দুই মেসির হ্যাটট্রিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলেকজান্ডার দমিনগেজ,জেরদান শাকিরি,লিওনেল মেসি,এডিন জেকো
আলেকজান্ডার দমিনগেজ,জেরদান শাকিরি,লিওনেল মেসি,এডিন জেকো

দুই মেসিকে একসঙ্গে মিলিয়েছিল বিশ্বকাপে তঁাদের প্রথম ম্যাচ। বসনিয়ার বিপক্ষে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন লিওনেল মেসি, ইকুয়েডরের বিপক্ষে ‘আলপাইন মেসি’। পরশু দুই মেসি আবার একবিন্দুতে। এই বিশ্বকাপের প্রথম ফুটবলার হিসেবে ম্যান অব দ্য ম্যাচের হ্যাটট্রিক করলেন মেসি। আলপাইন মেসি ম্যান অব দ্য ম্যাচ হলেন হ্যাটট্রিক করে!
আল্পস পর্বতমালার দেশ সুইজারল্যান্ডের জেরদান শাকিরিকে ভক্তরা ডাকেন আলপাইন মেসি। মেসির মতো শাকিরিও দুর্দান্ত বল প্লেয়ার। বল পায়ে কারিকুরি করতে ভালোবাসেন, গোলক্ষুধাও যথেষ্ট। প্রথম মাচে ম্যাচসেরা হয়েছিলেন গোল না করেই। পরশু টুর্নামেন্টে টিকে থাকতে দলের জয় যখন চাই-ই চাই, মেসির মতো শাকিরিও একাই নিলেন সব দায়িত্ব। মাত্র ৩২ ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ারেই দুটি হ্যাটট্রিক। তবে পরশুরটি অমূল্য, এই হ্যাটট্রিকই যে দলকে তুলে নিল শেষ ষোলোতে!
মেসি পরশু ম্যাচসেরা নিশ্চিত করে ফেলেছেন বলতে গেলে প্রথমার্ধেই। আগের দুই ম্যাচে তো সেরা হয়েছিলেন স্রেফ মুহূর্তের ঝলকে। পরশু দুর্দান্ত দুটি গোল করেছেন। বারবার আতঙ্ক ছড়িয়েছেন নাইজেরিয়ার রক্ষণে। ৬৩ মিনিটে উঠে যাওয়ায় গোলের হ্যাটট্রিক হয়নি, তবে ম্যাচসেরার হ্যাটট্রিক কি আর তাতে আটকায়!
পরশু আলো ছড়িয়েছেন কিন্তু আরেক মেসিও। শাকিরির মতো ভক্তদের কাছ থেকে ‘মেসি’ নাম পাননি তিনি। তবে বসনিয়া কোচ সাফেত সুসিচ স্বয়ং কদিন আগে বলেছেন, ‘জেকো বসনিয়ার মেসি।’ নিষ্প্রভ থাকার পর দ্বিতীয় ম্যাচে এই তুলনার মান রাখার মতোই খেলেছিলেন এডিন জেকো। অধরা ছিল স্রেফ গোল। পরশু সেটাও ধরা দিল। গোলে এক ডজন শট নেওয়ার পর প্রথম জাল খুঁজে পেলেন ইরানের বিপক্ষে বক্সের অনেক বাইরে থেকে। বসনিয়ার সান্ত্বনার জয়ের ম্যাচে ম্যাচসেরা তাদের মেসিই।
তিন গোলস্কোরারের দিনে আরেকজন ম্যাচসেরা হয়েছেন গোল ঠেকিয়ে। বেনজেমা-জিরু-গ্রিজমানদের সামনে পরশু চিনের প্রাচীর ছিলেন ইকুয়েডরের গোলকিপার আলেকজান্ডার দমিনগেজ। নয়-নয়টি সেভ করেছেন, ১০ জনের দলকে এনে দিয়েছেন দারুণ এক ড্র।