দুই মেরুতে দুজন
মূলত অনূর্ধ্ব-২৩ বছর বয়সীদের টুর্নামেন্ট। কিন্তু একাদশে এর চেয়ে বেশি বয়সী খেলোয়াড় থাকতে পারে তিনজন। আগামী অলিম্পিক ফুটবলে তাই সতীর্থ হিসেবে যাঁদের পাবেন, বেশির ভাগই তাঁর চেয়ে কমপক্ষে ১৪ বছরের ছোট! কারণ ব্রিটেনের অলিম্পিকের প্রাথমিক দলে ডাক পেয়েছেন ডেভিড বেকহামও। ব্রিটেনের ৩৫ জনের প্রাথমিক দলটির আকার ৬ জুলাই নেমে আসবে ১৮-তে। সেখানেও এই ৩৭ বছর বয়সী জায়গা পাবেন বলেই মনে করা হচ্ছে। আগামী অলিম্পিকে খেলাটা নিজের স্বপ্ন—এ কথা বেকহাম অনেক দিন ধরেই বলে আসছেন। আপাতত সেই স্বপ্নটি যেন ‘প্রাথমিকভাবে’ পূরণ হলো তাঁর! বেকহামের পাশাপাশি রায়ান গিগস, রিও ফার্ডিনান্ড, ফ্রাঙ্ক ল্যাম্পার্ডদের মতো অভিজ্ঞরাও আছেন প্রাথমিক তালিকায়। ওদিকে ব্রাজিলের প্রাথমিক দলে জায়গা পাননি রোনালদিনহো। এবারের অলিম্পিক ব্রাজিলের কাছে দুটি কারণে গুরুত্বপূর্ণ। কখনোই অলিম্পিক ফুটবলে সোনা জেতেনি তারা। এবার এই পদক জিততে ব্রাজিল তাই মরিয়া। দ্বিতীয়ত, বছর দুয়েক পরেই নিজেদের দেশে বিশ্বকাপ। এবারের অলিম্পিক আগামী বিশ্বকাপের সম্ভাব্য দলটাকেই পরখ করে নেওয়া সুযোগ। কিন্তু গুরুত্বপূর্ণ সেই অধ্যায়েই অগুরুত্বপূর্ণ বিবেচিত হলেন রোনালদিনহো। অলিম্পিকের জন্য ব্রাজিলের কোচ মানো মেনেজেস যে ৩৫ জনের প্রাথমিক তালিকা দিয়েছেন, তাতে জায়গা পাননি এই প্লে-মেকার। মাঠের বাইরে লাগামহীন জীবনযাপনের কারণে নিজের উজ্জ্বল ক্যারিয়ারকে অন্ধকারে টেনে নিয়ে গেছেন। দুবারের ফিফা বর্ষসেরা খেলোয়াড়টির কড়া সমালোচনা করে মেনেজেস বলেছেন, মাঠের বাইরের কিছু ঘটনার কারণে রোনালদিনহোর ক্যারিয়ার প্রায় শেষই হয়ে গেছে। নিজের দেশে বিশ্বকাপও হয়তো খেলা হবে না তাঁর। ওয়েবসাইট।