দুই মাসেও শেষ হয়নি যে টুর্নামেন্ট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার দিনে পাঁচটি ইভেন্ট—তার পরও টুর্নামেন্ট শেষ হয়নি! গত ১৬ জুলাই পল্টন উডেনফ্লোর জিমনেসিয়ামে শুরু হয়েছিল লোটো উন্মুক্ত টেবিল টেনিস। পুরুষ ও মহিলা দলগত, মহিলা একক এবং বালক অনূর্ধ্ব-১৫—এই চারটি ইভেন্ট শেষ হলেও এখনো বাকি আছে পুরুষ এককের ফাইনাল। যেটি হবে ১৪-১৫ সেপ্টেম্বর।সময়মতো টুর্নামেন্ট শেষ না হওয়ায় খুবই খেলোয়াড়েরা হতাশ। টেবিল টেনিস খেলোয়াড় মাহবুব বিল্লাহ বললেন, ‘আমরা তো ওই সময় আড়াই দিন বসেই কাটিয়েছি। টুর্নামেন্ট কমিটি সবার মন রক্ষা করতে গিয়ে খেলাটাই শেষ করতে পারল না। সিনিয়রদের সঙ্গে আসলে ফেডারেশন বিমাতাসুলভ আচরণ করছে। এভাবে দুই মাস ধরে টুর্নামেন্ট চললে খেলোয়াড়দের সামগ্রিক মান কমে যাবে।’ নড়াইলের দুই কলেজছাত্র রিয়াজ মাহমুদ ও হাসিব-উর-রহমান টুর্নামেন্টের বাকি অংশ খেলতে এখন ঢাকায়। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের ডরমিটরিতে থাকছেন, অনুশীলন করছেন দুই বেলা। ক্লাব খরচ দিলেও পড়াশোনা নিয়ে বেশ চিন্তিত রিয়াজ, ‘সামনেই পরীক্ষা। সময়মতো টুর্নামেন্ট হলে আমাদের আবারও ঢাকায় আসতে হতো না।’সময়মতো টুর্নামেন্ট শেষ করা নিয়ে কারও মাথাব্যথাই নেই। ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুল হুদা ব্যস্ত নিজের ব্যবসা নিয়ে। বর্তমানে তিনি হংকংয়ে। গত জানুয়ারিতে অ্যাডহক কমিটি দায়িত্ব নিলেও এখনো কোনো সিনিয়র জাতীয় প্রতিযোগিতা এবং প্রথম বিভাগ লিগ আয়োজন করতে পারেনি।