দুই ভাইয়ের লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিন্স বোয়েটাংয়ের সেই কষ্টের দিনটা আজ। তাঁর দুই সন্তান আজ পরস্পরের বিরুদ্ধ শিবিরে। ভদ্রলোক অবশ্য একটু স্বস্তি পেতে পারেন—ঘানার কেভিন-প্রিন্স বোয়েটাং দুই ম্যাচ খেললেও জার্মানির জেরোম বোয়েটাং এখনো পর্যন্ত মাঠে নামতে পারেননি। ফলে আজও মাঠে তাঁদের আক্ষরিক অর্থে মুখোমুখি হয়ে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তাতে অবশ্য উত্তেজনা থেমে নেই। জার্মান ও ঘানা দলে দুই বোয়েটাং ভাইয়ের উপস্থিতি এমনিতেই হয়তো আলোচনার ব্যাপার হতো। কিন্তু মাইকেল বালাকের ইনজুরি-কাণ্ডের পর থেকে বিষয়টি দুই দলের জন্যই দারুণ স্পর্শকাতর ব্যাপারে পরিণত হয়েছে। এফএ কাপের ফাইনালে চেলসির মাইকেল বালাককে ‘বাজে ট্যাকেল’ করেছিলেন পোর্টসমাউথের কেভিন-প্রিন্স বোয়েটাং। সেই ট্যাকেলের ফলে বিশ্বকাপ থেকেই ছিটকে পড়লেন জার্মানির তৎকালীন অধিনায়ক বালাক। সঙ্গে সঙ্গে এই ঘটনায় ষড়যন্ত্র খুঁজে পেলেন জার্মানরা। বলা হলো, ঘানার বোয়েটাং ইচ্ছে করে বালাককে বিশ্বকাপ থেকে ছিটকে ফেলেছে। ঘানা আর জার্মানি যেহেতু একই গ্রুপের দল, তাই তত্ত্বটা বেশ জনপ্রিয়ও হলো। এই ঘটনার পর কেভিন-প্রিন্স বারবার ক্ষমা চেয়েছেন বালাকের কাছে। বালাক ক্ষমা করলেও জার্মানরা ছাড়েনি। কেভিনকে হাতের কাছে না পেয়ে তাঁর সৎ ভাই, জার্মান বিশ্বকাপ দলের ডিফেন্ডার জেরোম বোয়েটাংকে আক্রমণ করছিল জার্মান মিডিয়া। পরে কোচ জোয়াকিম লোর আহ্বানে সেই খোঁচাখুঁচি বন্ধ হলেও বিষয়টি সেখানে মিটে যায়নি। জেরোম বোয়েটাং সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছেন ভাই কেভিন-প্রিন্সের সঙ্গে। বিশ্বকাপ শুরুর আগে মনে হচ্ছিল, দুই বোয়েটাংয়ের এই দ্বন্দ্ব মিডিয়াতেই শেষ হয়ে যাবে। কারণ, গ্রুপ পর্বের শেষে ঘানা-জার্মানি ম্যাচের তো এমনিতে আর গুরুত্ব থাকার কথা না। কিন্তু নিয়তির কী পরিহাস! সেই ঘানা-জার্মানি ম্যাচই এখন দু দলের ভাগ্যনিয়ন্তা হয়ে দাঁড়িয়েছে। হিসেবনিকেশ বরং বলছে, আজকের ম্যাচের আগে ঘানাই একটু এগিয়ে আছে। এমন অবস্থায় আবার আলোচনায় চলে এসেছে বোয়েটাং প্রসঙ্গ। ভাবখানা এমন—কেভিন-প্রিন্স আহত না করলে বালাক দলে থাকতেন, আর বালাক থাকলে এমন বিপাকে পড়ে না জার্মানি। আবারও কেভিন-প্রিন্সকে তাই পুরোনো প্রশ্নের জবাব দিতে হলো। কণ্ঠে একটু বিরক্তিও ঝরে পড়ল মনে হয়, ‘যা যা করতে পারতাম সবই তো করেছি। হ্যাঁ, ট্যাকেলটা একটু দেরিতে করেছিলাম। কিন্তু মাঠেই ও (বালাক) যখন চিকিৎসা নিচ্ছিল, তখন দুবার ক্ষমা চেয়েছি। এর পরও একবার চেয়েছি।’ক্ষমা চান আর যাই করুন, জার্মানদের রাগ পড়ছে না। বাকি জার্মানদের কথা কী বলবেন? ভাই জেরোম পর্যন্ত সোজা বলে দিলেন, কেভিনের সঙ্গে বিশ্বকাপের সময় কোনো আলাপ করারও ইচ্ছে নেই তাঁর, ‘ও আমার ভাই-ই আছে। আমি ওর ভালোই কামনা করি। কিন্তু এখন আমাদের পরস্পরের সঙ্গে কথা বলার কোনো কারণই নেই।’কেভিন-প্রিন্সের প্রতি জার্মানদের এই ক্ষোভটা একটু শঙ্কায় ফেলে দিয়েছে দলের মহাপরিচালক অলিভার বিয়েরহফকে। তিনি ভয় পাচ্ছেন, কেভিন মাঠে নামলে জার্মানরা না প্রতিশোধ নিতে চায়। তাই সবাইকে সতর্ক করে দিয়েছেন, ‘আমাদের অবশ্যই শান্ত থাকতে হবে। মনে রাখতে হবে আমরা কেভিন-প্রিন্স বোয়েটাংয়ের বিপক্ষে মাঠে নামছি না, মাঠে নামব ঘানার বিপক্ষে। ওর সঙ্গে অবশ্যই ভদ্র আচরণ করতে হবে।’ সবকিছু দেখে-শুনে বালাকের বেশ মজা পাওয়ার কথা। না থেকেও দিব্যি আজ মাঠে থাকবেন বালাক! এএফপি।