দুই ম্যাচে সাবিনার ২৩ গোল!
দুই দিন আগে সিরাজগঞ্জকে বিধ্বস্ত করার ম্যাচে করেছিলেন ১০ গোল। কাল জাতীয় মহিলা ফুটবলের আঞ্চলিক পর্বে আবারও গোল-উৎসব করলেন সাতক্ষীরার মেয়ে সাবিনা খাতুন। কাল যশোর শামসুল হুদা স্টেডিয়ামে করেছেন ১৩ গোল (১, ৪, ৬, ৭, ৩০, ৩৮, ৪২, ৫১, ৫৫, ৫৮, ৭১, ৭৩, ৮০ মি.)। ৮০ মিনিটের ম্যাচে বৃষ্টিধারার মতো গোল করেছেন জাতীয় দলের এই স্ট্রাইকার। সাবিনার একক প্রদর্শনীর ম্যাচে তাঁর দল সাতক্ষীরা ১৯-০ গোলে হারিয়েছে নওগাঁকে। সাবিনা ছাড়া সুরাইয়া ২টি, শারমিন, টুম্পা, হাসিবা ও তাসলিমা করেছেন ১টি করে গোল। একই ভেন্যুতে দিনের অন্য ম্যাচে সিরাজগঞ্জ ৪-০ গোলে হারিয়েছে মাগুরাকে। মারিয়া ২টি, তানিয়া ও সুমি ১টি করে গোল করেছেন। আগামীকাল গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাগুরার বিপক্ষে খেলবে সিরাজগঞ্জ।কাল দিনাজপুর স্টেডিয়ামে গাইবান্ধা ৪-০ গোলে হারিয়েছে বগুড়াকে। গোল করেছেন সামিয়া, বেবি, মিতু ও মিষ্টি। ঠাকুরগাঁও স্টেডিয়ামে রংপুর ৭-০ গোলে হারিয়েছে জয়পুরহাটকে। রংপুরের রোজিনা ও বিলকিস ২টি করে গোল করেছেন। হাবিবা, মাহফুজা ও আশরাফি জামানের গোল ১টি করে।