দুই ব্রাজিলিয়ান নিয়ে নামছে মুক্তিযোদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার মাঠে এখন ব্রাজিলিয়ান ফুটবলার আছেন একজন। ব্রাদার্স ছেড়ে শেখ জামালে নাম লেখানো এভারটন। তবে আজ দেখা যাবে আরও দুজন ব্রাজিলিয়ানকে—মিডফিল্ডার লিমা ও ডিফেন্ডার রাফায়েল। মুক্তিযোদ্ধার জার্সি গায়ে ফেডারেশন কাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ঢাকার ফুটবলে প্রথম মাঠে নামছেন এঁরা। প্রতিপক্ষ ফরাশগঞ্জ।মুক্তিযোদ্ধার কোচ শফিকুল ইসলাম দুই ব্রাজিলিয়ানকে নিয়ে বেশ আশাবাদী। বিশেষ করে লিমাকে নিয়ে তাঁর প্রত্যাশাটা একটু বেশিই, ‘দুই ব্রাজিলিয়ানকেই অনুশীলনে আমার ভালো লেগেছে। আমার তো মনে হয়, ঢাকার মাঠে অন্যতম সেরা বিদেশি হিসেবে লিমাকে দেখব আমরা। ওর স্কিল, চিন্তাশক্তি খুবই ভালো। সবচেয়ে বড় কথা, সে টিম প্লেয়ার।’এভারটন গত মৌসুমে ভালো শুরু করলেও পরে আর ঝলকটা ধরে রাখতে পারেননি। লিমা-রাফায়েলের খেলায় চিরন্তন ব্রাজিলীয় ছোঁয়া থাকে কি না, সেটিই এখন দেখার। ফেডারেশন কাপে শেষ চারে যাওয়ার লড়াইয়ে আজ দুটি কোয়ার্টার ফাইনাল। বঙ্গবন্ধু স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা-ফরাশগঞ্জ ম্যাচ সাড়ে পাঁচটায়। একই মাঠে আড়াইটায় শুরু বিজেএমসি-রহমতগঞ্জ ম্যাচ। সবচেয়ে আকর্ষণীয় লড়াইটা আগামীকাল। ফেডারেশন কাপের বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীর সামনে বাংলাদেশ লিগ চ্যাম্পিয়ন শেখ জামাল। আগামী পরশু শেষ কোয়ার্টার ফাইনালে শেখ রাসেলের প্রতিপক্ষ আরামবাগ। গ্রুপ পর্বে অঘটন ছিল। অখ্যাত কক্স সিটির কাছে হেরে বিদায় নিয়েছে মোহামেডান। আবাহনীকে হারিয়ে চমক দেখিয়েছে ফেনী সকার। মুক্তিযোদ্ধার বিপক্ষে জিতেছে বিজেএমসি। ওয়ারীতে আটকে গিয়ে শেষ হয়ে গেছে ব্রাদার্সের ফেডারেশন কাপ।নকআউট পর্বে হারলেই সব শেষ। সব দলই হিসাব কষে মাঠে নামার প্রস্তুতি নিয়েছে। তবে চাপটা বড় দলের ওপরই বেশি। তুলনায় ছোট দলগুলো চাপমুক্ত থেকে অপেক্ষায় আছে অঘটন ঘটিয়ে সেমিফাইনালে জায়গা নিতে। গতবার স্বাধীনতা কাপে চ্যাম্পিয়ন ফরাশগঞ্জের কোচ কামাল বাবু আগেই বলে রাখছেন, ‘হারের আগেই হারব না আমরা।’ রহমতগঞ্জের কোচ মাহমুদুল হকেরও আশায় বসতি, ‘প্রতিপক্ষ আমাদের চেয়ে শক্তিশালী হতে পারে, কিন্ত মাঠে কী হবে কে বলতে পারে।’ ২৭ বছর পর ফুটবলে ফিরেছে বিজেএমসি। দলটির কোচ জাকারিয়া বাবু খুশি তাঁর দলের পারফরম্যান্সে,‘ যেভাবে চাইছি, সেভাবেই হচ্ছে। আশা করি, সামনে এগিয়ে যাব আমরা।’