দুই ম্যাককালামেই রক্ষা নিউজিল্যান্ডের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিয়মিত বিরতিতেই এমন উইকেট পতনের আনন্দে মেতে উঠতে দেখা গেছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের।
নিয়মিত বিরতিতেই এমন উইকেট পতনের আনন্দে মেতে উঠতে দেখা গেছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের।

ওয়েস্ট ইন্ডিজকে প্রায় উড়িয়ে দিয়ে টেস্ট সিরিজ জিতে নিলেও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের শুরুতে যেন দেখা গেল অন্য নিউজিল্যান্ডকে। ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের শিকার হয়ে পুরো ৫০ ওভার ব্যাটিংই করতে পারল না স্বাগতিকরা। আট ওভার বাকি থাকতেই কিউইদের ইনিংস গুটিয়ে গেল ১৫৬ রানে।

মাত্র ৬৬ রানেই ছয় উইকেট হারানোর পর নিউজিল্যান্ড যে দেড় শ রানের কোটা পেরোতে পারবে—সেটা কল্পনা করতেও কষ্ট হয়েছিল। শেষ পর্যন্ত সংগ্রহটা যে কিছুটা সম্মানজনক পর্যায়ে গিয়েছে, তার পুরো কৃতিত্ব দুই ম্যাককালাম ভাইয়ের। অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম ও নাথান ম্যাককালামের লড়াকু ব্যাটিংই মান বাঁচিয়েছে কিউইদের।

মাত্র ১০ রানেই তিন উইকেট হারানোর পর উইকেটে এসে প্রায় একাই লড়াই চালিয়েছিলেন ব্রেন্ডন ম্যাককালাম। তাঁর ৫৭ বলে ৫১ রানের ইনিংসটার সুবাদেই নিউজিল্যান্ড পেরিয়েছিল ১০০ রানের কোটা। কিন্তু নিজে ভালো খেললেও সতীর্থদের আসা-যাওয়া হতাশা নিয়েই দেখতে হয়েছে কিউই অধিনায়ককে। ৩১তম ওভারে দলীয় ১০৪ রানের মাথায় তিনি আউট হয়েছিলেন দলের অষ্টম ব্যাটসম্যান হিসেবে।

তবে নিউজিল্যান্ডের ম্যাককালাম প্রতিরোধের আরও বাকিই ছিল। ব্রেন্ডনের পর আরও কিছুক্ষণ লড়াই চালিয়ে গেছেন নাথান ম্যাককালাম। শেষ উইকেটে মিচেল ম্যাকক্লেগানকে নিয়ে তিনি সংগ্রহ করেছেন ৪৪ রান। এটাই পুরো ইনিংসে নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ রানের জুটি। ৪৩তম ওভারে আউট হওয়ার আগে নাথানের ব্যাট থেকে এসেছে ৬৪ বলে ৪৭ রানের লড়াকু এক ইনিংস।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ৪৪ রানের বিনিময়ে চারটি উইকেট নিয়েছেন ডোয়াইন ব্রাভো। দুটি করে উইকেট পেয়েছেন জ্যাসন হোল্ডার ও রবি রামপাল।