দুই মিলানের দুই রকম শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রচণ্ড গরমের কারণে পরশু এসি মিলানের বেশির ভাগ সমর্থকই মাঠে আসেনি। সান সিরোর গ্যালারির অর্ধেকটাই ছিল ফাঁকা। হতাশায় বিদ্ধ হতে হয়নি তাদের সরাসরি। যারা এসেছিল, গা-পোড়া গরমের সঙ্গে নতুন মৌসুমের প্রথম লিগ ম্যাচে প্রিয় দলের হারের যন্ত্রণা নিয়ে তাদের ফিরতে হয়েছে। নিজেদের মাঠ সান সিরোতে মিলান সিরি ‘আ’তে ফিরে আসা সাম্পদোরিয়ার কাছে পরশু হেরে গেছে ১-০ গোলে। মিলানের হারের দিনই তাদের নগরপ্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানের লিগ সূচনা হয়েছে জয় দিয়ে। নবাগত পেসকারার মাঠে গিয়ে ইন্টার জিতেছে ৩-০ গোলে।তারকা ডিফেন্ডার থিয়াগো সিলভার সঙ্গে স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচকেও প্যারিস সেন্ট জার্মেইয়ের কাছে বিক্রি করে দিয়েছে মিলান। আন্তোনিও কাসানোও ঠিকানা বদলে উঠেছেন ইন্টার মিলানে। কাসানোর বদলে মিলান ২৮ বছর বয়সী স্ট্রাইকার জিয়ামপাওলো পাজ্জিনিকে পেলেও সিলভা-ইব্রাহিমোভিচের শূন্যস্থান পূরণ করতে নতুন করে তেমন কাউকে দলে টানেনি। প্রথম ম্যাচেই সাম্পদোরিয়ার কাছে হার যেন মিলানকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, দলের শক্তি না বাড়ালে সামনে অপেক্ষা করছে কঠিন সময়।ম্যাচ পাতানোর দায়ে সাম্পদোরিয়াকে মৌসুম শুরু করতে হয়েছে ১ পয়েন্ট ঋণের বোঝা মাথায় নিয়ে। প্রথম ম্যাচেই পাওয়া জয়ের অর্থ তাই তাদের কাছে অন্য রকম। ৫৯ মিনিটের গোলে এই জয়টা এনে দিয়েছেন আন্দ্রেয়া কোস্তা। ২০০৭-০৮ মৌসুমের পর সান সিরোতে এটাই সাম্পদোরিয়ার প্রথম গোল। এই জয়ে ১ পয়েন্টের ঋণ শুধে তাদের তহবিলে জমল ২ পয়েন্ট।পেসকারার মাঠে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল ইন্টারের দখলে। ওয়েসলি স্নাইডার ও ডিয়েগো মিলিতোর গোলে ১৯ মিনিটের মধ্যেই ২-০ গোলে এগিয়ে যায় নেরাজ্জুরিরা। ৮১ মিনিটে তৃতীয় গোল করেন ফিলিপ্পে কুটিনহো। একই দিনে নাপোলি ৩-০ গোলে পালের্মোকে এবং লাৎসিও ১-০ গোলে আটলান্টাকে হারিয়েছে। রোমা-কাতানিয়া ম্যাচটি ড্র হয়েছে ২-২ গোলে। এএফপি, রয়টার্স।