দুই মেরুতে দুই বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেনিসে বাবা-মেয়ের যুগলবন্দীর একটু অন্য রকম তাৎপর্য আছে। যুক্তরাষ্ট্রের দুই বোন সেরেনা ও ভেনাসের সুবাদে তাঁদের বাবা রিচার্ড উইলিয়ামসকেও অনেকেই চেনেন। মেয়ে মারিয়া শারাপোভার সঙ্গে খ্যাপাটে বাবা ইউরি শারাপোভের অদ্ভুত টানাপোড়েন নিয়েও কম কেচ্ছাকাহিনি হয়নি। তবে ক্যারোলিন ওজনিয়াকি ও মারিওন বারতোলির অভিজ্ঞতাটা আবার একেবারেই অন্য রকম। দুজনেরই বাবা শুধু আত্মজাদের বড়ই করেননি, দিয়েছেন টেনিসের দীক্ষাও। কিন্তু একজনের বাবা যেখানে মেয়ের ভালোর জন্য তাঁর পূর্ণকালীন কোচ হয়ে গেছেন, আরেকজন বাবা মেয়ের ভালোর জন্য দূরে সরে গেছেন! বেশ দুঃসময়ের মধ্য দিয়েই যাচ্ছিলেন মারিওন বারতোলি। মেক্সিকোর মন্তেরেইতে গত মাসে হেরে যান প্রথম রাউন্ডে। ফ্রেঞ্চ ওপেন শুরুর আগে সেটি ভুলতে পারছেন না ফরাসি মেয়ে, ‘আমার মনে হয় ১৫ বছর বয়স থেকে এ রকম বাজে আমি খেলিনি। আমি টানা দুটি বল কোর্টের ভেতরেই ফেলতে পারছিলাম না। এটা ছিল ভয়াবহ।’ এমন দুঃসময়ে আত্মজার পাশে না দাঁড়িয়ে পারেননি বাবা ওয়ালটার। ফলাফলটা কী হলো সেটা শুনুন মারিওনের মুখেই, ‘যখন তিনি আমাকে মেক্সিকো থেকে ফিরতে দেখলেন সঙ্গে সঙ্গেই বুঝতে পারলেন, আমার সাহায্য দরকার। দুই সপ্তাহ কি দশ দিন পরেই আমি ফেড কাপে দারুণ কিছু ম্যাচ খেলতে পেরেছিলাম।’ ক্যারোলিন ওজনিয়াকির ঘটনা একেবারেই উল্টো। ক্যারিয়ারের বেশির ভাগ সময় মেয়ের কোচ ছিলেন বাবা পিওতর। কিন্তু ইদানীং সাবেক এক নম্বর খেলোয়াড়ের পারফরম্যান্সের গ্রাফ অনেকটাই নিম্নমুখী। বিচক্ষণ বাবা নিজেই বুঝতে পেরেই সরে দাঁড়িয়েছেন, জানেন মেয়েকে পথ দেখাতে দরকার নতুন কাউকে। ওয়েবসাইট।