
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ আজ মুখোমুখি দাঁড় করাচ্ছে যে দুজনকে, আদতে তাঁদের অবস্থান দুই মেরুতে। ব্রাজিল থেকে ক্রোয়েশিয়ার দূরত্ব যতটুকু, দুই দলের কোচের ব্যবধান সম্ভবত তার চেয়েও বেশি! সেটা যেমন দর্শনে, তেমনি দর্শনদারিতেও। খেলোয়াড়ি আর কোচিং ক্যারিয়ারে তো বটেই। দুই প্রান্তের দুজনই আজ পাশাপাশি থাকবেন অ্যারেনা করিন্থিয়ানসের ডাগ-আউটে, লুইস ফেলিপে স্কলারি ও নিকো কোভাচ!
ব্রাজিলের সংবাদমাধ্যম প্রায়ই স্কলারিকে ডাকে ‘জিন হ্যাকম্যান।’ দুবার অস্কারজয়ী ওই মার্কিন অভিনেতার সঙ্গে স্কলারির চেহারার অদ্ভুত মিল! তবে প্রথম দর্শনেই স্কলারিকে আপনার মনে হবে রাগী কোনো হেডমাস্টার। বসনিয়ান বাবা-মায়ের ঘরে কোভাচের জন্ম-বেড়ে ওঠা বার্লিনে। নিজের সম্পর্কে বলেন, ‘হাফ জার্মান, হাফ ক্রোট।’ তবে লম্বা চুলের স্টাইলিশ কোভাচকে অনায়াসেই চালিয়ে দিতে পারেন গ্রিক পুরাণের কোনো দেবতা বলে।
বিস্তর ফারাক দুজনের বয়স আর অভিজ্ঞতায়ও। বয়সের ব্যবধান ২৩, কোচিং ক্যারিয়ারের ২৭! কোচিং ক্যারিয়ারে ২৩ বার দল বদলে স্কলারি এখন প্রায় কোচদেরও ‘গুরু’, আর কোচিংয়ের জগতে কোভাচের এখনো বলতে গেলে হাঁটি হাঁটি পা পা। ১৯৮২ সালে স্কলারির যখন কোচিং ক্যারিয়ার শুরু, কোভাচের ফুটবল-জগৎ তখন বাড়ির আঙিনা আর স্কুলের মাঠ। বয়স যে মাত্র ১০! ১৯৯০ সালে স্কলারি যখন প্রথম কোনো আন্তর্জাতিক দলের দায়িত্ব নিলেন (কুয়েত), সদ্য কৈশোর পেরোনো কোভাচ তখন বার্লিনের ক্লাব হার্থা জেহলেনডর্ফে থিতু হওয়ার চেষ্টা করছেন। ১৯৯৮ সালে স্কলারি যখন ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের কোচ, তত দিনে বেয়ার লিভারকুসেনে জায়গা করে নেওয়া কোভাচের চোখে তখন বিশ্বকাপ খেলার স্বপ্ন। কিন্তু চোটের কারণে জায়গা হলো না ক্রোয়েশিয়ার প্রথম বিশ্বকাপ দলে। স্বপ্ন পূরণ হলো পরের বিশ্বকাপে, স্কলারিরও যেটি প্রথম বিশ্বকাপ!
১৯ বছরে ১৭টি দলকে কোচিং করানোর পর ২০০১ সালে ব্রাজিলের দায়িত্ব পেয়েছিলেন স্কলারি। ব্রাজিলের সামনে তখন বিশ্বকাপে কোয়ালিফাই না করা শঙ্কা। স্কলারি শুধু দলকে বিশ্বকাপেই নেননি, এনে দিয়েছেন ব্রাজিলিয়ানদের স্বপ্নের ‘পেন্টা।’ কোভাচের ক্রোয়েশিয়ার বিশ্বকাপ দৌড় শেষ সেবার প্রথম রাউন্ডেই। বিশ্বকাপ জিতেই ব্রাজিলের দায়িত্ব ছাড়লেন স্কলারি। আরেকটি বিশ্বকাপ-স্বপ্নের পথে দৌড় শুরু হলো কোভাচের।
চার বছর পর আবার দুজনের দেখা জার্মানিতে। দেখা মানে মুখোমুখি নয়, তবে আবারও একই বিশ্বকাপের অংশ। স্কলারি যথারীতি কোচ হয়ে, এবার পর্তুগালের। কোভাচের হাতে সেবার ক্রোয়েশিয়ার বাহুবন্ধনী। তবে ভাগ্য বদলায়নি দলের, আবার গ্রুপপর্বে শেষ ক্রোয়েশিয়ার বিশ্বকাপ অভিযান। দুর্দান্ত ট্যাকটিশিয়ান হিসেবে স্কলারি আবারও রাখলেন নিজের ছাপ। মাঝারি মানের পর্তুগাল দলকে গিয়ে গেলেন বিশ্বকাপের সেমিফাইনালে। ২০০৮ ইউরোর পর পর্তুগালের দায়িত্ব ছাড়লেন স্কলারি, কোভাচ ঘোষণা দিলেন এক যুগের আন্তর্জাতিক ক্যারিয়ারে ইতি টানার। সেই সময়ের ক্রোট কোচ স্লাভেন বিলিচের অনুরোধে সিদ্ধান্ত পাল্টালেও পরের বছরই তুলে রাখেন বুট। গত অক্টোবরে বিশ্বকাপ বাছাইপর্বে শেষ চার ম্যাচে ক্রোয়েশিয়া মাত্র ১ পয়েন্ট পাওয়ার পর দায়িত্ব দেওয়া হয় কোভাচকে। প্লে-অফ বৈতরণি পার করে দলকে বিশ্বকাপে এনেছেন নবীন কোচ।
এবার আবার দুজনের দেখা বিশ্বকাপে। তবে ভূমিকা এবার একই, দেখাও হচ্ছে সরাসরি! দুজনের পরিচয় এখন বিশ্বকাপ দলের কোচ। ৪২ বছর বয়সী কোভাচ ব্রাজিল বিশ্বকাপের সর্বকনিষ্ঠ কোচ, আর সবচেয়ে অভিজ্ঞ স্কলারি! কোচিং ক্যারিয়ারের বয়সে স্কলারির চেয়ে খানিকটা এগিয়ে ফিনকে-হজসন-পেকারম্যান, তবে সবচেয়ে পুরোনো বিশ্বকাপ কোচ বিগ ফিলই। ২০০২ বা তার আগের কোনো বিশ্বকাপে কোচিং করানো আর কোনো কোচ নেই এবার। ব্রাজিল আর ক্রোয়েশিয়ার দলীয় শক্তির চেয়েও বেশি অসম দুই কোচের লড়াই। আজ তাই কোভাচের হারানোর আছে সামান্যই। একটা জায়গাতেই কেবল মেলানো যায় স্কলারি ও কোভাচকে। দুজনকেই বলা যায় ত্রাতা! দুঃসময় এলেই ব্রাজিলের মনে পড়ে স্কলারিকে। ফিলিপাও হতাশও করেন না। কোভাচও খাদের কিনারা থেকে উদ্ধার করেছেন ক্রোয়েশিয়া দলকে।
আজ হয়তো ‘হেক্সা’ মিশনে এক ধাপ এগিয়ে যাবেন স্কলারি, কিংবা ‘স্কলারি’ হওয়ার পথে এক ধাপ এগিয়ে যাবেন কোভাচ!