দুই ম্যাচের জন্য নিষিদ্ধ মরিনহো
গত মৌসুমে স্পেনের কিংস কাপে চতুর্থ বিভাগের দল অ্যালকরকনের কাছে হেরে চতুর্থ রাউন্ড থেকেই বিদায় নিয়েছিল রিয়াল মাদ্রিদ। এ মৌসুমে রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিয়ে কোনোভাবেই আগের বারের পুনরাবৃত্তি চাচ্ছিলেন না হোসে মরিনহো। কিন্তু এবারও তৃতীয় বিভাগের দল রিয়াল মুর্সিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করে বসেছিল নয়বারের ইউরোপ সেরা এই ক্লাবটি। মুর্সিয়ার বিপক্ষে ফিরতি লেগের ম্যাচে তাই একটু বেশিই উত্তেজিত ছিলেন মরিনহো। ডাগআউট থেকে বারবার উত্তেজিত ভঙ্গিতে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করতে দেখা যাচ্ছিল তাঁকে। ফলস্বরূপ প্রথমার্ধের ৩৮ মিনিটের মাথায় তাঁকে ‘লালকার্ড’ দেখান রেফারি জোসে লুইস পারাডাস রোমেরো। শেষ পর্যন্ত অবশ্য রিয়াল মাদ্রিদ ৫-১ গোলের জয় পেলেও বারবার রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করায় আরও দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে মরিনহোকে।বারবার রেফারির সিদ্ধান্ত অবমাননা করার অভিযোগে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রতিযোগিতা কমিটি মরিনহোকে দুই ম্যাচের জন্য বহিষ্কার করেছে বলে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে জানিয়েছে। তার মানে কাল রোববার স্প্যানিশ লিগে স্পোর্টিং গিজন ও আগামী শনিবার অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচে ডাগআউট থেকে শিষ্যদের কোনো নির্দেশ দিতে দেখা যাবে না মরিনহোকে। সকারনেট।