দুই ম্যাচই জিতে দুইয়ে পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একই মাঠ, একই উইকেট, ম্যাচ শেষ ওভারে আরেকবার এবং পাকিস্তানের আরেকটি জয়! বিশ্ব চ্যাম্পিয়নদের তাদের মাটিতেই ২-০ তে হারানো। সিরিজ জয়ের ট্রফির সঙ্গে আরেকটি নগদ পুরস্কার র‌্যাঙ্কিংয়ে উত্তরণ। ওয়েস্ট ইন্ডিজকে চারে নামিয়ে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে দুইয়ে উঠে এল পাকিস্তান। সবচেয়ে বড় প্রাপ্তিটা অবশ্য অদৃশ্য—স্বস্তি! ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজ জয়ে দারুণ সফল মিসবাহ-হাফিজদের ক্যারিবিয়ান অভিযান। দক্ষিণ আফ্রিকা সফর ও চ্যাম্পিয়নস ট্রফির বিপর্যয়ের পর অস্থির পাকিস্তান ক্রিকেটে আবার স্বস্তির হাওয়া!
পাকিস্তানের জয়ের কারিগর যথারীতি বোলাররা। ১৩৬ রানের লক্ষ্যটাকে যেন ১৮৬ বানিয়ে ছেড়েছিলেন তানভীর-হাফিজ-আজমলরা। সোহেল তানভীরের প্রথম ওভারেই আউট জনসন চার্লস। পরের ওভারে আরেকবার হাফিজের গেইল-বধ। পুরো সিরিজে গেইল-দৈত্যকে বোতলবন্দী রাখতে পারা পাকিস্তানের সিরিজ জয়ের অন্যতম কারণ। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের ৭ ইনিংসে গেইলের রান—১, ১, ৮, ৩০, ২১, ৫, ১!
তানভীর পরের ওভারে ফেরান স্যামুয়েলসকে, আফ্রিদির প্রথম ওভারে বোল্ড সিমন্স। ওয়েস্ট ইন্ডিজের প্রথম চার ব্যাটসম্যান মিলে করেছেন ৩২ বলে ৫! ৫ ওভার শেষে দলের রান ছিল ৬, ১০ ওভার শেষে ৩৮। মাচে প্রাণ ফেরে ওটিস গিবসনের একটি ফাটকা কাজে লেগে যাওয়ায়। পাকিস্তানি স্পিনারদের জবাব দিতে বাঁহাতি সুনীল নারাইনকে ছয়ে ব্যাটিংয়ে পাঠান ক্যারিবিয়ান কোচ। নারাইনের ১৬ বলে ২৮ রানে গতি পায় স্বাগতিকদের ইনিংস। ৪ ওভারে যখন প্রয়োজন ৬২, জুলফিকার বাবরের চার বলে দুই চার ও দুই ছয়ে ২০ রান নিয়ে ম্যাচ জমিয়ে দেন কাইরন পোলার্ড। কিন্তু ওভারের শেষ দুই বলে বাবর তুলে নেন পোলার্ড (১০ বলে ২৩) ও ডোয়াইন ব্রাভোকে (৪৪ বলে ৩৫)। এর পরও চেষ্টা করেছেন টিনো বেস্ট (৯ বলে ১৭), কিন্তু রান-বলের টানাপড়েনের সঙ্গে পেরে ওঠেননি।
২ উইকেট নেওয়ার আগে বাবর ব্যাট হাতেও ৬ বলে ১১ রানের কার্যকরী এক ইনিংস খেলেছেন শেষ দিকে। ওপেনিংয়ে ৪৬ বলে ৪৪ করেন আহমেদ শেহজাদ। মন্থর উইকেটে রানের জন্য হাপিত্যেশ করে উইকেট ছুড়ে এসেছেন পাকিস্তানি ব্যাটসম্যানরা। উমর আকমলের ৩৬ বলে ৪৬ রানের ইনিংসটাতেই ১৩৫ পর্যন্ত যেতে পারে পাকিস্তান। বোলারদের দিনে ম্যাচে পার্থক্য গড়ে দেওয়া ইনিংসটায় ম্যাচসেরা আকমল, অভিষেকে সিরিজ-সেরা ৩৪ বছরের বাবর। টেন ক্রিকেট।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান: ২০ ওভারে ১৩৫/৭ (শেহজাদ ৪৪, হাফিজ ১০, আমিন ৭, সোহেল ১, আকমল ৪৬*, আফ্রিদি ৬, আজম ১, তানভির ০, বাবর ১১*, নারাইন ৩/২৬, বদ্রি ২/১৬, পোলার্ড ১/১৬, স্যামি ১/২০); ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১২৪/৯ (চার্লস ০, গেইল ১, স্যামুয়েলস ১, সিমন্স ৩, ব্রাভো ৩৫, নারাইন ২৮, পোলার্ড ২৩, স্যামি ১, বার্নওয়েল ১০, বেস্ট ১৭*, বদ্রি ১*, তানভির ২/২০, আজমল ২/২১, বাবর ২/৩৭, হাফিজ ১/৯, আফ্রিদি ১/২৯)।
ফল: পাকিস্তান ১১ রানে জয়ী (২ ম্যাচ সিরিজ ২-০ তে জয়ী); ম্যান অব দ্য ম্যাচ: উমর আকমল; ম্যান অব দ্য সিরিজ: জুলফিকার বাবর।