দুই ভুবনের দুই বাসিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই মেরুর মানুষ তাঁরা। একজন তারুণ্যে টগবগ করেন। আরেকজন বয়স ও অভিজ্ঞতার ভারে স্থির হয়ে থাকেন। একজনের বলার মতো কোনো অতীত নেই। আরেকজন খেলোয়াড়ি ও কোচিং জীবনের ঐতিহ্য বহন করে চলেছেন।চরিত্রে, ক্যারিয়ারে, আচার-আচরণে একেবারেই দুই মেরুর বাসিন্দা জোয়াকিম লো এবং ভিসেন্তে দেল বস্ক আজ পরস্পরের বিপক্ষে লড়বেন। পাশাপাশি দুই ডাগ-আউটে বসে ছক।যতই তাঁদের জগৎ ভিন্ন হোক না কেন, একটা জায়গায় এক বিন্দুতে মিলে গেছেন এই প্রবীণ ও নবীন দুই কোচ। অন্তত দুই বছর ধরে ইউরোপের, তথা বিশ্বের অন্যতম সফল দুটি দলকে পরিচালনা করছেন এই দুই কোচ। আজ তাঁদের সাফল্যের পরীক্ষা। আজ প্রমাণ হবে, জগতের বৃহত্তম আসরে নবীন-প্রবীণের এই লড়াইয়ে কে এগিয়ে!দেল বস্ক ও লো কতটা ভিন্ন জগতের মানুষ, এটা জানার জন্য তাঁদের ক্যারিয়ার ঘাঁটাঘাঁটির কোনো দরকার নেই। মাঠে দুজনকে দেখলেই চলে। জোয়াকিম লোর বয়স ৫০; কোচদের বিবেচনায় তাঁকে তরুণই বলা চলে।আচার-আচরণে ম্যারাডোনা-সুলভ প্রগলভতা নেই। তবে তারুণ্য ঠিকরে বের হয়। ডাগ-আউটে এসেই কোটটা খুলে রেখে শুধু আঁটসাঁট কাশ্মীরি সোয়েটার পরে সারাটা ম্যাচ দাঁড়িয়ে থাকেন। চিৎকার-চেঁচামেচি খুব একটা না করলেও চোখে-মুখে আবেগ খেলে বেড়ায়। একটু বিপদ দেখলে দারুণ অশান্ত হয়ে ওঠেন।আর দেল বস্ক? মনে হয় যেন দর্শনের অধ্যাপক, গভীর কোনো দর্শনতত্ত্বের ভাবনায় মগ্ন। মাঠে এসেই চেয়ারটায় বসলেন তো বসলেন, বাঁশি না বাজলে আর ওঠার নাম নেই। দল গোল দিলে একটু চোখটা উজ্জ্বল হয়, কী হয় না! ছেলেরা গোল হজম করলেও বিকার নেই সদা বিষণ্ন মুখে। মুখে হাসি-কান্না যেন কোনো কালেই ছিল না।এমন নিরাবেগ আচরণের ব্যাখ্যাও আছে দেল বস্কের কাছে, ‘আমার কাজ হলো খেলোয়াড়দের প্রতিদিন যার যার কাজটা করতে বলা। কিন্তু কারও ওপর কিছু চাপিয়ে দেওয়া বা সবাইকে দেখানো যে আমিই নেতৃত্বে আছি—এটা কোনো কাজের কথা নয়।’দেল বস্কের খেলোয়াড়ি জীবনটাও অন্য রকম। তেমন কোনো বড় তারকা ছিলেন না। স্পেনের হয়ে ১৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তবে ভালো সময় কাটিয়েছেন রিয়াল মাদ্রিদের হয়ে। ডিফেন্সিভ মিডফিল্ডার দেল বস্ক রিয়ালের হয়ে ৩১২টি ম্যাচ খেলেছেন। রিয়ালের সঙ্গেই খেলোয়াড় হিসেবে পাঁচবার স্প্যানিশ লিগ, চারবার কোপা দেল রে জিতেছেন। ওই রিয়ালের হয়েই কোচ হিসেবে দুবার স্প্যানিশ লিগ ও দুবার চ্যাম্পিয়নস লিগ জিতেছেন।দেল বস্কের এই অতীতের তুলনায় লোর বলার মতো কিছুই নেই। জার্মানির দ্বিতীয় বিভাগ ফুটবলের কিছু ক্লাবে ১৯৭৮ থেকে ১৯৯৫ পর্যন্ত একেবারেই অনুজ্জ্বল একটা খেলোয়াড়ি জীবন কাটিয়েছেন। স্টুটগার্ড বা ফেনেরবাচের দায়িত্ব পালন করা লো বরং কোচিং ক্যারিয়ারটা একটু বলার মতো করে শুরু করতে পেরেছিলেন। ১৯৯৮ সালে স্টুটগার্ডকে নিয়ে কাপ উইনার্স কাপের ফাইনাল খেলেছেন।পরে তুরস্ক, অস্ট্রিয়ার কিছু ক্লাবের দায়িত্ব পালন করতে গিয়ে আড়ালেই চলে গিয়েছিলেন। আলোতে এলেনও বড় নীরবে। দফায় দফায় বেকার হয়ে ঘুরতে থাকা লো’কে হঠাৎই জার্মান জাতীয় দলের সহকারী কোচ বানিয়ে ফেললেন ইয়ুর্গেন ক্লিন্সমান। কী বিস্ময়! সেই লোককেই বসিয়ে দেওয়া হলো ক্লিন্সমানের ছেড়ে যাওয়া চেয়ারে।চেয়ারটায় বসে নিজেকে চেনাতে শুরু করলেন। গত ইউরোর ফাইনালে তুলেছেন জার্মানিকে। বালাক, রেনে এডলারকে হারিয়ে একটু খর্ব শক্তির তরুণ জার্মানি নিয়ে বিশ্বকাপে এসেছেন। এখনো পর্যন্ত বাজিমাত করেই পথ চলছেন।এই জায়গায় দেল বস্ক আর লো একাকার হয়ে গেছেন। দেল বস্ক তারকাখচিত স্পেনের দায়িত্ব নিয়েছিলেন আরেক প্রাজ্ঞ, সফল কোচ লুইস আরাগোনাসের কাছ থেকে। আরাগোনাসের ইউরোজয়ী দলের সাফল্যের ধারাটা দারুণভাবে ধরে রাখলেন দেল বস্ক।কনফেডারেশনস কাপের সেমিফাইনালে হারলেন বটে; কিন্তু পরিসংখ্যান কথা বলবে দেল বস্কের হয়ে। স্পেনকে নিয়ে ৩১ ম্যাচের ২৯টিই জিতেছেন। এবার বিশ্বকাপ হার দিয়ে শুরু করলেও ঠিকই স্পেনকে তাদের প্রথম সেমিফাইনালে তুলে এনেছেন।এবার দেখা যাবে এই দুই সফলের লড়াই, প্রবীণ-নবীনের লড়াই, আবেগ-নিরাবেগের লড়াই। এএফপি ও ওয়েবসাইট অবলম্বনে।