দুই মাঠে দুই চিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেঞ্চুরির পর উত্তরাঞ্চলের ফরহাদ হোসেনের উদ্যাপন। কাল বিকেএসপির তিন নম্বর মাঠে, শামসুল হক
সেঞ্চুরির পর উত্তরাঞ্চলের ফরহাদ হোসেনের উদ্যাপন। কাল বিকেএসপির তিন নম্বর মাঠে, শামসুল হক

পাশাপাশি দুটি মাঠ। এক মাঠ থেকে তাকিয়ে আরেক মাঠের খেলা দেখা যায়। পাশাপাশি দুই মাঠে দেখা গেল কাল দুই চিত্র। বিকেএসপি তিন নম্বর মাঠে হামিদুল-ফরহাদরা ব্যাটিংয়ের ফাঁকে ফাঁকে হয়তো দেখেছেন চার নম্বর মাঠে মুমিনুল-নাজিম-মোসাদ্দেকদের আসা-যাওয়া। কিংবা ড্রেসিংরুমে ফিরে মুমিনুলরা হয়তো দেখেছেন ফরহাদদের ব্যাটিং-দৃঢ়তা। তিন নম্বর মাঠে টস জিতে ব্যাটিংয়ে নামা উত্তরাঞ্চল যেখানে সারা দিনে মাত্র ৪ উইকেট হারিয়ে তুলেছে ২৮৭, পাশের মাঠেই টস জিতে ব্যাটিংয়ে নামা পূর্বাঞ্চল গুটিয়ে গেছে ১৩৫ রানে!

স্কোর দেখলে মনে হতে পারে চার নম্বর মাঠের উইকেট বুঝি ব্যাটসম্যানদের বধ্যভূমি। কিন্তু পূর্বাঞ্চলের সিনিয়র ক্রিকেটার এনামুল হক জুনিয়রের অকপট স্বীকারোক্তি, ‘নির্ভেজাল ব্যাটিং উইকেট। আমরাই খুব বাজে ব্যাটিং করেছি। ব্যাটিং উইকেট ছিল বলেই না টস জিতে আমরা ব্যাটিং নিয়েছিলাম!’ উইকেটে যে জুজু ছিল না, সেটার প্রমাণ দিতেই যেন ১ উইকেট হারিয়েই পূর্বাঞ্চলের রানকে প্রায় ধরে ফেলেছে দক্ষিণাঞ্চল। আজ লিড নিতে চাই মাত্র ২৮ রান।

পূর্বাঞ্চল না পারলেও ব্যাটিং উইকেটের ফায়দা ঠিকই নিয়েছে উত্তরাঞ্চল। সৌজন্য দলের টপ অর্ডার। জুনায়েদ-হামিদুলের উদ্বোধনী জুটিতে এসেছে ৮৮ রান। যদিও দুজনের ব্যাটে ছিল দুই রূপ। শুরু থেকেই স্ট্রোক খেলেছেন জুনায়েদ সিদ্দিক, ৫২ বলে পঞ্চাশ ছোঁয়ার পর ৬৫ করে ফিরেছেন ১১ চারে। জুনায়েদকে ফিরিয়ে মধ্যাঞ্চলকে প্রথম ব্রেক থ্রু দেন বিপিএল ফিক্সিংয়ের অভিযোগ মুক্ত হয়ে ক্রিকেটে ফেরা মোশাররফ হোসেন। উইকেটকিপার-ব্যাটসম্যান হামিদুলকে নিয়ে দ্বিতীয় উইকেটে অভিজ্ঞ ফরহাদ যোগ করেন ৮৫। জমে যাওয়া এই জুটি ভেঙেছে মার্শাল আইয়ুবের পার্টটাইম লেগ স্পিনে। ২১৬ মিনিটে ৬০ করেছেন হামিদুল। ফরহাদ হোসেন প্রথম শ্রেণীর ক্রিকেটে সপ্তম সেঞ্চুরি ছুঁয়েছেন ২২২ মিনিটে। থিতু হয়েও অবশ্য বড় কিছু করতে পারেননি নাঈম (৩৮)। সেঞ্চুরি দিয়ে জাতীয় লিগ শেষ করা তানভিরকে নিয়ে আজ দিন শুরু করবেন অধিনায়ক নাসির।

জাতীয় লিগে যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই শুরু করেছেন আবদুর রাজ্জাক। ওই ম্যাচে ৭ উইকেট পাওয়া বাঁহাতি স্পিনার কাল ২২.৪ ওভারে মাত্র ৩৪ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন আরেক জাতীয় স্পিনার সোহাগ গাজী (৩/৪১)। একজনও বিশেষজ্ঞ পেসার না নিয়ে নেমেছিল দক্ষিণাঞ্চল, বোলিং শুরু করেছিলেন দুই ব্যাটিং অলরাউন্ডার জিয়াউর ও সৌম্য। রাজ্জাক-সোহাগের সঙ্গে আরেক স্পিনার নাজমুল অপু (১/৩৬) মিলেই ধসিয়ে দিয়েছেন পূর্বাঞ্চলকে। ফিফটিতে দিন শেষ করা এনামুল নামবেন আজ সেঞ্চুরির আশায়, দক্ষিণাঞ্চল চাইবে বড় লিড।

ওয়ালটন মধ্যাঞ্চল-বিসিবি উত্তরাঞ্চল

উত্তরাঞ্চল ১ম ইনিংস: ২৮৭/৪ (ফরহাদ হোসেন ১০৯, জুনায়েদ ৬৫, হামিদুল ৬০, নাঈম ৩৮; ইলিয়াস সানি ২/৫৭, মার্শাল ১/২৯, মোশাররফ ১/৫০)।

ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল-প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল

পূর্বাঞ্চল ১ম ইনিংস: ১৩৫ (অলক ৫৬, সাদমান ৩৩; রাজ্জাক ৪/৩৪, সোহাগ ৩/৪১, জিয়া ১/৮, অপু ১/৩৬)। দক্ষিণাঞ্চল ১ম ইনিংস: ১০৮/১ (এনামুল ৫৯*, ইমরুল ৩৮; এনামুল জু. ১/৪৫)।