দুই মূল আকর্ষণ ছাড়াই ইতালি-আর্জেন্টিনা

দীর্ঘ এক যুগ পর মুখোমুখি হচ্ছে ফুটবলের দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইতালি। প্রীতি ম্যাচের খোলসে মর্যাদাকর এ লড়াইয়ে থাকছেন না লিওনেল মেসি। থাকছেন না ইতালির প্রাণভোমরা মারিও বালোতেল্লিও। দুজনেই চোটের সমস্যায় ভুগছেন।
ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বার্সেলোনা জানিয়েছে, আর্জেন্টিনা ও ইতালির মধ্যকার আজকের এই ম্যাচে খেলছেন না মেসি। বাঁ পায়ের পেশিতে টান পড়ায় কদিন আগে মালয়েশিয়ার প্রীতি ম্যাচটিও খেলেননি। সামনেই বার্সেলোর মৌসুম শুরু হচ্ছে। এ সময় মেসিকে ঝুঁকির মধ্যে ফেলতে চায় না ক্লাব। ফলে পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে বার্সেলোনায় ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন চিকিত্সকেরা। ইতালির স্ট্রাইকার বালোতেল্লির সমস্যাটা হাঁটুতে। ২০ আগস্ট এসি মিলানের হয়ে চ্যাম্পিয়নস লিগের বাছাইপর্বের ম্যাচও মিস করতে পারেন তিনি।
আর্জেন্টিনা-ইতালি ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় আজ রাত ১২টা ৪৫ মিনিটে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার ক্রিকেট। পোপ ফ্রান্সিস গ্যালারিতে উপস্থিত থাকবেন বলে ম্যাচটা নিয়ে সবার বাড়তি আগ্রহ। পোপের ফুটবলপ্রীতি অবশ্য অবিদিত নয়। তা ছাড়া জন্মসূত্রে তিনি আর্জেন্টাইন। আর্জেন্টাইন ক্লাব সান লরেঞ্জোর পাঁড় ভক্তও তিনি।
ম্যাচ আগে, না পোপ আগে—এ নিয়ে এরই মধ্যে বিতর্ক হয়ে গেছে। ইতালির কোচ সিজার প্রানদেল্লির দৃষ্টিতে পোপের দেখা পাওয়াটা খেলার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। অন্যদিকে বালোতেল্লি মন্তব্য করেছিলেন, উপলক্ষটা যখন খেলা, তখন খেলাকেই বেশি গুরুত্ব দেওয়া উচিত। দলের সেরা স্ট্রাইকারের সঙ্গে একমত হতে পারেননি প্রানদেল্লি, ‘আমরা প্রতিদিন, প্রতি সপ্তাহে ফুটবল খেলি। অন্যদিকে পোপের সঙ্গে সাক্ষাতের সুযোগ জীবনে একবারই আসে। এটা নতুন এক অনুভূতি। বালোতেল্লি যদি বলে থাকে যে পোপের সঙ্গে সাক্ষাতের চেয়ে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটাই বেশি গুরুত্বপূর্ণ, আমি তার সঙ্গে একমত হতে পারছি না।’
আর্জেন্টিনা ও ইতালি সর্বশেষ মুখোমুখি হয়েছিল ২০০১ সালে। সেটিও ছিল একটি প্রীতি ম্যাচ। ম্যাচটি জিতেছিল আর্জেন্টিনা। যদিও পরিসংখ্যানের আলোয় আলোকিত ইতালিই। এ পর্যন্ত ১৩টি ম্যাচে আর্জেন্টাইনদের মুখোমুখি হয়েছে ইতালীয়রা। এর মধ্যে ইতালি জিতেছে ছয়বার, আর্জেন্টিনা দুইবার। পাঁচটি ম্যাচ ড্র হয়। অবশ্য সর্বশেষ দুই লড়াইয়ের দুটিতেই জিতেছে আর্জেন্টিনা। ২০০১ সালে ইতালির সেই প্রীতি ম্যাচটি ছাড়াও ১৯৯০ বিশ্বকাপ সেমিফাইনালে ইতালিকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে ওঠে ডিয়েগো ম্যারাডোনার দল। সূত্র: ওয়েবসাইট।