ফাইনালের আগে ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে তাদের তিনটি ফাইনালই গড়িয়েছিল টাইব্রেকারে। তিনটি ম্যাচেই ভাগ্যকে পাশে পেয়েছিল মহেশখালী মেহেরিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। কিন্তু কাল আর ভাগ্যদেবী ফিরে তাকাল না কক্সবাজারের স্কুলটির দিকে। বঙ্গবন্ধু স্কুল ফুটবলের ফাইনালে কাল তারা সাডেন ডেথে ১০-৯ গোলে হারল নীলফামারী দক্ষিণ দোনদারি কেরানিপাড়া স্কুলের কাছে। নির্ধারিত সময়ে কোনো গোল দেখেনি ম্যাচটি। বঙ্গমাতা ফজিলাতুন্নেসা গোল্ডকাপে চ্যাম্পিয়ন বৃহত্তর রংপুরেরই স্কুল রংপুর পালিচড়া প্রাথমিক বিদ্যালয়। মেয়েদের এই টুর্নামেন্টের ফাইনালে কাল সিলেটের জৈন্তাপুরের নিশ্চিন্তপুর প্রাথমিক বিদ্যালয়কে তারা হারিয়েছে ৩-০ গোলে। দুটি গোল করেছে রোকসানা, একটি স্বপ্না।ফাইনাল উপলক্ষে যেন নতুন সাজে সেজেছিল বঙ্গবন্ধু স্টেডিয়াম। নানা রঙের পতাকার সঙ্গে মাঠে উড়ছিল বর্ণিল বেলুন। ছিল বঙ্গবন্ধু ও বঙ্গমাতার ব্যানার ও প্ল্যাকার্ড। গ্যালারিতে ছিল বিভিন্ন স্কুলের প্রায় হাজার দশেক ছাত্রছাত্রী। উৎসবের আমেজেই সবাই ফিরল বাড়ি।খেলা শেষে মাঠে ল্যাপ অব অনার দিয়েছে নীলফামারীর স্কুলটির ছাত্ররা। কোচ শওকত আলী ছাত্রদের সাফল্যে গর্বিত, ‘কঠোর অনুশীলনের পুরস্কার পেয়েছে ওরা।’ টুর্নামেন্টের শিরোপা জয়ের লক্ষ্যে নয় মাস ধরে অনুশীলন করেছে খেলোয়াড়েরা। স্কুলের টিফিনের পর থেকে বিকেল পাঁচটা পর্যন্ত টানা চলত অনুশীলন। আর্থিক অসচ্ছলতা তাদের অংশ নিতে দেয়নি প্রথম আসরে। দ্বিতীয় আসরে অংশ নিয়ে বাদ পড়ে যায় জেলা পর্যায়েই। টাকাপয়সা এবারও ছিল বড় সমস্যা, অনুশীলনও নির্বিঘ্ন ছিল না। শুরুর দিকে ছাত্রদের বল-জার্সি কেনার টাকাটাও ঠিকমতো জোগাড় করা যায়নি। তবে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই সবার মধ্যে আলাদা একটা তাগিদ আসে, চ্যাম্পিয়ন হতে হবে! নিজে উদ্যোগী হয়ে অনুশীলন করিয়েছেন কোচ শওকত আলী। টাকাপয়সার জন্য ছুটে গেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, চেয়ারম্যান ও চেম্বার অব কমার্সের কর্মকর্তাদের কাছে। তাঁদের আর্থিক সহযোগিতায় চলেছে অনুশীলন।বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছে চ্যাম্পিয়ন দলের পারভেজ। তবে ফাইনালের সেরা খেলোয়াড়ের পুরস্কার উঠেছে মহেশখালী মেহেরিয়াপাড়ার গোলরক্ষক তাহেরের হাতে। বঙ্গমাতা ফুটবলের ম্যাচসেরা, টুর্নামেন্ট-সেরা ও সর্বোচ্চ গোলদাতার তিনটি পুরস্কারই পেয়েছে চ্যাম্পিয়ন রংপুরের পালিচড়ার স্কুলের রোকসানা পারভিন। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।