দুই মেরুর দুই দল
একই মহাদেশের, কিন্তু প্রতিবেশী নয় তারা। মাঝখানে ১ হাজার ৮০০ কিলোমিটার ব্যবধান। আজ শেষ আটে মুখোমুখি দুই দল জার্মানি আর গ্রিস আসলে ফুটবল মানচিত্রে অযুত-নিযুত মাইল দূরের দুই দেশ। না, কোনোভাবেই দুই দলের তুলনা চলে না।গ্রিস কেন, ফুটবলীয় অর্জনে জার্মানির সঙ্গে পাল্লা দিতে পারে এমন দলই হাতে গোনা। তিনবারের ইউরোপ চ্যাম্পিয়ন তারা, তিনবারের রানার্সআপও। আরও বড় মঞ্চ বিশ্বকাপেও তিনবারের চ্যাম্পিয়ন তারা। একদিক দিয়ে জার্মানির যে কৃতিত্ব আছে, সেটি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলেরও নেই—বিশ্বকাপের শেষ চারে জার্মানি উঠেছে ১২ বার! গ্রিস? ২০০৪-এর ইউরো চ্যাম্পিয়ন বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলেছে মাত্র দুবার। জাতীয় দল ছেড়ে এবার ক্লাবের হিসেবে আসুন। ইউরোপিয়ান কাপ ও চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে জার্মান ক্লাবগুলো ইউরোপ-সেরার ট্রফি তুলেছে ছয়বার। রানার্সআপ হয়েছে নয়বার। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে একবারই খেলেছে কোনো গ্রিক ক্লাব, কিন্তু শিরোপা নেই।বিশ্বের সেরা চারটি লিগের একটি জার্মান বুন্দেসলিগা। এর সঙ্গে কোনো অবস্থাতেই তুলনা চলে না গ্রিসের সুপার লিগের। ২০১০-১১ মৌসুমে বুন্দেসলিগার মোট আয় ছিল ১৯৪ কোটি ইউরো (২০ হাজার ১৬৩ কোটি টাকা)! প্রতি ম্যাচে মাঠে গড় দর্শক উপস্থিতি ছিল ৪২ হাজারেরও বেশি, ইউরোপে সর্বোচ্চ। অন্যদিকে পুরো দেশই যেখানে ভয়াবহ আর্থিক মন্দায় ভুগছে, সেখানে গ্রিসের সুপার লিগের লাভের অঙ্ক দেখার প্রশ্নই আসে না। উল্টো টিভি স্বত্ব থেকে যে ৪ কোটি ৪৩ লাখ ইউরো আসত, সেটিও ২৫ শতাংশ কমিয়ে আনার অনুরোধ করা হয়েছে মন্দার কারণে। লিগের প্রধান স্পনসর, বাজিকর সংস্থা ওপিএপি ২ কোটি ২৫ লাখ ইউরোর চুক্তিটি এরই মধ্যে নামিয়ে এনেছে ৮৫ লাখ ইউরোতে! গত মৌসুমে প্রতি ম্যাচে গড় দর্শক উপস্থিতি মাত্র ৫ হাজার। খেলোয়াড়দের বেতনের ক্ষেত্রেও দুই দেশে দুই মেরুর ব্যবধান। সুপার লিগের খেলোয়াড়দের গড় মাসিক আয় ১০ হাজার ইউরো, সর্বনিম্ন আয় ৮৪০ ইউরো। এই বেতনও গত মৌসুমে নিয়মিত পাননি খেলোয়াড়েরা। এএফপি।