পারলে জয় আশা করতে পারে মোহামেডান। লড়াইটা তাহলে জমছে?
সময় বলবে। তবে জমাট লড়াই-ই প্রত্যাশা ফুটবল অনুরাগীদের!