
দুই ঘণ্টার ব্যবধানে মাঠে নেমেছিল চিরপ্রতিদ্বন্দ্বী দুটি দল। একই পরিণতিই হতে যাচ্ছিল দুই দলের। ৯০ মিনিটের পরও রিয়াল মাদ্রিদ-ভিয়ারিয়াল ও বার্সেলোনা-সেভিয়ার স্কোরলাইন ছিল ২-২। কিন্তু একেবারেই অন্তিম মুহূর্তে গোল করে বার্সেলোনা পেল নাটকীয় জয়। আর রিয়াল মাদ্রিদকে মাঠ ছাড়তে হলো ড্র নিয়ে। তবে বার্সার ৩-২ গোলের জয়টা বিস্ময় জাগায়নি মোটেও, কিন্তু রিয়ালের জন্য ড্রটাই হয়েছে মহার্ঘ্য। গোলপোস্টের নিচে ডিয়েগো লোপেজ অতিমানব হয়ে না দাঁড়ালে মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদটা পরশুই পেয়ে যেত রিয়াল।এক উইংয়ে ক্রিস্টিয়ানো রোনালদো, আরেক উইংয়ে অভিষিক্ত গ্যারেথ বেল। ভিয়ারিয়াল ফুলব্যাকদের জন্য বিভীষিকাময় ৯০ মিনিট দেখতে পাচ্ছিলেন অনেকে। কিন্তু কাগজে-কলমের হিসাব তো আর মাঠে অনূদিত হয় না সব সময়! রোনালদো-বেল সেভাবে ত্রাস ছড়াতে পারলেন কই? উল্টো ভিয়ারিয়ালের আক্রমণেই তটস্থ থাকল রিয়ালের রক্ষণ। লোপেজ অন্তত চারটি দুর্দান্ত সেভ না করলে রিয়ালের পরাজয় ছিল অনিবার্য! হানড্রেড মিলিয়নম্যান’ গ্যারেথ বেল কেমন করেন, তা নিয়ে বিশ্বজুড়েই ছিল বিরাট কৌতূহল। কোচ কার্লো আনচেলত্তি বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়কে রাখেন প্রথম একাদশেই। ৩৮ মিনিটে গোল করে বেল অভিষেকটাকে স্মরণীয়ই করে রাখলেন। তার আগেই অবশ্য পিছিয়ে পড়ে তাঁর নতুন দল। ২১ মিনিটে কানি এগিয়ে দেন স্বাগতিকদের। এরপর বেলের ওই সমতাসূচক গোলের পর ৬৪ মিনিটে রোনালদোর গোল জয়ই দেখাচ্ছিল রিয়ালকে। কিন্তু ৬ মিনিট পর জিওভান্নি দস সান্তোস সমতা ফেরান ভিয়ারিয়ালের হয়ে। খেলাও শেষ হয় ২-২ গোলেই।
অথচ কাগজে-কলমে দুই দলের ফারাকটা পর্বতপ্রমাণই। রিয়ালের সবচেয়ে দামি খেলোয়াড়ের দাম যেখানে ১০ কোটি ইউরো, সেখানে ভিয়ারিয়ালের মাত্র ৭০ লাখ ইউরো! কিন্তু ‘হলুদ সাবমেরিনে’র আগ্রাসনে খুঁজে পেতে কষ্ট হয়েছে বিখ্যাত সাদা জার্সিগুলোকে। কার্লো আনচেলত্তির ফল নিয়ে আফসোস করতে পারেন না। রিয়াল কোচ সেটা করেনওনি, ‘আমি মনে করি, ফলাফলটা ঠিকই আছে। ভিয়ারিয়াল খুব ভালো খেলেছে, তারা দুর্দান্ত একটা দল।’
একই কথা হয়তো বলতে হতো বার্সেলোনা কোচ জেরার্ডো মার্টিনোকেও। আরেকটু হলেই যে ঘরের মাঠে পয়েন্ট খোয়াতে হতো বার্সাকেও! ম্যাচে তখন সমতা ২-২ গোলে। অতিরিক্ত সময়ের শেষ মিনিটে বল পান মেসি। স্বভাবসুলভ ঝড়ের বেগে প্রতিপক্ষের ডি-বক্সে ঢুকেই করলেন ক্রস। গোলরক্ষক সেটা ঠেকিয়েও দিয়েছিলেন, কিন্তু জায়গামতো ছিলেন অ্যালেক্সিজ সানচেজ। দুরূহ কোণ থেকে গোল করে চিলিয়ান স্ট্রাইকার ন্যু ক্যাম্পকে উদ্বেল করে তোলেন রুদ্ধশ্বাস জয়ের আনন্দে।
৮০ মিনিটের আগেও বার্সার আরেকটি অনায়াসলব্ধ জয়ই সবাই দেখতে পাচ্ছিলেন। নেইমার-মেসির যুগলবন্দী সুবাস ছড়াচ্ছিল মাঠে। গোল পাননি বটে, কিন্তু ব্রাজিলের নেইমার যে বার্সার নেইমার হয়ে উঠছেন তার প্রমাণ বেশ কয়েকবার রেখেছেন। বাঁ প্রান্তিক দুর্দান্ত দৌড়ে সেভিয়া রক্ষণকে এলোমেলো করেছেন, মোহনীয় কিছু স্পর্শে ছড়িয়েছেন আলো। বার দুয়েক মেসিকে পাস না দিতে গিয়ে নিজে চেষ্টা করলে হয়তো গোলটাও পেয়ে যেতেন। তবে শেষ পর্যন্ত মেসিকে দিয়ে ঠিকই করিয়েছেন বার্সার দ্বিতীয় গোলটা। ম্যাচ শেষে পেয়েছেন কোচ মার্টিনোর প্রশংসাও, ‘নেইমারের পারফরম্যান্স সবদিক দিয়েই নিখুঁত ছিল।’
৪০ মিনিটে বার্সা প্রথম এগিয়ে যায় আরেক ব্রাজিলিয়ানেরই গোলে—দানি আলভেজ। তখনো ম্যাচ বার্সার পকেটে। নাটকের শুরু এর পর। ৮০ মিনিটে রাকিটিচ ব্যবধান কমান সেভিয়ার হয়ে। ক্ষিপ্র পাল্টা-আক্রমণে বার্সা রক্ষণকে জেরবার করে আন্দালুসিয়ার ক্লাব। ৯০ মিনিটে কোকে গোল করে সমতা ফেরান। এরপরেই সানচেজের সেই গোল।
রোমাঞ্চের পাশাপাশি ম্যাচে গলাগলি করে ছিল বিতর্কও। দ্বিতীয়ার্ধে সেভিয়ার একটি গোল বাতিল করে দেন রেফারি। সেভিয়া অধিনায়ক ফার্নান্দো নাভারোর ক্ষুব্ধ প্রতিক্রিয়া, ‘এটা ডাকাতি। সবাই দেখেছে কী হয়েছে। আমরা ভালো খেলেছি, কিন্তু এভাবে চললে আপনি কিছুই করতে পারবেন না।’ এএফপি।