দুই যুগ পর ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 হিলফেনহস ক প্রিয়র ব ব্রেসনান। ইংল্যান্ডের উইকেটকিপার প্রিয়র বেন হিলফেনহসের ক্যাচটাই শুধু ধরলেন না, ধরে ফেললেন বহুদিনের লালিত একটি স্বপ্নকেই। নিশ্চিত হয়ে গেল, অ্যাশেজের ছোট্ট ভস্মাধারের বিশাল গৌরব থেকে যাচ্ছে ইংল্যান্ডের কাছে। শেষ ম্যাচটি হারলেও সিরিজ ড্র হয়ে যাবে। আর হোম সিরিজটি জিতে আসার সুবাদে অ্যাশেজ শিরোপা থাকবে ইংল্যান্ডের দখলেই। অ্যাশেজ শিরোপা ধরে রাখার যে কীর্তি ইংল্যান্ড করে দেখাল ২৪ বছর পর!প্রায় সিকি শতাব্দীর অপেক্ষার অবসান শেষে অ্যান্ড্রু স্ট্রাউস স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত। তবে ‘এটা মাত্র একটা ধাপ এগিয়ে যাওয়ার’ বলে ইঙ্গিতও দিলেন, কাজ এখনো শেষ হয়নি। সিরিজ জেতা যে এখনো বাকি। ৩ জানুয়ারি শুরু সিডনি টেস্ট ড্র করলেই চলবে ইংল্যান্ডের। কিন্তু স্ট্রাউস মনে হয় জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না। তাঁর লক্ষ্য র্যাঙ্কিংয়ের এক নম্বর জায়গাটি। মেলবোর্নের ইনিংস ও ১৫৭ রানে জয়ের পর র্যাঙ্কিং-শ্রেষ্ঠত্বে চোখ স্ট্রাউস রাখতেই পারেন। ভস্মাধার হাতে রাখার স্বপ্ন নিয়েই এবার অস্ট্রেলিয়ায় পা রেখেছিল ইংল্যান্ড। সেই স্বপ্নটা ডালপালা মেলতে শুরু করেছে প্রথম থেকেই। মেলবোর্ন টেস্টের প্রথম দিনে অস্ট্রেলিয়া ৯৮ রানে অলআউট হয়ে যাওয়ার পর তা হয়ে গিয়েছিল শুধুই সময়ের ব্যাপার। কাল টেস্টের চতুর্থ দিনে সেটাই পূর্ণতা পেল হিলফেনহসের ক্যাচ প্রিয়রের গ্লাভসে জমা পড়তেই। হিলফেনহসের পর রায়ান হ্যারিস ছিলেন। কিন্তু অ্যাঙ্কেলে চোট পাওয়ায় তিনি ব্যাট করতে পারবেন না, এটা জানা ছিল বলেই হিলফেনহসের আউটের সঙ্গে সঙ্গে মেলবোর্নে শুরু হয় ইংলিশদের উদ্যাপন।এই উচ্ছ্বাসে ভাসতে কাল মাত্র সোয়া এক ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে ইংল্যান্ডকে। দিনের দ্বিতীয় ওভারেই ট্রেমলেট জনসনকে আগের দিনের করা ৬ রানেই ফিরিয়ে দিয়েছিলেন। তবে ইংল্যান্ডের জয়টাকে বিলম্বিত করেন ব্র্যাড হাডিন ও পিটার সিডল। ক্যারিয়ারের অষ্টম হাফ সেঞ্চুরি করার পথে সিডলকে নিয়ে অষ্টম উইকেটে ৮৬ রানের জুটি গড়েন হাডিন। আর অষ্টম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে সিডল করেন ক্যারিয়ারের সর্বোচ্চ ৪০ রান। দলের ২৫৮ রানে সিডল আউট হওয়ার পরের ওভারেই ব্রেসনানের চতুর্থ শিকার হন হিলফেনহস। অস্ট্রেলিয়ার স্কোর থেকে যায় ২৫৮। আগের দিনের ৬ উইকেটে করা ১৬৯ রানের সঙ্গে মাত্র ৮৯ রানই যোগ করতে পেরেছে তারা। পুরো অস্ট্রেলিয়া দলই কাল শিকার হয়েছে সে দেশের সংবাদমাধ্যমের। ইংল্যান্ডের কাছে এভাবে ভস্মাধার হারানোটা সহজে মেনে নিতে পারছে না অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম। ‘অ্যাশেজ চলে গেল। অস্ট্রেলিয়ার ক্রিকেট বিচূর্ণ’—সিডনির ডেইলি টেলিগ্রাফ লিখেছে এটাই। কলামিস্ট অ্যান্ড্রু ওয়েবস্টারের কাছে মেলবোর্ন টেস্টের পরাজয় দেখাটা ছিল মুমূর্ষু কোনো বন্ধুকে দেখতে যাওয়ার মতোই। আর টেলিগ্রাফ তো পন্টিং-যুগেরই শেষ দেখছে, ‘আমাদের সমস্যা আক্রান্ত নেতার এই কি শেষ!’ ওদিকে অধিনায়ক হিসেবে নিজের ভবিষ্যৎ নিয়ে গতকালই অস্ট্রেলিয়ার নির্বাচকদের সঙ্গে আলোচনা করার কথা রিকি পন্টিংয়ের।অস্ট্রেলিয়াজুড়ে যখন শুধুই হাপিত্যেশ, ইংল্যান্ডের ক্রিকেটারদের ঘিরে চলছে স্তুতি আর প্রশস্তি। প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনও ইংল্যান্ড দলকে পাঠিয়েছেন শুভেচ্ছা বার্তা, ‘ইংল্যান্ড দল ও অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসকে অভিনন্দন। প্রায় পোয়া যুগ পর অ্যাশেজ ফিরে পাওয়া বিশেষ একটা ব্যাপার।’বিশেষ এই অর্জনের জন্য বিশেষ প্রশংসা পেতে পারেন জোনাথন ট্রট আর টিম ব্রেসনান। অপরাজিত ১৬৮ রান করে ইংল্যান্ডের ইনিংস ব্যবধানে জয়ের ভিত্তি পাকা করেছিলেন ট্রটই। ম্যাচ-সেরার পুরস্কারটা উঠেছে তাঁর হাতেই। আর অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ২১.৪ ওভার বল করে ৫০ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন ব্রেসনান। তথ্যসূত্র: এএফপি, রয়টার্স, ওয়েবসাইট।